একদিন শিলাইদহে
শিলাইদহে কুঠিবাড়ির গেটে এসে গাড়ি দাঁড়াতে না-দাঁড়াতেই অর্ক লাফিয়ে ওঠে, ‘মন্টু মামা, ওই যে রবিঠাকুর!’আঙুল তুলে দেখায়, ‘ওই যে দাঁড়িয়ে।’তার পরই দে ছুট। মোটেই তর সইছে না ওর। যেন রবীন্দ্রনাথ হাতছানিতে ডাকছেন। কাজেই একটুও দেরি করা চলবে না। সবাইকে ছেড়ে এক দৌড়ে সে পৌঁছে যায় রবীন্দ্রনাথের কাছে। কুঠিবাড়ির প্রাঙ্গণে স্থাপন করা শ্বেতপাথরের রবীন্দ্রমূর্তির পাশে দাঁড়িয়ে ফিকফিক করে হাসে এবং সগর্বে ঘোষণা করে, ‘সবার আগে আমি ছুঁয়ে দিয়েছি।’মন্টু মামা কাঁধের ক্যামেরা নামিয়ে রবীন্দ্রনাথের পাশে দাঁড়ানো ভাগনের একটা সহাস্য ছবি তুলে নেয়। মাত্র তিন বছরের বড় বোন অর্চি একেবারে বড় মানুষের মতো করে বলে, ‘শুধু ছুঁয়ে দিলেই হবে!’ততক্ষণে অর্চিও রবীন্দ্রভাস্কর্যের পাশে দাঁড়িয়ে যায়। আবারও জ্বলে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। অর্ক ড্যাবডেবে চোখে বোনের দিকে তাকিয়ে বলে, ‘তাহলে কী করতে হবে?’অর্চি খুব গাম্ভীর্যের সঙ্গে জানায়, ‘রবীন্দ্রনাথকে চিনতে হবে, জানতে হবে, বুঝেছ, বুদ্ধু!’এই ‘বুদ্ধু’ বলে গাল দেওয়াটা একদম সহ্য করতে পারে না অর্ক। ক্লাস এইটের ছাত্রী যদি ‘বদন’ মানে না জানে, তাহলে বুদ্ধুটা কে? অর্কদের ক্লাসটিচার সাবিনা ম্যাডাম সেদিন হঠাৎ জাতীয় সংগীতের অর্থ বোঝাতে গিয়ে জিজ্ঞেস করেন, ‘বদন মানে কী?’ আবার সূত্রও ধরিয়ে দেন, ‘মা, তোর বদনখানি মলিন হলে...।’ অর্ক বাসায় ফিরে অর্চির কাছে অর্থ জানতে চায়। উত্তরের বদলে সে দেয় ধমকানি, ‘ভারি পণ্ডিত হয়েছ, বুদ্ধু কোথাকার!’ অর্ক সেদিন কথা-কাটাকাটি করলেও এখন মা ও মন্টু মামাকে হাসতে দেখে নিজেকে গুটিয়ে নেয়। এ ছাড়া আরও একটা কারণ আছে। বলতে গেলে অর্চির পীড়াপীড়িতেই এবারের এই শিলাইদহ ভ্রমণ সম্ভব হয়েছে। কুষ্টিয়ায় নানাবাড়ি, তবু রবিঠাকুরের কুঠিবাড়ি দেখা হয়নি। এ জন্য কবে নাকি প্রিন্সিপাল আপা তাকে খুব লজ্জা দিয়েছেন। গরমের ছুটিতে নানাবাড়ি এসে তাই সে মন্টু মামার কাছে ঝুল ধরে, ‘শিলাইদহ যাব। জর্দামাখা পান মুখে দিয়ে নানিবুড়ি অবাক কণ্ঠে শুধান, ‘অমা! সিখানে আবার কিডা আছে? কার বাড়ি যাবা?’অর্চি ও অর্ক হেসে গড়িয়ে পড়ে।মন্টু মামা তার মাকে বুঝিয়ে বলে, ‘রবীন্দ্রনাথের বাড়ি।’নানি তাকিয়ে থাকেন ছেলের মুখের দিকে। মন্টু মামা আবার বলে,‘নাম শুনেছ রবিঠাকুরের? কবি রবীন্দ্রনাথ ঠাকুর।’প্রথমে ঘাড় নেড়ে সম্মতি জানান নানি। তারপর পানের পিক ফেলে সবাইকে অবাক করে জানান, ছোটবেলায় মুখস্থ করা পদ্য তাঁর এখনো মনে আছে; সেই পদ্য বেশ খানিক শুনিয়েও দেন, ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে...’।অর্চির মা হেসে বলে, ‘আমার মাকে কী মনে করিস তোরা! সেই কবেকার ফাইভ পাস মানুষ; এখনো কবিতা মনে আছে, দেখেছিস?’যা হোক, মন্টু মামা রাজি হয়ে যায় শিলাইদহ ভ্রমণের প্রস্তাবে। ভাগনেদের ঢাকায় ফিরে যাওয়ার আগে সে ব্যবস্থা করেও ফেলে। কেবল একটু দুঃখ করে, ‘আর কিছুদিন আগে যদি আসতিস! পঁচিশে বৈশাখে, মানে রবীন্দ্রনাথের জন্মদিনে বিশাল অনুষ্ঠান হয়ে গেল। কত মানুষ যে এসেছিল এবার! বাব্বা! কত শিল্পী, কত কবি!’তো, সেই শিলাইদহ ভ্রমণের দিন নির্ধারণ হয়ে যাওয়ার পর অর্ক ও অর্চির মধ্যে শুরু হয় প্রবল রবীন্দ্রচর্চা। রবীন্দ্রনাথের কাঁধে ভর করে কে কাকে কতটা হারিয়ে দিতে পারে, তারও একটা অঘোষিত প্রতিযোগিতা চলে। বিচারক মন্টু মামা কুষ্টিয়া কলেজের ছাত্র। এদের তথ্যভান্ডার কতটুকুই বা সমৃদ্ধ হতে পারে? তবু কবির জন্ম-মৃত্যু, নোবেলপ্রাপ্তির সাল, মা-বাবা কিংবা স্ত্রীর নাম, সন্তানসংখ্যা এবং তাঁদের নাম—এসব ব্যক্তিগত বৃত্তান্তের যতটুকু তাদের আয়ত্তে আছে, সেই বৃত্তে তারা সাধ্যমতো ঘুরপাক খায়। মন্টু মামা ধরিয়ে দিলে কখনো বা রবীন্দ্রনাথের সৃষ্টিসম্ভারের মধ্যেও উঁকি দেয়। তখন অর্ককে রাগানোর জন্য অর্চি প্রস্তাব রাখে, ‘ওর নামটা বদলে ফটিক রাখলে হয় না, মামা?’এ নামটা একদম পছন্দ করে না অর্ক। কিন্তু কে এই ফটিক? অর্চির প্রস্তাবের জবাব না দিয়ে মন্টু মামাকে শোনাতে হয় ছুটি গল্পের ফটিকের কাহিনি। শেষে বলেই ফেলে, ‘ফটিক হতে হলে ওকে যে মামাবাড়িতেই থাকতে হবে!’মামাবাড়ি থাকতে রাজি কি না, সে প্রশ্নের জবাব দেওয়ার আগেই ফটিকের দুঃখে অর্ক হঠাৎ ফুঁপিয়ে ওঠে। অর্ককে ছেড়ে মন্টু মামা তখন লাগে অর্চির পেছনে। বলে রবীন্দ্রনাথের কৃষ্ণকলির কথা। শিলাইদহে বসে লেখা কবিতা। আবার গানও বটে, ‘কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক...’। মন্টু মামা জানায়, ‘শিলাইদহে গিয়ে যদি কৃষ্ণকলিকে খুঁজে না পাই, তাহলে আমাদের অর্চিই হবে কৃষ্ণকলি।’অর্চি রাগ দেখায়, ‘আমি কি ততই কালো, মামা!’শিলাইদহে আসার পর কৃষ্ণকলিকে খুঁজে বের করার কথা কারও মনে পড়ে না। দোতলা কুঠিবাড়িটায় ঘুরেফিরে দেখে। কতগুলো যে জানালা-দরজা! অর্ক একবার গুনে দেখারও প্রস্তাব দেয়। মন্টু মামা হেসে উড়িয়ে দেয়; বলে, ‘এই দেখ, নৌকা দেখে যা। রবিঠাকুর নাম দিয়েছেন “পদ্মাবোট”।’ নৌকা দেখে অর্ক হেসে ওঠে, ‘নৌকা তো উঠেছে দোতলায়, নদী কই, মামা?’‘নদী!’ মন্টু মামা মন খারাপ করে জানায়, ‘নদী তো ছিলই। রবীন্দ্রনাথের গোরাই। সে এখন পালিয়ে গেছে। মানে শুকিয়ে গেছে। সরে গেছে।’দোতলায় ঘুরতে ঘুরতে নকশা করা কাঠের পালকির ওপর নজর পড়ে অর্চির। স্থান-কাল ভুলে সে উঁচু গলায় মাকে ডাকে, ‘পালকি দেখতে এসো, মা।’মা এসে পালকি দেখে। সেই কোন কালে তৈরি, তবু কত সুন্দর এখনো। একসময় মা হেসে বলে, ‘তোর খুব পছন্দ, অর্চি?’অর্চি ঘাড় দোলায়। মা বলে, ‘এখন তো এসব পাওয়া যায় না। নইলে পালকিতে চড়িয়ে তোর বিয়ে দিতাম!’অর্চি রেগেমেগে দপদপ করে পা ফেলে নিচে নেমে যায়। অর্ক এগিয়ে আসে মায়ের কাছে। শাড়ির আঁচল ধরে প্রস্তাব দেয়, ‘আমি একটা কবিতা বলব, মা?’বুকের মধ্যে জড়িয়ে অনুমতি দেয় মা। অর্ক শুরু করে, ‘মনে করো, যেন বিদেশ ঘুরে/ মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।/ তুমি যাচ্ছ পালকিতে, মা, চড়ে।/ আমি যাচ্ছি রাঙা ঘোড়ার ’পরে/ টগ্বগিয়ে তোমার পাশে পাশে...।’কবিতা শেষ না হতেই ছেলের মাথায় হাত রেখে মা বলে, ‘তুই বুঝি সেই বীরপুরুষ?’রবীন্দ্রনাথের ‘বীরপুরুষ’ কবিতার ছন্দে ছন্দ মিলিয়ে মন্টু মামা এতক্ষণে বলে, ‘সন্ধে হলো, সূর্য নামে পাটে,/ চল সকলে ফিরি আপন বাটে।’ হা হা করে হেসে শুধায়, ‘বাটে মানে জানিস তো?’অর্ক বলে, ‘বাড়ি!’