একরত্তি মেয়ের এত্ত খাওয়া!
প্রতি সপ্তাহে ১৪ কেজি চালের ভাত খায় সে। খায় আট কেজি আলু। আরও খায় আট কেজি মাছ ও শ দুয়েক কলা। এ ছাড়া কত কেক মিষ্টি আর বিস্কুট যে খায়, এর কোনো হিসাব নেই। খাবারের এই হিসাব শুনে তোমরা হয়তো ভাবছ, মস্ত কোনো পালোয়ান সে। মোটেও তা নয়। মাত্র ছয় বছরের এক শিশু। নাম সুমন খাতুন। বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক গ্রামে। সুমন খায় যেমন শরীরও তেমনি। এরই মধ্যে ৯০ কেজির কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে ওজন। সমবয়সীদের গড় ওজনের চেয়ে পাঁচ গুণ বেশি তার ওজন। উচ্চতাও কম নয়। তিন ফুট পাঁচ ইঞ্চি। সুমনের মা বেলি বিবি (৩২) জানান, সুস্বাস্থ্য নিয়ে জন্মেছে তাঁর মেয়ে। নবজাতক সুমনের ওজন ছিল চার কেজির ওপরে। জন্মের পর থেকেই সুমনের খিদে ছিল খুব বেশি। তারপর দিন যত গড়িয়েছে, তার খিদেও তত বেড়েছে। বেলি বিবি বলেন, ঠিক কতটা খাবারে সুমনের পেট ভরবে, তা তিনি নিজেও জানেন না। কারণ বাড়িতে একগাদা খাবার খেয়েও পাড়াপড়শিদের কাছে খাবারের জন্য হাত পাতে সে। তিনি বলেন, ‘সারাক্ষণই ওর খিদে থাকে।আর খাবার না পেলে কান্না শুরু করে। মেয়ের কষ্ট আমি সইতে পারি না। এ জন্য যখনই ও খেতে চায়, ওকে খাবার দিই।’ সুমনের বাবা জালাল (৩৮) কৃষক। তিনি যে আয় করেন, প্রায় পুরোটাই যায় মেয়ের খাওয়ার পেছনে। এতে খাওয়া নিয়ে কষ্ট পোহাতে হয় পরিবারের অন্য সবার। সুমনের মুখের দিকে তাকিয়ে তাঁরা মেনে নেন এই কষ্ট। জালাল বলেন, ‘মেয়ের যে পরিমাণ দুধ প্রয়োজন, তা কেনার সাধ্যি নেই আমার। ওর দুধের অভাব ভাত দিয়ে মেটানোর চেষ্টা করি।’এক সকালেই দুবার নাশতা করে সুমন। সকাল সাতটার দিকে প্রথম নাশতায় সে ২০টি বিস্কুট ও ১২টি কলা খায়। সাড়ে নয়টার দিকে দ্বিতীয় দফা নাশতায় খায় গোটা পাঁচেক ডিম ও দুই থালা ভাত। দুপুরের আগে এক দফা জলখাবার দিতে হয় মেয়েটিকে। এ সময় সে ১৫টি বিস্কুট, ১০টি কলা ও এক থেকে দুই প্যাকেট চিপ্স খায়। দুপুরে খায় দুই থালা ভাত, দুটি ডিমের অমলেট ও দুই বাটি মাছ ও আলুর তরকারি। বিকেলে সে খায় ১০টি মিষ্টি, ১৫টি বিস্কুট, ১০টি কলা ও দুটি চিপ্স। রাতে আবার দিতে হয় দুই থালা ভাত, মাছ ও আলুর তরকারি এবং টমেটোর চাটনি। বেশি খাওয়ার কুফল এর মধ্যে দেখা দিয়েছে। চলাফেরায় খুব কষ্ট সুমনের। এক-দেড় মিনিট হাঁটলেই হাঁপিয়ে যায় ও। ওদের পারিবারিক চিকিৎসক সুবোধ বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুমনকে ওর বাবা-মা যেভাবে বেশি করে খাওয়াচ্ছেন, তা খুব ঝুঁকিপূর্ণ। এ ব্যাপারে এখনই তাঁদের সাবধান হওয়া উচিত। খাবার কমিয়ে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে ওর স্বাস্থ্য। তা না হলে যেকোনো সময় হূদেরাগে আক্রান্ত হতে পারে মেয়েটি। শরিফুল ইসলাম ভূঁইয়াওয়েবসাইট অবলম্বনে