এত্তটুকুন বানর
বানর মানেই সদাচঞ্চল এক প্রাণী। হরদম ওদের ছুটোছুটি আর লাফঝাঁপ সবার নজর কেড়ে নেয়। ওদের মজার কাণ্ডকারখানা সবাইকে তাক লাগিয়ে দেয়। এই বানরকুলে সবচেয়ে ছোটটি হচ্ছে ‘পিগমি মারমোজেট’। সহজ বাংলা বললে ‘এত্তটুকুন বানর’। দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে ওদের বাস। আকারে ওরা এতই ছোট যে একজন পূর্ণবয়স্ক মানুষের একটি আঙুল আঁকড়ে ধরে অনায়াসে থাকতে পারবে একটি পিগমি বানর। শরীরের গড় দৈর্ঘ্য সাড়ে চার থেকে ছয় ইঞ্চি। লেজটি আবার সাত থেকে নয় ইঞ্চি লম্বা হয়ে থাকে। ওজন হয়ে থাকে চার-পাঁচ আউন্স। একটি বড় কমলার চেয়েও ওরা আকারে ছোট। কলা পেড়ে খাবে কি, কলার ওপর চড়ে বসে খায় ওরা!গায়ের রং বিভিন্ন রকমের হয়ে থাকে পিগমি বানরের। কারও গায়ের রং ধূসর-বাদামি। এর ওপর আবার হলুদ ছোপ। কারও গায়ের রং তামাটে। এর ওপর আবার হালকা ফুটকি দেখা যায়। ওদের গায়ের রোম ঘন ও লম্বা হয়ে থাকে। মুখে অন্য সব বানরের মতো রোম নেই। পাখির মতো কিচিরমিচির করে নিজেদের মধ্যে ভাব বিনিময় করে ওরা।পিগমি বানর দল বেঁধে গাছে বাস করে। একটি দলে সাধারণত চার থেকে ১৫টি সদস্য থাকে। একসঙ্গে কয়েকটি করে বাচ্চা দেয় ওরা। এক থেকে দেড় বছরের মধ্যে বাচ্চাগুলো বড় হয়ে যায়। মা ও বাবা-বানর উভয়ই বাচ্চা লালন-পালন করে। তীক্ষ দাঁত, লম্বা নমনীয় আঙুল ও ধারালো নখ পিগমি বানরের শারীরিক সম্পদ। সাধারণত গাছের লতাপাতা, রস, ছাল-বাকল, ফুল, মধু, পোকামাকড় ও ফলপাকড় খেয়ে বাঁচে ওরা। আয়ু ১৫ থেকে ২০ বছর।ওয়েবসাইট অবলম্বনে শরিফুল ইসলাম ভূঁইয়া