এবং ভয়ংকর
একমনে হুমায়ূন আহমেদের ভূত সমগ্র পড়ছিলাম। তখন বেলা দুটা বাজে। আম্মু এসে বললেন, তিনি ভাইয়ার সঙ্গে ডাক্তারের কাছে যাচ্ছেন, আমি যেন বাসায় থাকি। ভালোভাবে যেন দরজা বন্ধ করি এবং সঙ্গে আরও ১০টি নির্দেশনা দিলেন। আমি সুবোধ বালিকার মতো ভালো করে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়তে লাগলাম। ভয়ংকর সব গল্প! ভয়ও লাগছে আবার পড়তেও ইচ্ছা করছে। খানিকটা ঘুমও পাচ্ছে। এদিকে সন্ধ্যা হয়ে গেল, আম্মুদের আসার কোনো খবরও নেই।বলা নেই কওয়া নেই, বিদ্যুৎও চলে গেল। দেরি না করে ঝটপট আম্মুকে ফোন করলাম। ফোন ধরল এক রাশভারী পুরুষকণ্ঠ। কেমন বিশ্রীভাবে বলে উঠল, ‘ক্যাডা?’ শুনে তো আমার জান বের হওয়ার জোগাড়। বোকার মতো হুট করে লাইন কেটে দিলাম। এর পরই মনে হলো—আরে, মোবাইল ফোনটা ছিনতাই হয়ে গেল না তো! সঙ্গে সঙ্গে আবার ফোন করলাম, বন্ধ। অন্ধকারে ভয়ে-উৎকণ্ঠায় আমার জানটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। আলো জ্বালানো দরকার কিন্তু চার্জলাইটটা তো বড় রুমে। মনে পড়ল, দিনের বেলায় ওটাতে চার্জ দেওয়া হয়নি। ঘুটঘুটে অন্ধকার কক্ষে আমি একা। মনে হচ্ছে, এখনই সাদা পোশাক পরা ভয়ংকর কোনো বুড়ো ভূত আমার সামনে এসে দাঁত বের করে বিটকেলে হাসি হেসে উঠবে। খুবই পিপাসা পেয়েছে। সব সময় পানিভরা বোতল থাকে আমার ঘরে। কিন্তু এমনই কপাল যে আজ নেই। এদিকে পানি না খেলেই নয়। একবুক সাহস নিয়ে মোবাইল ফোনসেটের আলো দিয়ে কোনো রকমে ডাইনিংরুমে গিয়ে পৌঁছলাম। জগেও পানি থাকবে না নির্ঘাত। প্রচণ্ড শঙ্কা নিয়ে দুই চোখ বন্ধ করে দুই হাত দিয়ে জগটা তুলে ধরলাম। যাক, জগটা ভরাই মনে হলো। ঝটপট এক গ্লাস পানি নিয়ে খেয়ে নিলাম, কিন্তু মনে হলো কিছুই খাইনি। আরেক গ্লাস পানি নিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে এল। থ্যাংকস গড! ও মা, গ্লাসের দিকে তাকিয়ে দেখি এক গ্লাস রক্ত। বেসিনে গিয়ে প্রচণ্ড শব্দে ওয়াক ওয়াক করে বমি করতে লাগলাম। এরই মধ্যে হঠাৎ আম্মুর ডাক। রোজ, রোজ! কী ব্যাপার এই অবেলায় ঘুমাচ্ছিস কেন? দরজাটাও তো খোলা ছিল। দরজা লাগাতে বলে গেলাম না? আমি চোখ মেলে অপ্রকৃতিস্থের মতো বললাম, জানি না তো...! চতুর্থ শ্রেণী, ভিকারুননিসা নূন স্কুল, ঢাকা।