অপ্রস্তুত অবস্থায়ও অনেক সময় জাদু দেখানোর জন্য আবদার করে বসেন কেউ কেউ। আবার এও সত্যি, যেকোনো পরিস্থিতিতে জাদু দেখাতে পারলে নিজেরও কিন্তু ভালো লাগে বেশ। কথা কয়টি মাথায় রেখেই আজকের আয়োজনে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি এমন একটি জাদু, ভালোভাবে চর্চা করলে তোমরাও কিন্তু এই জাদু দেখিয়ে সহজে অবাক করে দিতে পারো যে কাউকেই।জাদুকর যা দেখাচ্ছেনডান হাতে পকেট কিংবা টেবিলের ওপর থেকে কলমটি হাতে নিলেন জাদুকর। দর্শকদের উদ্দেশ করে বললেন, ‘কলমটি নেহাতই সাধারণ। চাইলে আপনারাও এটি একবার করে পরীক্ষা করে দেখতে পারেন।’ বলেই হাতের কলমটি কয়েকজন দর্শককে দিয়ে পরীক্ষা করিয়ে নিলেন তিনি। ফেরত নিয়ে কলমটি ডান হাতের তর্জনী ও বৃদ্ধাঙুলের সাহায্যে মাঝামাঝি জায়গায় ধরে (চিত্র-১ অনুযায়ী) ওপরে-নিচে করে নাড়াতে থাকলেন। আর দর্শকও অবাক বিস্ময়ে দেখল, জাদুকরের নাড়াতে থাকা কলমটি কেমন যেন নরম আর নমনীয় হয়ে গেছে।পেছনের জাদুকৌশলটা কিন্তু কিছুই নয়—খুবই সাধারণ। ছবিতে কলমটি যেভাবে ধরা হয়েছে, তুমিও একইভাবে একটি কলম ধরো এবং হাতটি ওপরে-নিচে এমনভাবে নাড়াতে থাকো। দেখবে, আপনাতেই কলমটি কেমন নরম আর নমনীয় হয়ে যাবে।বিষয়টি আসলে দৃষ্টিবিভ্রম ছাড়া আর কিছুই নয়। সুতরাং, ভালোভাবে, খুব ভালোভাবে চর্চা করে তুমি যদি জাদুটি দেখাতে পারো, নিশ্চিত জেনো, তোমার দর্শকেরা দৃষ্টিবিভ্রমের বিষয়টি সহজে আঁচ করতে না পেরে এটিকে জাদু ভেবেই অবাক হয়ে যাবে।কি, তোমরাও বুঝি অবাক বিস্ময়ে ভাবছ, এ কেমন জাদু!