ওই দিকে আর যাচ্ছিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

ওই দিকে আর যাচ্ছিনে

ফারুক নওয়াজ

গাঁয়ের ছড়া লিখব কী, ছড়া লিখিনি তিন বছর

ভুলেই গেছি রাস্তাটা, কেমন করে চিনব ঘর।

ঘরের পাশে গাছ ছিল, ঝোপঝোপানো মিনজিরি

পুবদিঘিতে মাছ ছিল, শেওলাপড়া তিন সিঁড়ি।

চারচারটা ঝাউগাছে বইলে হাওয়া সন্ধ্যাতে

উদাস-মুদাস ভাব এসে দোল জাগাত মনটাতে।

দুদিক জুড়ে বন ছিল, ভরদুপুরে ডাকত সে

মা ঘুমালে দৌড় দিতাম, অঙ্ক খাতায় আঁক কষে।

দিঘির ওপার মাঠ বিশাল, শর্ষে কলাই তিল তিসির

শীতের ভোরে দূর্বাতে ঝলমলাতো নীল শিশির।

রাতফুরোতেই লালমোরগ ঘুম ভাঙাতে বাক দিত

কুশরবনে সাঁঝবেলায় ধূসর শেয়াল হাঁক দিত।

মাঠের শেষে গাঙ ছিল, নামটি গাঙের দুধকুমার

পূর্ণিমাতে মাঝরাতে ছলছলাত ঢেউরা তার।

ওপার দিত হাতছানি, জুঁই-শ্যামাদের গ্রাম দুটি

দৃষ্টিজুড়ে দূর আকাশ রাখত টেঙে তাম্বুটি।

এলাম বুঝি পথ ভুলে, সামনে ফাঁকা চর ধুধু

উড়ছে ফিঙে কাশবনে, ছড়িয়ে আছে খড় শুধু।

গ্রামে আসিনি বিশ বছর, সেই সুযোগে সব লোপাট

বসতবাড়ির নেই টিকি, গজিয়ে আছে কলমি-ভাঁট।

লিখব ছড়া কী নিয়ে, লেখার কিছুই পাচ্ছিনে

কী আর করি যাই ফিরে, ওই দিকে আর যাচ্ছিনে।

অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

রাজিন ছবি লেখে

আমীরুল ইসলাম

শরৎকালের আকাশ

কিছু শাদা–কালো মেঘ

ওড়াউড়ি করে

ঘোরাঘুরি করে।

একটা মেঘ রবিঠাকুর

একটা মেঘ লালন সাঁই।

রবি বলে, এই আকাশে

কোথায় যাই?

লালন বলে, ঠাঁই নাই

ঠাঁই নাই।

তখন দুপুর

জানালা দিয়ে

আকাশ দেখে রাজিন।

কত মেঘ!

মেঘেদের উঁকিঝুঁকি।

একটা হাতি

একটা খুকি।

একটা শাদা–কালো পাখি

মেঘের দেশে কত আঁকাআঁকি!

রাজিন ভাবে আর দ্যাখে

দ্যাখে আর ছবি লেখে।

মেঘে মেঘে কত ছবি!

ওই যে রবি কবি

ওই যে নজরুল

তুলি হাতে জয়নুল।

এক যে সোনালি ফুলের গাছ

বাতাসে পাখির নাচ।

শাদা কাশবন

দূরের ঘাসবন।

নদীর ঢেউয়ের ছলোছল

মায়ের চোখের জল।

মেঘ ভাসে

ছবি হাসে।

রাজিন ছবি লেখে

রাজিন ছড়া আঁকে।

মেঘে মেঘে কাটুম কুটুম

রাজিনের বারান্দায়

মেঘ নেমে আসে।

তখন শরৎকাল

ঘাসে ঘাসে ফুলেরা হাসে

মেঘেরা হাসে।

রাজিন ছবি লেখে

রাজিন ছড়া আঁকে।

নিমন্ত্রণ

রমজান মাহমুদ

মঙ্গলে তার বাড়ি আছে

গাড়ি আছে

হাঁড়ি আছে

আর—

একটু বাঁচার যা কিছু দরকার

সবই আছে তার।

জল রয়েছে

ফল রয়েছে

গাছ রয়েছে

মাছ রয়েছে

আর—

মানুষ আছে হাজারে হাজার।

ধুলো আছে মাটি আছে

কুলো আছে পাটি আছে

বায়ু নাচে কাছে কাছে

আর—

একটা ছোট খাট আছে লোকটার।

লোকটা সেদিন বলে,

‘রইল দাওয়াত সবার প্রতি

আমার শ্রীমঙ্গলে।’