ওদেরও আছে মায়ার বাঁধন
প্রাণিজগতে সবচেয়ে বুদ্ধিমান মানুষ। মানুষের বিচারবুদ্ধি আছে। সমাজে প্রচলিত কিছু নির্দিষ্ট রীতিনীতি মেনে চলে তারা। একে অপরের বিপদে পাশে দাঁড়ায়। মমতার টানে পরস্পরের উপকার করে তারা। অন্য প্রাণীর মধ্যেও কি মানুষের মতো মমত্ববোধ কাজ করে? একে অপরের বিপদে বুক পেতে দেয়? বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, যেসব স্তন্যপায়ী প্রাণী দলবদ্ধ হয়ে বাস করে, তাদের মধ্যে কিছু প্রাণী একে অপরের বিপদে এগিয়ে যায়। তারাও অন্যের প্রতি এক ধরনের টান অনুভব করে।কলোরাডো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মার্ক বেকফ প্রাণীর আচরণবিষয়ক বিশেষজ্ঞ। তিনি জানান, একবার তিনি দেখতে পান, দুটি বুনো শেয়াল একে অপরের মুখোমুখি হলো। এ সময় একটি অপরটিকে গিয়ে থাবা মারল। এটি হামলা নয়, দুষ্টুমি। কিন্তু অপর শেয়ালটি আকারে ছোট হওয়ায় বড়টির থাবা তার গায়ে জোরে লেগে যায়। এতে সে রুষ্ট হয়। বড়টিকে এড়িয়ে দৌড়ে চলে যেতে থাকে সে। তখন বড় শেয়ালটি দৌড়ে গিয়ে শুয়ে পড়ে ছোটটির সামনে। মাটিতে গড়াগড়ি দিয়ে বোঝাতে থাকে, আমার বড্ড ভুল হয়ে গেছে। আর জোরে মারব না। দয়া করে আমাকে ছেড়ে যেয়ো না। এসো, আমরা দুজনে খেলি। বড়টিকে ক্ষমা করে দেয় ছোটটি। এবার আগে আলতো করে থাবা মারে বড় শেয়াল। ছোটটিও একইভাবে থাবা চালায় বড়টির গায়ে। তারপর জমে ওঠে দুই শেয়ালের খেলা।আফ্রিকার প্রাণী বিশেষজ্ঞ গেজা তেলেকি একবার হেঁটে বেড়াচ্ছিলেন তানজানিয়ার গোমবি ন্যাশনাল পার্কে। গভীর মন দিয়ে একদল শিম্পাঞ্জির আচরণ পর্যবেক্ষণ করছিলেন তিনি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন তিনি। একসময় প্রচণ্ড খিদে পেল তাঁর, কিন্তু সঙ্গে খাবার নেই। কী করা যায়? খানিক পর একটি গাছে কিছু বুনো ফল দেখতে পেলেন তিনি। একটি ডাল কুড়িয়ে এনে গাছ থেকে ফল পাড়ার চেষ্টা করলেন, কিন্তু নাগাল পেলেন না। এমন সময় ঘটে গেল অভাবনীয় এক মজার কাণ্ড। আশপাশে বিচরণ করতে থাকা কয়েকটি শিম্পাঞ্জি চট করে উঠে গেল গাছে। পটাপট ফল ছিঁড়ে ছুড়তে লাগল নিচের দিকে। শুরুতে চমকে গেলেন গেজা। শিগগিরই টের পেলেন, শিম্পাজিগুলো এসব ফল তাঁকে লক্ষ্য করে ছুড়ছে না। বেশ খানিকটা দূরে ফেলছে। তিনি বুঝতে পারলেন, তাঁকে ফল দিয়ে সাহায্য করছে ওরা।এটি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ঘটনা। লিন্ডা গুসটাফসন নামে এক মহিলার বাড়িতে দুটি পোষা প্রাণী রয়েছে। একটি শ্যামিজ বেড়াল, অন্যটি স্পেনিয়েল জাতের কুকুর। বিড়ালের নাম টবি। কুকুরের নাম কেটি। প্রতিদিন রাতে খাওয়ার পর এঁটোকাঁটা যা বাঁচে, তা বিড়াল ও কুকুরকে সমান দুই ভাগ করে দেন লিন্ডা। কুকুরকে খাবার দেন মেঝেতে রাখা একটি বাটিতে। আর বিড়ালটিকে খাবার দেন রান্নাঘরে একটি তাকের ওপর। কুকুর যাতে টবির খাবারে ভাগ বসাতে না পারে, এ জন্য এই ব্যবস্থা। কিন্তু দেখা গেল, কেটি গিয়ে যে-ই রান্নাঘরের তাকে নিচে দাঁড়িয়ে কুঁইকুঁই করছে, অমনি তাকের ওপর থেকে খাবার ফেলছে টবি। কেটি যখনই যায়, তখনই তাকে এভাবে খাবার দেয় টবি। কেটির প্রতি এতই টান টবির।মন্টানার বন্য প্রাণী বিশেষজ্ঞ তেহান অস্টোভার তাঁর এক বিচিত্র অভিজ্ঞতার কথা বলেছেন। কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল পার্কে একবার এক বুনো হাতি এসে আটকা পড়ল ফাঁদে। ফাঁদে শুঁড় আটকে গিয়েছিল তার। উদ্ধার করার পর দেখা গেল, তার শুঁড়ের ডগায় জখম হয়েছে। এতে সে খাবার খেতে পারত না। এ সময় ওই পার্কের বাসিন্দা এক হাতি মুখে করে খাবার নিয়ে আহত হাতিটিকে খাইয়েছে। সেরে না ওঠা পর্যন্ত বন্ধু হাতিটি বুনো হাতিকে একটানা এভাবে সহায়তা করেছে।ওয়েবসাইট অবলম্বনে শরিফুল ইসলাম ভূঁইয়া