ওরা কাজ করে ওরা স্কুলে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীল পানিতে ঘেরা ছোট্ট একটা দ্বীপ। ১২ বর্গমাইলের এই ছোট্ট দ্বীপে ওদের বাস। জীবন ওদের চলে কিছুটা মন্থর গতিতে। তাতে কী, জীবন তো চলে। আর এই জীবনে সূর্য ওঠে আবার সূর্য ডোবে। আরে, বুঝতে পারলে না! আমরা নীল পানি আর প্রবালবেষ্টিত সেন্ট মার্টিন দ্বীপের কথা বলছি। এখানে বড় মানুষের সঙ্গে আছে অনেক কচিমুখ। এদের কি ব্যস্ততার শেষ আছে? ওরা স্কুলে যায়। আবার কাজও করে অনেক।‘সেই বিন্না সরে উডি আটটা বাজে স্কুলে যাই, বেলা বারোডা বাজে আই পরথেই কাম করি।’ কথাগুলো কিন্তু আমার নয়, আলেফের। ওর বয়স আট বছর। এর মধ্যেই কাঁধে চাপিয়েছে ফেরি করা ঝাঁকা। বাড়ি বাড়ি ঘুরে পুরোনো মালামাল কেনে। কেনে, কিন্তু টাকা দিয়ে নয়। মাল ওজন করে তার বিনিময়ে দেয় বুটভাজা। এই পুরোনো ভাঙা মালামাল কী করো? কেন, টেননাফ (টেকনাফ) নিয়ে বেচি। আলেফের পাশেই রয়েছে মিজান, আলেফের বন্ধু। মিজান বলে, ‘তিন ক্লাস ফড়ি, বাপ মরি গেইয়ি। এহন কাম গড়ি।’ মিজানের বাড়িতে আছে মা আর বোন। ও কাজ করে, আবার সমানতালেই চালিয়ে যাচ্ছে পড়াশোনা।সকাল আটটায় সেন্ট মার্টিন প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের কাছে এসে শোনা গেল কিছুটা শোরগোল। সিঁড়ি ভেঙে ওপরে উঠে বোঝা গেল এটা শোরগোল নয়, বাচ্চারা পড়ছে। পাশাপাশি ছোট ছোট কয়েকটা কামরায় ওদের ক্লাস চলে। ছোট বেঞ্চিতে সবার বসার জায়গা মেলে না। তাই মেঝেতেই বসে পড়েছে অনেকে। আগে এলে বেঞ্চে বসা যায়। একটু দেরিতেই ক্লাসে ঢুকেছে কুলসুম। বাড়ির কাজ শেষ করে তবে স্কুলে এসেছে। সবাই চায় পড়াশোনা করে বড় মানুষ হবে ওরা। এক নিঃশ্বাসে ওরা শুনিয়ে দিল, ‘পড়াশোনা করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে।’ভালো খাতা বা কলম নেই বলে ওদের অত আফসোস নেই। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা একটু বেশিই ব্যস্ত। ওরা খুব আন্তরিক। ক্লাসরুমে ঢুকতেই সবাই ছুটে এসেছে নিজেদের পরিচয় দিতে। মিষ্টি মেয়ে কোহিনুর এগিয়ে এসে বলে, সে পাঁচ ক্লাসে পড়ে আর বড় হয়ে রমজান ডাক্তারের চেয়ে ভালো ডাক্তার হবে। রমজান সাহেব এই এলাকার ডাক্তার।দুই ক্লাসে পড়ে হালিমা। সে ‘ম্যাডাম স্যার’ হতে চায়। ম্যাডাম স্যার মানে কী? হালিমার ঝটপট উত্তর, কেন, ‘বেডি মাস্টার!’ হালিমা আর কী করে? স্কুল থেকে গিয়ে বাপের সঙ্গে দোকানে কাজ করে।সূর্যের তেজ কিছুটা কমে এলেই সমুদ্রসৈকতে পর্যটকেরা জড় হতে থাকেন। তখন তো স্কুল ছুটি। কেউ পর্যটকদের গাইড হিসেবে কাজ করে, কেউ বিক্রি করে প্রবাল, কেউ বা সাইকেল ভাড়া দেয়।বিকেলে সাইকেল ভাড়া দেয় মোরশেদ। মালিক কিন্তু সে নিজে নয়। মালিকের কাছ থেকে সে পায় ৩০ টাকা। জানতে চাই, টাকা দিয়ে কী করো? ‘মায়েরে কানের বালি বানাই দিতে মন চায়।’ মোরশেদ বলে। মাকে বড্ড ভালোবাসে সে। মা চান সে বড় মানুষ হোক। বড় মানুষ হতে সে স্কুলে যায়। ওরা বড় মানুষ হতে চায়। শারমিন নাহার