ওরা জানে ওরা পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্পটা শোনো। ওরা দুই শিশু। আহমেদ রুবাইয়াত্ আর ফারহান নাভিদ। রুবাইয়াতের বয়স একটু বেশি হলেও সেও শিশু। ওরা শিল্পী। ওদের আঁকা দেখলে কিন্তু তোমরা ওদের আর শিশু বলতে রাজি হবে কি না, আমার সন্দেহ আছে। এত ভালো আঁকে ওরা! ওরা পড়ে মোজাম্মেল হক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকল্যাণ পরিষদে। আমার তো মনে হলো না ওরা কম বোঝে বা কম পারে। এ দুই শিশুর আঁকা ছবির একটি প্রদর্শনীর আয়োজন করেছে ওই পরিষদ। প্রদর্শনীটি যারা দেখেছে, তারা স্বীকার করতে বাধ্য যে, ওরা পারে। ওরা যে পারে, সেটা ওরাও জানে। সেটাই দেখছি, ওদের প্রদর্শনীর শিরোনামে। ওরা ওদের এই চেষ্টাকে বলেছে, ‘আমরা ভিন্নভাবে সক্ষম’ (উই আর ডিফারেন্টলি অ্যাবল)।অনেক ছবিতে ওরা দুজনই গাঢ় রং ব্যবহার করেছে। কিন্তু দেখলে মনে হয় ওরা জানে, কতটা রং দিতে হবে। দেখতে ভালো লাগে। রুবাইয়াত উড়ন্ত পাখি এঁকেছে নানাভাবে। কাটা তরমুজ, ভাঙা শেকল, খাদ্যের খোঁজে হাঁস যেমন এঁকেছে, তেমনি একটা জানালাসহ পড়ো পড়ো একটা বাড়ির ছবিও সে এঁকেছে, মনে হবে কত পরিণত। ফারহান নিজেকে এঁকেছে চমত্কারভাবে। আছে নৌকা-মাছ, ফুল, পাতা, ব্যাঙ, কাটা তরমুজ, কাটা আপেল, ধান কাটা, টবের গাছ, নানা নকশা, নৌকা-নদী-বৃক্ষ কত কী! দেখলে চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়।রুবাইয়াতের জন্ম ১৯৮৩ সালে, ছবি আঁকছে ১৫ বছর ধরে। ফারহান ছবি আঁকছে তিন বছর ধরে। ওর জন্ম ১৯৯৮ সালে। এ প্রদর্শনীর কিছু ছবি বিক্রি হয়েছে। বিক্রির টাকা মোজাম্মেল হক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকল্যাণ পরিষদের ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় হবে।এ প্রদর্শনী আয়োজিত হয়েছিল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের লবিতে। ২৭ জুলাই থেকে ৩১ জুলাই। এই আয়োজনে সহযোগিতা করেছে এবি ব্যাংক, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক আর এসডব্লিউ মাল্টিমিডিয়া লিমিটেড।—জাফর রাশেদ