ওরাও বসে আঁঁকে
... তোমার চেনা রাস্তায়কাগজ কুড়িয়ে ভরে বস্তায়যে ছেলেটা রোজ একা চলে যায়...। সেও কি কোথাও বসে ছবি আঁঁকে?কারা রং আর খাতায় দেয় তাকে! —কবির সুমনআসলেই তো! আমাদের সামনে দিয়ে যে ছেলেগুলো রোজ কাগজ কুড়োয়, ইট ভাঙে, পাতা কুড়োয়, যাদের থাকার মত একটা ঘর নেই, পেটে দুবেলা খাবার নেই; তারা কি ছবি আকে? ওদের কি ছবি আঁকতে ইচ্ছে হয় না!ইচ্ছে হয়। আর কেউ যদি তাদের হাতে রং আর খাতা তুলে দেয়, তাহলে ওই ছেলেগুলোই আমাদের মতো সুন্দর সুন্দর ছবি আঁকতে পারে। ‘আমাদের মতো’ বলি কেন? বেঙ্গল গ্যালারিতে গিয়ে মনে হলো, আমাদের অনেকের চেয়ে ভালো, বড় শিল্পীদের মতো ছবি আঁকতে পারে তোমাদের এই সুবিধাবঞ্চিত বন্ধুরা।এই বন্ধুদের অসাধারণ সব ছবি দেখার সুযোগ করে দিল আসলে আইন ও সালিশ কেন্দ্র এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস। সুবিধাবঞ্চিত শিশু, মানে যাদের এই ছোট্ট বয়সেই নানারকম পরিশ্রম করে খাওয়া-পরা জোগাড় করতে হয়, তাদের জন্য নানা ধরনের কাজ করছে আইন ও সালিশ কেন্দ্র। তোমাদের এই বন্ধুদের লেখাপড়া, নাচ, গান, ছবি আঁকা শেখানোর জন্য ঢাকায় ছয়টি স্থায়ী কেন্দ্র আছে প্রতিষ্ঠানটির। আর সেখানেই নানা কাজের পাশাপাশি ছবি আঁকা শিখছে তারা। কেমন শিখছে? এই শিশুদের ছবি আঁকার শিক্ষক আলী আকরাম তরফদার একগাল হেসে বললেন, ‘কেমন ছবি আঁকে সে তো দেখতে পাচ্ছেন। এত সুন্দর ছবি, অনেকে বছরের পর বছর চর্চা করেও আঁকতে পারে না। আমি এটুকু বলতে পারি, এর ভেতর অনেকে আমার চেয়েও ভালো পোর্ট্রেট করে, ল্যান্ডস্কেপ তৈরি করে।’আলী আকরাম সাহেবের কথা সত্যিই মনে হলো আবদুল হালিম, মাহবুব হোসেনদের আঁকা ছবি দেখতে গিয়ে। কী সুন্দর সব পালতোলা নৌকা, নারকেলগাছে ছাওয়া নদীর পাড় কিংবা নীরব একটা গ্রাম! এমন দারুণ সব ছবি আঁকতে আঁকতে একটু একটু করে বদলেও যাচ্ছে এদের অনেকের জীবন। আইন ও সালিশ কেন্দ্রের এই উদ্যোগ থেকে পড়ালেখা শিখে অনেকে এখন জীবনটা বদলে ফেলেছে। বিএ, এমএ পাস করে গেছে অনেকে। আর পেশাদার ছবি আঁকিয়েও হয়ে উঠছে অনেকে। এই যেমন হালিমের কথা ধরা যাক। এ পাড়ায়, ও পাড়ায় গলিতে গলিতে মাথায় করে শাকপাতা বিক্রি করে জীবন কাটত তার। এই কেন্দ্রে এসে স্কুলে যাওয়া শিখেছে। নবম শ্রেণীতে পড়ে এখন সে। কিন্তু পড়ালেখা করলে খাওয়া-পরা চলবে কী করে?হালিম এখন তার সমবয়সীদের বা একটু ছোটদের বাড়ি বাড়ি গিয়ে ছবি আঁকা শিখিয়ে রোজগার করে। এভাবেই ছবি দিয়ে আয় করতে শিখে গেছে মাহবুব। সে এখন একটা স্কুলে বাচ্চাদের ছবি আঁকা শেখায়। ছবি ওদের শুধু শখ হয়ে থাকছে না, বদলে দিচ্ছে জীবনটাও। দেবব্রত মুখোপাধ্যায়