কত ঘুমায় রে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাড়ভাঙা খাটুনির পর শরীরটা একটু চাঙা করতে ঘুমের বিকল্প নেই। রাতে ঘুম ভালো না হলে ঝিমুনির মধ্য দিয়ে পুরো দিনটাই মাটি। ঘুম ভালো তো শরীর ঠিক। আর শরীর ঠিক থাকলেই কেবল সব কাজ সুন্দরভাবে করা যায়। কিন্তু দুনিয়ায় এমন কিছু প্রাণী আছে, তাদের প্রধান কাজই হচ্ছে ঘুম। তা কুড়ের হাড্ডিই বলো, আর অকর্মাই বলো, তাতে কিছু যায়-আসে না ওদের।বিরল প্রাণী কোয়েলা দিনের ২৪ ঘণ্টার মধ্যে ২২ ঘণ্টাই ঘুমিয়ে কাটায়। মাত্র দুই ঘণ্টা ওরা জেগে থাকে। এর মধ্যে খাওয়া-দাওয়া, চলাফেরা সব সারে। অস্ট্রেলিয়া আর তাসমানিয়ার উপকূলীয় এলাকায় দেখা যায় এই চারপেয়ে স্তন্যপায়ী প্রাণী। কোয়েলার একমাত্র খাবার ইউক্যালিপটাস গাছের পাতা।স্লথ। প্রাণীটির নামের মধ্যেই রয়েছে ঢিলেমি। দুনিয়ার সবচেয়ে অলস আর ধীরগতির প্রাণী ওরা। প্রতিদিন গড়ে ২০ ঘণ্টা করে ঘুমায় স্লথ। মধ্য ও দক্ষিণ আমেরিকার বৃষ্টিবনে ওদের বাস। মাঝারি আকারের এই স্তন্যপায়ী প্রাণীর ছয়টি প্রজাতি রয়েছে। ফলমূল, শেকড়বাকড়, লতাপাতা ওদের প্রধান খাবার। তবে মাঝেমধ্যে পোকামাকড়, ছোট আকারের গিরগিটি ও ছোটখাটো পাখিও সাবাড় করে। আরেক ঘুমকাতুরে প্রাণী আর্মাডিলো। প্রতিদিন গড়ে ১৯ ঘণ্টা ঘুমায় ওরা। যুক্তরাষ্ট্রের টেক্সাস, দক্ষিণ ক্যারোলাইনা ও ফ্লোরিডায় দেখা যায় স্তন্যপায়ী প্রাণীটিকে। এটি আজব এক প্রাণী। দেখলে মনে হবে বর্ম পরা একটা কিছু হেঁটে যাচ্ছে। এই প্রাকৃতিক বর্ম ওদের আত্মরক্ষায় বেশ কাজ দেয়।কানাডায় বাস করা অপসামও আর্মাডিলোর মতো একই সময় নিয়ে ঘুমায়। বাকি পাঁচ ঘণ্টা জেগে থাকে। মাদাগাস্কারের সুন্দর প্রাণী লেমুর প্রতিদিন গড়ে ১৬ ঘণ্টা করে ঘুমায়। গাছে বিচরণ করা এই প্রাণীর আচার-আচরণ অনেকটা বানরের মতো।হ্যামস্টার বলে পরিচিত এক ধরনের ইঁদুর প্রতিদিন গড়ে ১৪ ঘণ্টা করে ঘুমায়। মাটির নিচে গর্ত করে থাকে ওরা। এই গর্তেই কাটে বেশির ভাগ সময়। ইঁদুরের মতো কাটুসকুটুসে ওস্তাদ কাঠবিড়ালিও ঘুমে কম যায় না। ওরাও দিনের ১৪ ঘণ্টাই ঘুমিয়ে কাটায়। রাতে নাগালের মধ্যে ফলপাকড় যা আছে, সব সাফ করে দেয়। বিড়ালও খুব ঘুমকাতুরে। কোথাও একটুখানি নিরিবিলি জায়গা পেলেই ওরা ঘুমিয়ে নেয়। এভাবে দিনের ১৩টি ঘণ্টা পার করে দেয়। ঘুমে শূকরও বিড়ালের কাছাকাছি। পিঁপড়াখাদক এক প্রাণী আছে, যারা অ্যান্টইটার বলে পরিচিত, ওরাও ঘুমাতে খুব ভালোবাসে। ওরা দিনের অর্ধেকটা সময়, অর্থাৎ ১২ ঘণ্টা ঘুমিয়ে পার করে দেয়।  শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: সিইনফোপিডিও ডট কম