গোল্লা ভাইয়া, আশা করি ভালো আছ। আমিও ভালো আছি। বই পড়তে আমার খুব ভালো লাগে। তবে করোনাকালে বই পড়ার আগ্রহ আরও বেড়ে গেছে। এর পেছনে মাটিলডা সিনেমাটির বড় ভূমিকা আছে। আমি শুনেছি, রোয়াল্ড ডাল নামের বিখ্যাত এক লেখক ছিলেন। মাটিলডা তাঁরই লেখা গল্পের বই। সেই বই থেকেই সিনেমাটি বানানো হয়েছে।
করোনার উৎপাত শুরু হওয়ার দিকে মায়ের সঙ্গে বসে সিনেমাটি দেখেছিলাম আমি। তোমরাও নিশ্চয়ই বইটি পড়েছ অথবা সিনেমাটি দেখেছ। দেখে বা পড়ে থাকলে তো জানোই, মাটিলডা কত মজার। এই সিনেমা দেখার পর বইয়ের ব্যাপারে আমার আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে। এমনিতে মা–বাবা আমাকে সব সময় বই এনে দেন। করোনাকালেও দিয়েছেন। এ জন্য মা–বাবাকে অনেক অনেক ধন্যবাদ।
গত ছয় মাসে ছোট–বড় এবং বাংলা–ইংরেজি মিলিয়ে অনেকগুলো বই পড়েছি আমি। সবচেয়ে ভালো লেগেছে এমন বইয়ের মধ্যে আছে—
১. ঠাকুরমার ঝুলি (দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার) ২. টুনটুনির বই (উপেন্দ্রকিশোর রায়চৌধুরী) ৩. শেয়ালের চালাকি (লিয়েফ তলস্তয়) ৪. টগর অ্যান্ড জেরি (হুমায়ূন আহমেদ) ৫. টুকুনজিল (মুহম্মদ জাফর ইকবাল) ৬. নাসিরুদ্দিন হোজ্জার ১০০ গল্প, ৭. গুড্ডুবুড়া যেভাবে ঢাকাকে বাঁচিয়েছিল (আনিসুল হক), ৮. দেশ–বিদেশের উপকথা ৯. গোয়িং টু দ্য হসপিটাল (অ্যানি চিভারডি), ১০. ওয়াকিং থ্রু দ্য জাঙ্গল (জুলি ল্যাকোম)। আর এই বইগুলোর পাশাপাশি প্রতি শনিবার গোল্লাছুটও পড়েছি।
গোল্লা ভাইয়া, আমি তো আমার পড়া প্রিয় বইগুলোর কথা বললাম। গোল্লাছুটের বাকি বন্ধুদের প্রিয় বইয়ের নামও জানতে চাই। তাহলে আমি সেগুলো সংগ্রহ করে পড়ে ফেলব।
আলভিনা ইসলাম
দ্বিতীয় শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
গোল্লা ভাইয়ার উত্তর
প্রিয় আলভিনা, করোনাকালে তুমি দারুণ কাজ করেছ। প্রিয় বইগুলোর কথা লিখে জানিয়েছ বলে ধন্যবাদ। গোল্লাছুটের বাকি বন্ধুরাও নিশ্চয়ই প্রিয় বই, সিনেমা, মানুষ, খেলা, শখ বা যেকোনো প্রিয় বিষয় নিয়ে লিখে পাঠাবে। ভালো থেকো।