করোনাকালের গল্প

কোভিড-১৯ অতিমারি বিষয়ে দেশের শিশু–কিশোরদের অনুভূতি জানতে চেয়েছিল সেভ দ্য চিলড্রেন। শিশু–কিশোরেরা লেখা ও আঁকায় তাদের কথা বলেছে। সেখান থেকে বাছাই করা ৫টি লেখা ও ৫টি আঁকা ছাপা হলো এখানে। লেখা ও আঁকাগুলো সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান সেক্টরের অন্তর্গত প্রয়াস-২ প্রকল্প, শিশুকেন্দ্রিক জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প ও নগর দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি প্রকল্প-২–এর মাধ্যমে সংগৃহীত হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লামইয়া আক্তার, দ্বাদশ শ্রেণি, খুলনা

যেভাবে সময় কাটাচ্ছি

আয়াত এ কারিমা

দ্বিতীয় শ্রেণি, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

করোনার সময়ে সবকিছুতেই কেমন একঘেয়েমি লাগে। কেউ ফোন দিলেই জিজ্ঞেস করি, সে কী করে সময় পার করছে। তবে করোকালে আমার কাজ যেন আরও বেড়ে গেছে। সারা দিন অনলাইন ক্লাস করে আর মা–বাবার কাজে টুকটাক সাহায্য করতে গিয়ে আমি হয়রান!

আমাকে এখন প্রতিদিন নতুন নতুন খেলা বের করতে হয়, নয়তো সময় কাটতে চায় না। আগে স্কুলে গেলে একটু খেলতে পারতাম। এখন যখনই কারও কথা মনে পড়ে, তখন তার জন্য বসে বসে উপহার তৈরি করি। আমার মোবাইল ধরার অনুমতি নেই। কিন্তু এখন সারাক্ষণ বাসায় থাকতে হয় বলে রোজ মোবাইলে অল্প করে খেলার অনুমতি পেয়েছি। মন ভালো করার আরেকটা বুদ্ধি পেয়েছি। কিছু ভালো না লাগলে নাচ-গান করি।

আমাদের ছাদে ইদানীং একটা নতুন বিড়াল আসে। গায়ের রং একদম কুচকুচে কালো। ওর নাম দিয়েছি ব্ল্যাকি। আমাদের ছাদে আগে থেকেই আরও দুটি বিড়াল আছে। আমরা এখন তিনটা বিড়ালকেই খেতে দিই।

করোনাভাইরাসের কথা মনে হলে মাঝেমধ্যে খুব রাগ হয়! মনে হয় বাইরে গিয়ে ওটার মুখে সাবান ডলে দিয়ে আসি! সময় কাটানোর জন্য আমি এই সময়টার কথা লিখে রাখতে শুরু করেছি। মাঝেমধ্যে বসে বসে আমার ছোটবেলার কথা ভাবি। আসলে ঘরে বসে সময় কাটানো ছাড়া তো কিছু করার নেই। বের হলেই তো করোনা ধরবে!

সৈয়দা রুমনিতা জান্নাত, ষষ্ঠ শ্রেণি, ঢাকা

আমার মন খারাপ

জোয়াইরিয়া সুবহা

পঞ্চম শ্রেণি, বাকলিয়া মুসলিম সর. প্রা. বিদ্যালয়, চট্টগ্রাম

স্কুল কবে খুলবে জানি না। আব্বু–আম্মুসহ বড়রা সবাই বলছে, টেলিভিশনেও দেখছি, করোনাভাইরাস মারাত্মক। কারও সঙ্গে হাত মেলালেও নাকি ভাইরাসটি শরীরে ঢুকতে পারে। আরও শুনেছি ভাইরাসে আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে কয়েক লাখ মানুষ মারা গেছে! আব্বু–আম্মু বলেছে সব সময় হাত ধুতে হবে। ঘরের বাইরে বের হওয়া যাবে না।

আগে দিনের প্রায় পুরোটা কেটে যেত স্কুল এবং পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলাধুলায়। তখন স্কুল এবং টিচারের কাছে পড়তে যেতাম। এখন আব্বুই আমার টিচার। পড়া না পারলে মাঝেমধ্যে আব্বু আমাকে বকা দেয়, আমি তখন কেঁদে ফেলি। টিচার বকা দিতেন না!

স্কুলের পাঠ্যবইয়ের পাশাপাশি আমি এখন গল্পের বই পড়ি। বারান্দায় কিছু ফুল ও সবজির গাছও লাগিয়েছি। প্রতিদিন নিয়ম করে গাছে পানি দিই, আগাছা পরিষ্কার করি। গাছগুলো এখন আমার বন্ধু হয়ে গেছে। এ ছাড়া ইউটিউবে ভিডিও দেখি। তবু স্কুলে কাটানো সময়টার কথা খুব মনে পড়ে। বন্ধুদের কথাও খুব মনে পড়ে।

মো. সোহান আলী, দ্বাদশ শ্রেণি, ঢাকা

নতুন ভোরের প্রত্যাশায়

সৈয়দা রুমনিতা জান্নাত

ষষ্ঠ শ্রেণি, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আমি সেই মার্চ মাস থেকে লকডাউনের কারণে বাড়িতেই আছি। প্রথম প্রথম বেশ ভালো লাগত। স্কুল বন্ধ, তাই সকাল ছয়টায় ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই, আবার কোনো হোমওয়ার্কও নেই। কিন্তু কিছুদিন যাওয়ার পর একঘেয়েমি লাগতে শুরু করল। স্কুলের বন্ধুদের ও শিক্ষকদের কথা খুব মনে পড়তে লাগল। তারপর শুরু হলো অনলাইন ক্লাস। আমি অনলাইন ক্লাস পছন্দ করি, তবে এখানে বন্ধুদের সঙ্গে স্কুলে একসঙ্গে মজা করাটা মিস করি।

করোনা আসার আগে আমি প্রতি শুক্র ও শনিবার কারাতে শিখতে যেতাম। কারাতে শেখাটা আর সেখানকার বন্ধুদেরও আমার খুব ভালো লাগত। এখন সবকিছুই বন্ধ হয়ে গেছে। এখন অবশ্য বাড়ির সবার সঙ্গে বাড়তি সময় কাটাতে পারি। মাকে রান্নায় সাহায্য করি, কেক বানানো শিখি। ছবি আঁকি, গান শুনি কিংবা ছোট ভাই রিদমের সঙ্গে খেলি। রিদম আর আমি প্রায়ই ঝগড়া শুরু করে দিই আর মায়ের কাছে বকা খাই।

করোনাকে আমি খুব ঘৃণা করি। কারণ, এর জন্য আমার বাইরে যাওয়া বন্ধ হয়ে গেছে। আগে ছুটির দিনগুলোতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। আমি দূরে কোথাও ঘুরতে যেতে চাই, নতুন নতুন জিনিস দেখতে চাই।

কাজল আকতার, একাদশ শ্রেণি, ঢাকা

আমাদের করোনাযুদ্ধ

সাবরিনা মমতা

দশম শ্রেণি, আলী হোসেন বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা

করোনাকালের একেকটা দিন একেকটা বছরের মতো মনে হয়। আমার আম্মু পেশায় একজন নার্স; রোগীদের সেবায় করোনা পরিস্থিতির শুরু থেকেই তিনি হাসপাতালে। আমাদের নিরাপদ রাখার জন্য তিনি এখন বাসায় আসেন না, বরং স্বাস্থ্যবিধি মেনে দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। তাঁর সঙ্গে আমার অনেক দিন দেখা হয়নি। বাসায় শুধু আমার এক ছোট খালাতো বোন আর আমি। প্রতিদিন অনেক ভয়ে ভয়ে কাটাই।

আমি রান্না করতে অনেক ভালোবাসি। যদিও বেশি ভালো পারি না। ইউটিউব দেখে চেষ্টা করি। আমি বাসায় নানা রকম হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি। এগুলো দিয়ে আমরা কিছুক্ষণ পরপরই হাত ধুই। জীবন–জীবিকার যুদ্ধে আমার পরিবারের সদস্যরা এখন আমার সঙ্গে নেই। আমার বাবা বিদেশে থাকেন। আমার মামা ডাক্তার। রাজধানীর একটি হাসপাতালে তিনি নিজের জীবন বাজি রেখে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তিন মাস ধরে নিজের বাসায় আসেন না। প্রার্থনা করি, এই করোনাযুদ্ধ জয় করে যাতে আমরা পরিবারের সবাই খুব শিগগিরই দেখা করতে পারি।

আয়াত এ কারিমা, দ্বিতীয় শ্রেণি, ঢাকা

আমার লকডাউন ডায়েরি

সাবিরা উম্মে হাবীবা

দ্বাদশ শ্রেণি, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী

সপ্তম শ্রেণি থেকেই শুরু হয়েছে আমার ক্যাডেট জীবন। পরিবার থেকে দূরে থেকেই পাড়ি দিতে হয়েছে অনেকখানি পথ। তবে বড় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি কখনোই। কিন্তু এবারের পরিস্থিতি ছিল কিছুটা ভিন্ন। ১৩ মার্চ বসন্তের ছুটি শেষে কলেজে ফিরে যেতে হলো আমাদের। ঠিক তার পরপরই ১৮ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হলো সব শিক্ষাপ্রতিষ্ঠান। আর ২৩ এপ্রিল আমাদের বাসায় ফিরে যাওয়ার ব্যবস্থা হলো। সবার হিসাবে হয়তো আটকে ছিলাম ৪০ দিন। কিন্তু আমার মনের খাতায় সেটা কয়েক যুগ।

তবে এই করোনাভাইরাসের একটি ভালো দিক হলো, আমাদের অনেকের কাছ থেকে প্রিয়জনদের কেড়ে নিলেও দিয়েছে অফুরন্ত সময়। এটা সত্যি, যে ক্ষতি এই মহামারি করেছে তার তুলনায় এ ক্ষতিপূরণ একেবারেই নগণ্য। তবু অন্তত কারও কারও বাসায় সাজিয়ে রাখা গিটার কিংবা তানপুরাটা আর ধুলোমাখা অবস্থায় পড়ে নেই। ছোটবেলা থেকেই ছবি আঁকার খুব শখ ছিল আমার। কিন্তু বড় হওয়ার পর থেকেই সেই শখকে প্রশ্রয় দেওয়া হয়নি আর। এ সুযোগে বাক্সবন্দী সেই শখকে আবারও প্রশ্রয় দিলাম নতুন করে।

সবশেষে বলতে চাই, পরিস্থিতি সব সময় এমন থাকবে না। আমরা আবার ফিরে আসব। আমাদের মনে রাখতে হবে, গোটা পৃথিবীর কাছে আমরা কেবল একটি সংখ্যা হলেও আমাদের প্রিয়জনদের কাছে আমরাই গোটা পৃথিবী। সুতরাং ঘরে থাকুন, সুস্থ থাকুন।