কাঁকড়া ও বকের গল্প
বড় এক নদী। সেই নদীর তীর ঘেঁষে এক গর্তে থাকে একটি মা-কাঁকড়া আর তার একমাত্র ছেলে। ছেলের বাপকে কয়েক মাস আগে এক বজ্জাত লোক কোঁচ দিয়ে এফোঁড়-ওফোঁড় করে ধরে নিয়ে গেছে। মা-কাঁকড়া এ জন্য হা-হুতাশ করে। ছেলেও বাপের কথা মনে পড়লে মুখ গোমড়া করে বসে থাকে।ছেলের বাপ নেই। এখন তো তাকে ভালোভাবে গড়ে তোলা আর আদব-কায়দা শেখানোর দায়িত্ব মায়েরই। মা এটা ভালোভাবেই জানে এবং মনে রাখে। তাই সে ছেলেকে এটা শেখায়, সেটা পড়ায়। কত কী করে! মস্ত বড় বিদ্বান বানাতে চায়।একদিন হয়েছে কি, মা-কাঁকড়া গর্তের মুখে বসে আছে। এমন সময় দেখে একটা দাঁড়বক, মানে বড় সাইজের বক। ধবধবে সাদা পালক তার গাজুড়ে। যেমন তেলতেলে, তেমনি সুন্দর। নদীর কিনারা বরাবর অল্প পানিতে হেঁটে হেঁটে মাছ ধরছে। কেমন টানটান শরীর। মাথা উঁচু করে হাঁটছে। কাঁকড়াদের মতো একটুও গড়িয়ে গড়িয়ে হাঁটছে না। যেন শহর থেকে আসা এক ভদ্দরনোক। মা-কাঁকড়া বককে যত দেখে, তত মুগ্ধ হয়। মনে মনে ভাবে, আহা রে! আমার বাবুটা যদি অমন সুন্দরভাবে, ঘাড় উঁচু করে হাঁটতে পারত!এমন সময় গর্ত থেকে বেরিয়ে আসে বাচ্চা কাঁকড়াটা। ছেলেকে দেখেই মা বলে, দেখো বাবা, দেখো কেমন ফকফকে ভদ্দরনোক—এই বলে সে বককে দেখায়। ছেলে তখন বলে, মা, ভদ্দরনোক কোথায়, ও তো বক। ভারি গাড়ল। খালি ধরে ধরে মাছ খায়। ভদ্দরনোকেরা কি অত গাড়ল হয়? অমন গপাগপ মাছ গেলে?ছেলের কথা শুনে মা রেগে যায়। বলে, তুই খালি ওর মাছ খাওয়াই দেখলি? কেমন বাবুর মতো বুক টান টান করে, মাথা উঁচু করে হাঁটে, তা দেখলি না? শোন, আমি তোকে ওর মতো বাবু আর ভদ্দরনোক বানাব। তুই যেভাবে থেবড়ে থেবড়ে গড়িয়ে গড়িয়ে হাঁটিস, তা দেখতে একদম ভালো লাগে না। তুইও বকের মতো মাথা উঁচু করে, বুক টান করে হাঁটবি। আমি দুই চোখ ভরে দেখব...আর দেখব।মায়ের কথা শুনে ছেলে কী বলবে ভেবে পায় না। তখন ছেলেকে সে ধমক দিয়ে বলে, আর ভাবতে হবে না। বককে দেখে শেখো। তারপর সেভাবে হাঁটা প্র্যাকটিস কোরো।ছেলে আর কী করে। অগত্যা মায়ের কথামতো বকের মতো হাঁটার চেষ্টা করে। কিন্তু পারে না। যে-ই না সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, অমনি ঢলে পড়ে যায় মাটিতে। কিছুতেই সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাঁটা তো আরও পরের কথা। এভাবে কয়েকবার ব্যর্থ চেষ্টার পর ছেলে-কাঁকড়া একেবারে হাঁপিয়ে ওঠে। সে ঘামতে ঘামতে বলে, না মা, এ আমাকে দিয়ে হবে না।মা-কাঁকড়া তখন সুর করে ছড়া কাটেপারিব না, এ কথাটি বলিও না আর,কেন পারিবে না, তাহা ভাবো একবার।বকেরা পারে যাহা,তুমিও পারিবে তাহা;একবার না পারিলে করো বারবার।মায়ের মুখে চমৎকার ছড়া শুনে ছেলের উৎসাহ বেড়ে যায়। সে আবারও সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে। আবারও কুপোকাত। এবার পড়বি তো পড়, একেবারে মায়ের গায়ের ওপর। মা কোনো রকমে ছেলেকে সামলায়। তারপর বলে, তুই একটা অপদার্থ। একটা রামপাঁঠা। একটা হাঁসের ছাও। একটা ভীতু মুরগির আন্ডা। বক মাত্র দুই পায়ে এমন সুন্দর দাঁড়াতে পারে, হাঁটতে পারে। আর দুই দশ পায়ে কিছুই পারিস না।মায়ের কথায় ছেলে ভারি লজ্জা পায়। শেষমেশ মাকে বলে, মা, তুমি আমাকে একটু শিখিয়ে দাও না। তাহলেই তো ভালো হয়। তোমার দেখাদেখি আমি চেষ্টা করতে পারি। তখন মা বলে, ভালো কথা বলেছিস বাবু। দাঁড়া, আমিই তোকে ভদ্দরনোকের মতো হাঁটা শিখিয়ে দিচ্ছি। এই বলে মা যে-ই সোজা হয়ে দাঁড়াতে গেছে, দেখে সে-ও পারছে না। কয়েকবার চেষ্টা করল। বারবারই সে হুড়মুড় করে পড়ে গেল। তখন সে ছেলেকে বলে, ঘোড়াড্ডিম। মাথায় কাজ করছে না রে বাবু। হাত-পাগুলোও দুশমনি করছে। ঠিক আছে। চল আমার সঙ্গে, বকের কাছেই যাই। সে তো আসল ভদ্দরনোক। সে-ই তোকে একটু শিখিয়ে-পড়িয়ে দেবে।মা-কাঁকড়া তার ছেলেকে সঙ্গে নিয়ে বকের কাছে যায়। তাকে সে বকের মতো হাঁটা শিখিয়ে দিতে বলে। বক তখন হাসবে না কাঁদবে, নাকি ফিট খাবে—কিছুই বুঝতে পারে না। একটা পুঁটিমাছ কেবল ধরেছিল, সেটা পেটের মধ্যে চালান করে দিয়ে সে পণ্ডিতের মতো করে বলে, দেখো মাসি, সবাইকে দিয়ে সব কাজ হয় না। তোমাদের দশ পা। আমার দুই পা। তোমরা গর্তে লুকোতে পার। আমি পারি না। তাই বলে কি আমি তোমাদের মতো হতে পারলাম না বলে হা-হুতাশ করব? এটা ঠিক না। স্রষ্টা আমাদের এভাবেই বানিয়েছেন। আর এতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তুমি, আমি, বাবু—আমরা সবাই সুন্দর। খোদার সৃষ্টি কি কখনো অসুন্দর হয়?বকের কথা শুনে মা-কাঁকড়া আর তার ছেলের মুখে হাসি ফুটে ওঠে। তারা খুশিমনে ফিরে যায় তাদের বাড়িতে।(বিদেশি রূপকথা অবলম্বনে)