কাকবন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জানুয়ারির ঘটনা। রোজকার মতো সেদিন সকালেও হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল এমানুয়েল অ্যাডামস। স্কুলটি বাড়ি থেকে আধা মাইল দূরে। কিছু দূর যেতেই হঠাৎ করে কী যেন উড়ে এসে বসল তার কাঁধে। চমকে উঠল এমানুয়েল। দেখে, সেই দাঁড়কাকটি, যা ওদের স্কুলে গিয়ে প্রতিদিনই আতঙ্ক ছড়ায়।প্রথমে বেশ ভড়কে গেল এমানুয়েল। হারিয়ে ফেলল টুঁ শব্দটি করার শক্তি। ভাবল, হতচ্ছাড়া পাখিটা এবার নির্ঘাত ঠুকরে দেবে ওকে। কিন্তু না, কাকটি ঠোকর দিল না ওকে। যেমন বসেছিল, তেমনি বসে রইল চুপচাপ। তার হাবভাবে যেন দোস্তি পাতানোর ডাক। সে ডাকে সাড়া দিল এমানুয়েল। কাকটাকে কাঁধের ওপর বসিয়ে নিয়ে গেল স্কুলে। তা দেখে সবার চোখ ছানাবড়া। বাপ রে, ভয়ংকর কাকটির সঙ্গে ভাব হয়ে গেছে ওর!এমানুয়েল আর ওই দাঁড়কাকের ব্যতিক্রমী বন্ধুত্বের কথা এখন সানডারল্যান্ডের মানুষের মুখে মুখে। কেবল যুক্তরাজ্যের ওই এলাকা নয়, সংবাদমাধ্যম ও অনলাইনের কল্যাণে বিশ্বের অগণিত মানুষ জানে সে খবর।১০ বছর বয়সী এমানুয়েল সানডারল্যান্ডের সেন্ট মেরিস আর সি প্রাইমারি স্কুলের ছাত্র। সদ্য বন্ধু হওয়া কাকটির নাম দিয়েছে সে জ্যাক।গত ডিসেম্বরের প্রথম থেকেই ওই স্কুলে কাকটির উৎপাত শুরু। ক্লাস শুরু হওয়ার আগে বা টিফিন পিরিয়ডে শিক্ষার্থীরা যখন মাঠে ঘোরাফেরা করত, এ সময় হঠাৎ করে কাকটি হাজির হতো মূর্তিমান আতঙ্কের মতো। আকাশ থেকে সে ঠিক জঙ্গি বিমানের মতো ড্রাইভ দিয়ে নেমে আসত এসব শিশুর দিকে। তখন তারা গলা ফাটিয়ে চিৎকার দিতে দিতে ঢুকে পড়ত শ্রেণীকক্ষে। ভয় দেখিয়ে কাকটিকে তাড়াতে অনেক কৌশল বেছে নিয়েছিলেন শিক্ষকেরা। এমনকি আধুনিক এক যন্ত্রও লাগিয়েছিলেন এ কাজে। কিন্তু কাকটি বেজায় সাহসী। শিক্ষকদের এসব কৌশলে কাজ হয়নি। শিক্ষার্থীদের রক্ষা করতে শেষে খেলার সময় কমিয়ে দিলেন শিক্ষকেরা। তারা যাতে বেশির ভাগ সময় শ্রেণীকক্ষে থাকে, সেই ব্যবস্থা করলেন। এ সময় এমানুয়েল একদিন কাকটিকে নিয়ে স্কুলে গিয়ে সবাইকে তাক লাগিয়ে দিল। স্কুলের প্রধান শিক্ষক শন ব্রাউন বললেন, ছাত্রছাত্রীদের ভয় দেখালেও কাকটি কাউকে কখনো আঘাত করেনি।জ্যাক নামের কাকটি এখন এমানুয়েলের সঙ্গে রোজ স্কুলে যায়। এমানুয়েল স্কুলের পথ ধরলে জ্যাক এসে তার বাহু বা কাঁধের ওপর এসে বসে। ছেলেটি বাড়ি ফেরার পথে একই ঘটনা ঘটে। কিছুদিন ধরে কাকটি এমানুয়েলের বাড়িতেও যাচ্ছে। এমানুয়েলের আপনজনদের সঙ্গে সে ভাব করে নিয়েছে। চার ভাইবোন ওরা। ওদের বাড়িতে কিছু পোষা প্রাণী রয়েছে। তিনটি কুকুর ও চারটি মাছ পোষে ওরা।এমানুয়েলের মা ক্যারোলিন অ্যাডামস বলেন, এত ছেলেপুলের মধ্যে কাকটি কেন যে আমার ছেলের সঙ্গে ভাব জমাল, তা সে-ই জানে। তিনি জানান, কাকটি এখন বাড়িতে এসে থাকছে। তাঁর ছেলে যখন পড়তে বসে, কাকটি তার হাত বা কাঁধের ওপর বসে চুপচাপ তা দেখে। এমনকি বইয়ের পাতা উল্টে দেওয়ারও চেষ্টা করে। টিভি দেখতে খুব পছন্দ করে জ্যাক। টিভি ছাড়লে খুব মন দিয়ে দেখে সে।ক্যারোলিন জানান, এর মধ্যে কাকের খাবার সম্পর্কে বিস্তারিত জেনে নিয়েছেন তিনি। সে অনুযায়ী জ্যাককে খাবার দেওয়া হচ্ছে। তিনি বলেন, ঘরের ভেতর বুনো এক বেয়াড়া পাখির আগমনে শুরুতে একটু রুষ্ট হয়েছিলেন তিনি। কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে কাকটিকে তাড়াতে পারেননি। আর এখন তো কাকটি রীতিমতো পরিবারের সদস্য বনে গেছে। এমানুয়েলের সঙ্গে জ্যাকের বন্ধুত্ব গাঢ় হচ্ছে দিন দিন। এমানুয়েল ও জ্যাকের এই বিরল বন্ধুত্বের ঘটনার সঙ্গে ১৯৬৯ সালের সাড়া জাগানো একটি ব্রিটিশ ছবির কাহিনির অনেকখানি মিল রয়েছে। কেস নামের ওই ছবিতে এমানুয়েলের মতো একটি স্কুলপড়ুয়া ছেলের সঙ্গে একটি বুনো পাখির একই রকম বন্ধুত্ব গড়ে ওঠে। ওয়েবসাইট অবলম্বনেশরিফুল ইসলাম ভূঁইয়া