কাকার কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা নোটিশে তিনি উধাও। কত জায়গায় খোঁজখবর চলছে। কোথাও পাত্তা নেই। আমরা সবাই কমবেশি বিচলিত। মন্টু কাকার মতো মানুষ এভাবে বাতাসে মিলিয়ে যাবেন ভাবতেই কষ্ট হচ্ছিল।শুধু আমাদের নয়, আশপাশের মহল্লায় তাঁকে চেনে না, এমন লোক খুঁজে পাওয়া ভার। সেই কবে ৪০ বছর আগে পুলিশের খাতায় নাম লেখান। তারপর ডাকসাইটের গোয়েন্দা অফিসার বনে যান। জটিল জটিল মামলার রহস্য উদ্ঘাটনের কৃতিত্ব দেখানোয় তাঁর নাম পত্রিকার পাতায় এসেছে বহুবার। আমাদের গলিতে ফালু মিয়ার ফ্ল্যাট বাড়িতে ভাড়া থাকতেন মিলন সাহেব নামের এক সাংবাদিক। তিনি বলে গেছেন, মন্টু কাকার গোয়েন্দাগিরি নিয়ে রীতিমতো সিরিজ বই লেখা যায়।মন্টু কাকার আসল নাম খন্দকার রেজাউল হাসান। ওই নামে তাঁকে চেনে খুবই কম লোক। চাকরি জীবনেও তিনি মন্টু সাহেব বা ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) মন্টু নামেই বেশি পরিচিত ছিলেন। তাঁর বাবা ব্রিটিশ আমলের গ্র্যাজুয়েট হলেও ফুটবল খেলতেন দারুণ। সস্ত্রীক আজমির শরিফে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার মারা যান। কোথায় সেই বিলাসপুর, সেখানকার কবরস্থানে তাঁদের দাফন করা হয়েছে। ভাগ্যিস মন্টু কাকা যাননি। গেলে হয়তো তাঁকে আমরা পেতাম না। উল্টো দিক থেকে আসা নিয়ন্ত্রণ হারানো লরির ধাক্কায় ট্যাক্সি একেবারে দুমড়েমুচড়ে যায়। ড্রাইভারও বাঁচেননি। মন্টু কাকা তখন ফোর-ফাইভের ছাত্র। ছিলেন ফুফু অর্থাৎ আমার দাদির কাছে। বলা চলে অল্প বয়সে মা-বাবা হারিয়ে তিনি ফুফুর কাছেই মানুষ। বাবা বলেছেন, ‘মা সবসময় বড় মাছটা মন্টুর পাতেই দিতেন।’ ফুফু যেমন আপন ছেলের চেয়েও বেশি স্নেহ-আদর করতেন তেমনি মন্টু কাকাও তাঁকে খুব মানতেন। তাঁকে যদি ফুফু প্রচণ্ড শীতের রাতে কখনো পুকুরে ঝাঁপ দিতেও বলতেন, তাহলে বিনাবাক্যে সেটাও করতেন। সদরঘাটের কাছে কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন মন্টু কাকা। বাবার মতো ফুটবল না খেললেও স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হাই জাম্প আর লং জাম্পে হতেন চ্যাম্পিয়ন। কলেজের ছাত্র থাকা অবস্থায় হঠাৎ মন্টু কাকার মাথায় কি খেয়াল চাপল, পুলিশের চাকরিতে ঢুকে পড়লেন। বাবার মতে, আমার দাদি মানে মন্টু কাকার ফুফু তখন বেঁচে থাকলে কিছুতেই পুলিশে যেতে দিতেন না। কেন দিতেন না সেটা বাবা অবশ্য কোনো দিন খোলাসা করে বলেননি।বলা নেই কওয়া নেই সেই মন্টু কাকা হঠাৎ করে নিরুদ্দেশ। কোথায় গেছেন, কেন গেছেন, কেউ নির্দিষ্ট করে বলতে পারছিল না। তাঁকে নিয়ে আমাদের দুশ্চিন্তা আর আশঙ্কার শেষ ছিল না। শুক্রবার জুমার নামাজ সেরে পাশের মহল্লার এক কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেয়েছেন। সন্ধ্যার দিকে চৌরাস্তার পাশে রেস্টুরেন্টে বসে পরিচিত কয়েকজনের সঙ্গে চায়ের আড্ডায় শরিকও হয়েছেন। তারপর থেকেই কেউ তাঁকে দেখেনি। আমাদের এজমালি বাড়ির তিন তলায় যে ফ্ল্যাটে থাকতেন, সেই দরজায় তালা না ঝুললেও পরের দিন সকালে কাকার বহু দিনের বিশ্বস্ত কাজের লোক লোকমান মিয়া এসে সবাইকে খবর দেয়, ‘সাহেব রাতে ফেরেননি। কিছু বলেও যাননি।’চাকরি থেকে অবসর নেওয়ার পর মন্টু কাকা ঘরের বাইরে রাত কাটিয়েছেন খুবই কম। কোথাও গেলে আগে ভাগে বলে যেতেন। এবার ব্যাপারটিই অন্যরকম। থানা পুলিশ তো বটেই, সব হাসপাতালের জরুরি বিভাগ ও মর্গে গিয়েও খবর নেওয়া হলো। এমনকি আঞ্জুমান মফিদুলের অফিস পর্যন্তও বাদ গেল না। ঢাকার বাইরে যত আত্মীয় ও পরিচিতজন আছে, কারও পক্ষেই কাকার সন্ধান দেওয়া সম্ভব হলো না। বাবার তো দুশ্চিন্তায় ঠিকমতো নাওয়া-খাওয়া হচ্ছে না। আমার চোখের ঘুমও প্রায় হারাম। দাদি বেঁচে থাকলে যে ভীষণ কান্নাকাটি করতেন সেটা নিশ্চিত করেই বলা যায়।শুনেছি, মন্টু কাকা নাকি উঠতি বয়সে স্কুল-কলেজ তো বটেই, পাড়া-মহল্লার হিরো ছিলেন। আর হবেন না-ই বা কেন, উচ্চতা প্রায় ৬ ফুট, বুকের ছাতি ৪২ ইঞ্চি। এক চিত্র পরিচালক তাঁকে নায়ক হওয়ারও অফার দিয়েছিলেন। তিনি চাইলে আর্মিতেও যেতে পারতেন। ছোটবেলা থেকেই গোয়েন্দা কাহিনির পোকা। শার্লক হোমস ও ঘনাদা তাঁর প্রিয় চরিত্র। সে কারণেই পুলিশে ঢুকে নিজেও গোয়েন্দা হিসেবে নামডাক কুড়িয়েছিলেন। যদিও তিনি মনে করেন, পুলিশ জীবনে তাঁর সেরা অভিজ্ঞতা হলো ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়া। বলাবাহুল্য, মন্টু কাকা একজন মুক্তিযোদ্ধা। নৌ-কমান্ডো হয়েছিলেন। যুদ্ধের সময় শত্রুপক্ষের জাহাজ ডুবিয়ে দেওয়াই ছিল তাঁদের কাজ। সাংবাদিক মিলন সাহেব ঠিকই বলেছেন, মন্টু কাকার গোয়েন্দাগিরি নিয়ে সিরিজ বই লেখা যায়। চাকরি জীবনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এমন ডাকসাইটে অফিসার ছিলেন, তাঁর নাম শুনলেই ক্রিমিনালদের নাকি প্যালপিটিশন শুরু হয়ে যেত। গোপীবাগের অ্যাডভোকেট রজ্জব তালুকদারদের মৃত্যুরহস্য উদ্ঘাটনই ছিল গোয়েন্দা হিসেবে তাঁর প্রথম চাঞ্চল্যকর কেস। ক্লু লেস মার্ডারের রহস্য তিনি যেভাবে উদ্ঘাটন করেছিলেন, তাতে সে সময় পত্রপত্রিকায় ধারাবাহিক রিপোর্টের সুবাদে হইচই পড়ে যায়। পরে গুলিস্তানের ব্যাংক ডাকাতি, গুলশানের এক দূতাবাসে সিকিউরিটি গার্ড হত্যা, কলাবাগানে নাসরিন মার্ডার, বিদেশে মুদ্রা পাচারকারী সিন্ডিকেট থেকে শুরু করে একাধিক আন্তজেলা ডাকাত দল, গ্রিল কাটা পার্টি, জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত জালিয়াতচক্রসহ কত কী মামলার মোটিভ উদ্ধার ও আসামি গ্রেপ্তারে যে কৃতিত্ব তিনি দেখিয়েছেন, তা এককথায় নাজিরবিহীন। সত্যি বলতে কী, চাকরি জীবনে মন্টু কাকা এতটাই কাজপাগল ছিলেন যে বিয়ে-শাদির ঝুঁকি পর্যন্ত নেননি। কনফার্ম ব্যাচেলর থেকে গেছেন। সেই মানুষটিই বিনা নোটিশে গায়েব হয়ে যাবেন—সেটা ছিল আমাদের কল্পনারও বাইরে।দিনের পর সপ্তাহ, সপ্তাহের পর মাস ঘনিয়ে আসার পথে। কোথাও মন্টু কাকার হদিস নেই। তাঁকে যারা চেনে, তারা কত কথা বলতে থাকে। কেউ কেউ বলে, চাকরি জীবনে মন্টু কাকা যেসব ক্রিমিনালকে শায়েস্তা করেছিলেন, তাদের কেউ হয়তো গুম করে প্রতিশোধ নিয়েছে। আবার কারও কারও মতে, অ্যাকসিডেন্ট অথবা অজ্ঞাত রোগে স্মৃতিভ্রম হয়ে নিরুদ্দেশ হয়ে গেছেন। দুষ্টু কিসিমের কিছু লোক বলতে থাকে, শেষ বয়সে বিয়েটিয়ে করে মন্টু সাহেব লোকলজ্জার ভয়ে কোথাও ঘাপটি মেরে ঘরসংসার করছেন। আসলে মানুষের মুখের কোনো লাইসেন্স নেই। যা মনে এল, তাই হয়তো বলে ফেলল। ঠেকায় কে! কিন্তু যখন শুনতে পেলাম, কেউ কেউ কানাঘুষা করছে, আমার বাবা নুরুদ্দিন সাহেবই নাকি সম্পত্তির লোভে মন্টু কাকাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন, তখন সত্যিই কষ্ট পেয়েছি। আমরা বাবাকে খুব ভালো করে চিনি। আর যাহোক অন্যায়কে তিনি প্রশ্রয় দেন না। চাকরি জীবনে তাঁর কোনো অনিয়ম কিংবা ঘুষ খাওয়ার রেকর্ড নেই। এক ধরনের অভাব-অনটনের ভেতর আমরা ভাইবোনেরা মানুষ হচ্ছি। বাবা যথেষ্ট সচেতন নাগরিক। মন্টু কাকা নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করা থেকে পত্রিকায় দেওয়া বিজ্ঞপ্তি থেকে শুরু করে তাঁর সন্ধানে যথারীতি পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে একদিন কথায় কথায় মাকে বাবা বললেন, মন্টু কাকা যদি শেষ পর্যন্ত না-ই ফেরেন, তাহলে শরিকদের মতামত নিয়ে তাঁর ফ্ল্যাট বিক্রি করে অর্ধেক টাকা লোকমান মিয়াকে, বাকি অর্ধেক কোনো এতিমখানায় দান করে দেবেন। তবে বাবার বিশ্বাস, ‘মন্টু ঠিকই ফিরে আসবে।’ আমিও তাই মনে করতাম। আমার শুধু ভাবনা, মন্টু কাকার একটা কোল্ট পয়েন্ট থ্রি টু রিভলবার আছে। সেটা সঙ্গে নিয়ে গেছেন, না তাঁর বেডরুমে স্টিলের আলমারির ভেতর রেখে গেছেন! লোকমান মিয়াকে জিজ্ঞেস করে জেনেছি, আলমারির চাবি কাকার কাছে ছিল।মাস শেষ হওয়ার আগেই, যেমন বিনা নোটিশে উধাও হয়েছিলেন, তেমনি হঠাৎ করে হাজির হলেন মন্টু কাকা। লোকমান মিয়া ছুটে এসে খবর দিতেই আমরা গিয়ে দেখি, প্রতিদিন ক্লিন সেভ আর ফিটফাট থাকা কাকার মুখ ঢেকে গেছে সাদা দাড়ি-গোঁফে। চেনাই যায় না। আমাদের দেখে হাসলেন, পরে বললেন, ‘হঠাৎ করে খাজাবাবার ডাক পেয়ে আজমির শরিফে চলে গেলাম। বিলাসপুরে মা-বাবার কবরও দেখা হচ্ছিল না অনেক দিন। আজমিরে যাওয়া-আসার পথে দুবারই সে কবর জিয়ারত করেছি, সেখানে মিলাদ-সিন্নি দিয়েছি।’বাবা সায় দেন, ‘ভালোই করেছো।’মন্টু কাকা বললেন, ‘দুই দিন আগেই ঢাকায় ফিরতাম। কিন্তু চলে গেলাম মহিমগঞ্জে। কনস্টেবল আকবরের কথা তো তোমরা জানো। আমার সঙ্গে নাসরিন মার্ডার কেসের আসামি ধরতে গিয়ে টপটেরর বাবুলের গুলিতে মারা গিয়েছিল। সরকার মরণোত্তর পদক দিলেও আমারও তো একটা কর্তব্য আছে। কিছু টাকা-পয়সা দিয়ে এলাম ওর পরিবারকে। আকবরের দুই মেয়েই এখন কলেজে পড়ছে।’বাবা ফের বলেন, ‘তুমি আজমিরে গেছ ভালো কথা, আমাদের বলে গেলেই তো পারতে।’‘তারও একটা কারণ আছে।’‘মানে?’মন্টু কাকা জবাব দেন, ‘আমার প্রতি তোমাদের কতটা টান, আসলে তোমরা আমার কতটা আপন, তারও একটা পরীক্ষা নিলাম।’কথাটা শোনার পর আমরা সবাই থ মেরে গেলাম। কারও মুখে রা শব্দ নেই। ঘরজুড়ে নেমে এলো যেন পিনপতন নীরবতা। দাড়ি-গোঁফে প্রায় অপরিচিত থাকা মন্টু কাকার মুখে তখন মিটিমিটি হাসি।