কাছের দেশে ঈদ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র কয়েকটি দিন। সন্ধ্যাকাশে ফুটবে শাওয়াল মাসের বাঁকা চাঁদের হাসি। সে হাসিতে অফুরান আনন্দ বান ডাকবে মুসলমানদের ঘরে ঘরে। রমজান মাসের কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের মহোৎসবে মেতে উঠবে ছোট-বড় সবাই। বিশেষ করে, ছোটদের জন্য এই আনন্দ হয়ে উঠবে বাঁধভাঙা।ঈদ উৎসব সামনে রেখে এর মধ্যে অনেকেই সেরে ফেলেছে প্রয়োজনীয় প্রস্তুতি। কেনা হয়ে গেছে জামা-জুতোসহ অন্যান্য পছন্দের জিনিস। আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদ্যাপনের ধরন মোটামুটি একই রকম। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কায় ঈদের আগের রাত ‘চাঁদরাত’ বলে পরিচিত। এই রাতে অনেকে পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে দল বেঁধে মার্কেটে কেনাকাটা করতে যায়। চাঁদরাতে কেনাকাটার মজাই আলাদা। মূলত এই রাত থেকেই শুরু হয় ঈদের উৎসব। এই উৎসব চলে টানা তিন দিন। শিশুরা রাস্তায় নেমে হল্লা করে বাজি পোড়ায়। কে কোথায় বেড়াতে যাবে, তা নিয়ে গল্পে মাতে। বাড়িতে অনেকে, বিশেষ করে মেয়েরা হাতে মেহেদির আল্পনা আঁকে।ঈদের দিন নতুন পোশাক পরে এ-বাড়ি ও-বাড়ি বেড়িয়ে খুব মজা করে শিশুরা। ওই দিন তাদের মূল আকর্ষণ থাকে বড়দের কাছ থেকে ঈদি পাওয়া। এটি সেলামি বা বকশিশ বলেও পরিচিত।আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশ হলেও তাদের রীতিনীতি একটু আলাদা। সে দেশে ঘটা করে ঈদের প্রস্তুতি শুরু হয় ২০ রমজান থেকে। তখন থেকে তাদের ঘরদোর পরিষ্কার করা ও কেনাকাটা শুরু। ঈদুল ফিতরকে ফার্সিভাষী আফগানরা বলে ‘ঈদ-ই-রমজান’। পশতুভাষী আফগানরা বলে ‘কোচনাই আখতার’। ঈদের দিন প্রচুর খাবারের আয়োজন করে তারা। ছোটদের বিভিন্ন উপহার দেয়। সে দেশেও টানা তিন দিন চলে ঈদ উৎসব। এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।মিয়ানমার আমাদের প্রতিবেশী দেশ হলেও তারা দক্ষিণ এশীয় নয়। তাদের স্থান দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটে। সে দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যায় বেশি হলেও মুসলমান কিন্তু কম নেই। সেখানে ঈদের দিন স্থানীয় ভাষায় ‘ঈদ নেই’ বা ‘ঈদ কা লে’ বলে পরিচিত। মিয়ানমারে ঈদের উৎসব হয় এক দিনই। ঈদের দিন সেখানে সেমাই, কিশমিশ, কাজু বাদাম, নারকেল ও দুধের তৈরি মিষ্টি খাবারের আয়োজন বেশি থাকে।নিকটবর্তী অন্যান্য মুসলিমপ্রধান দেশের মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে খুব ঘটা করে ঈদ উদ্যাপন করা হয়। বিশ্বে সবচেয়ে বেশি মুসলমান রয়েছে ইন্দোনেশিয়ায়। কাজেই সেখানে ঈদ উৎসবে মানুষের ঢল নামবে—সেটাই স্বাভাবিক। ঈদের ছুটিতে দেশটির বিভিন্ন দ্বীপ থেকে ঘরমুখো মানুষ যখন যানবাহনে করে রওনা হয়, সড়কে রীতিমতো জট লেগে যায়। ঈদ উপলক্ষে ইন্দোনেশিয়ায় সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের বেশ মোটা অঙ্কের অর্থ বোনাস দেওয়া হয়। ঈদের দিন রাতে এসব দেশে ছোট-বড় সবাই মেতে ওঠে বাজি পোড়ানোর উৎসবে। এ সময় মোটা বাঁশের ভেতর কেরোসিন ভরে কায়দা করে আগুনের হলকা ছাড়া হয়। আঁধারে এই হলকা দেখার মতো জিনিস হয় বটে।