কাছের দেশে নববর্ষ
নববর্ষ একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে। নববর্ষের উৎসব ব্যর্থতা ও হতাশা ভুলিয়ে মানুষকে নতুন আশায় উজ্জীবিত করে। এ জন্য বিশ্বের দেশে দেশে নববর্ষ পালনে মনপ্রাণ ঢেলে এত আয়োজন হয়। আমাদের দেশে নববর্ষে ইলিশ-পান্তা, পিঠাপুলি, মুড়ি-মুড়কির মধ্যে ফুটে ওঠে বাঙালির চিরন্তন ঐতিহ্য। এভাবে দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি দেশে ঘটা করে পালন করা হয় নিজস্ব নববর্ষ। ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো একই রীতি অনুসরণ করে পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষ উদ্যাপন করা হয়। নানা বর্ণ ও নানা গোষ্ঠীর দেশ হওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে আলাদাভাবে নববর্ষের উৎসব দেখা যায়।আসাম রাজ্যে নববর্ষের উৎসব ‘বোহাগ বিহু’ এপ্রিল বা মে মাসে হয়। এটি মূলত হিন্দুদের উৎসব। তিন দিনের এই উৎসবের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হচ্ছে গোপূজা। গুজরাটে নববর্ষ ‘বেস্তু ভারাস’ বলে পরিচিত। দিওয়ালির পর দিন এই উৎসব উদ্যাপন করা হয়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে গোবর্ধন পূজা। এভাবে আরও রয়েছে মারাঠি, মালয়ালাম, মাড়োয়ারি, পাঞ্জাবি, সিকিমি, তামিল, তেলেগু নববর্ষ। পাকিস্তান ও আফগানিস্তানে নববর্ষ উদ্যাপনে রয়েছে ইরানি ঐতিহ্য। তাদের কাছে নববর্ষ হচ্ছে ‘নওরোজ’। এটি মূলত মুসলিম উৎসব। এ বছর ২০ ও ২১ মার্চ বিভিন্ন দেশে ‘নওরোজ’ উদ্যাপন করা হয়েছে। ইরান ছাড়াও মধ্য এশিয়া ও বলকান অঞ্চলের বিভিন্ন দেশে ঘটা করে এই নববর্ষ উদ্যাপন করা হয়। আফগানিস্তানে নওরোজে দেখা যায় আরও ঝলমলে আয়োজন। সবচেয়ে বড় উৎসব চলে রাজধানী কাবুলে। উৎসবে উট ও মোষের লড়াইয়ের আয়োজন করা হয়। চলে কুস্তি প্রতিযোগিতা। এ ছাড়া আয়োজন করা হয় ‘বুজখাশি’ নামের জাতীয় খেলার। এতে একটি জবাই করা ছাগল নিয়ে দুই দল ঘোড়সওয়ারের মধ্যে প্রতিযোগিতা চলে। শ্রীলঙ্কায় বৌদ্ধ বর্ষপঞ্জি অনুসরণ করে রাশিচক্রের শুভযোগ মিলিয়ে সিংহলি নববর্ষ পালন করা হয়। নিজ ভাষায় এই নববর্ষ ‘আলুথ আভুরুদ্ধা’ বলে পরিচিত। এপ্রিলের ১৩ বা ১৪ তারিখ উদ্যাপন করা হয় নববর্ষ। এটি তাদের প্রধান জাতীয় উৎসব। হিমালয়-কন্যা নেপালেও নববর্ষ উদ্যাপন করা হয় বৈশাখের প্রথম দিন। সে দেশে নববর্ষের সবচেয়ে জাঁকাল উৎসব হয় ভক্তপুরে। এটি ‘বিষকেত যাত্রা উৎসব’ নামে পরিচিত। নববর্ষের চার দিন আগে শুরু হয় এই উৎসব। চলে টানা নয় দিন। একটি পৌরাণিক কাহিনি রয়েছে এই উৎসবের পেছনে। কাহিনিটি হচ্ছে—এক রাজকন্যাকে যে বিয়ে করে, সেই মারা যায়। এমন অবস্থা দাঁড়াল যে তার বর খুঁজে পাওয়া ভার। শেষে এক সাহসী রাজপুত্র এগিয়ে এল। বিয়ের রাতে রাজকন্যা ঘুমিয়ে পড়লে তলোয়ার হাতে জেগে রইল রাজপুত্র। গভীর রাতে হঠাৎ ফোঁস্ ফোঁস্ শব্দ। রাজকন্যার নাকের দুই ফুটো দিয়ে বেরিয়ে এল বিশাল দুটি সাপ। তলোয়ার চালিয়ে সাপ দুটিকে মেরে রাজকন্যাকে শাপমুক্ত করল রাজপুত্র। বিষকেতযাত্রায় এই সাপ দুটিকে প্রতীকীভাবে তুলে ধরা হয়। ভুটানি নববর্ষ ‘লোসার’ নামে পরিচিত। সে দেশে নাচগানের মাধ্যমে বেশ ঘটা করে উদ্যাপন করা হয় লোসার। উৎসব চলে ১৫ দিন ধরে। এ বছর ২২ ফেব্রুয়ারি ভুটানে নববর্ষ উদ্যাপন শুরু হয়। এতে তিব্বতি সংস্কৃতির বেশ প্রভাব রয়েছে। শরিফুল ইসলাম ভূঁইয়া