কাটা হাত
‘সত্যি বলছিস?’ রাশেদ জিজ্ঞেস করল। সোহেল, শিহাব আর রাশেদ—তিন বন্ধু মিলে চা খাচ্ছে।‘সত্যি বলছি। আমার চাচা নিজে এ ঘটনার শিকার।’শিহাব বলল, ‘কয়েক দিন আগে আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম অনেক দিন পর। গিয়ে দেখি, চাচা বিছানায় পড়ে আছেন। একদিন রাতে হাট থেকে বাড়ি ফেরার পথে রাস্তা শর্টকাট করার জন্য চাচা খ্রিষ্টানদের কবরস্থানের মাঝ দিয়ে হাঁটতে শুরু করলেন। জ্যোত্স্না রাত। চাচা দ্রুত হাঁটতে লাগলেন। হঠাৎ কে যেন তাঁকে পেছনে টেনে ধরল। ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে চাচা যা দেখলেন, তাতে তাঁর আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। জ্যোত্স্নার আলোয় তিনি দেখলেন, কবরের ভেতর থেকে একটা হাত তাঁর জামা টেনে ধরেছে। কোনো মতে জামা ছাড়িয়ে দৌড়ে বাড়িতে ফিরলেন চাচা। তার পর থেকে তিনি বিছানায়।’‘ওই কবরস্থানে তাহলে সত্যিই ভূত আছে?’ রাশেদ বলল।‘আলবৎ আছে।’ শিহাব জোর দিয়ে বলল।‘সেবারকার মতো হবে না তো?’ রাশেদ জিজ্ঞেস করল সোহেলকে।সেবার সোহেল বলেছিল, ওদের গ্রামের শ্মশানে অমাবস্যার রাতে নাকি ভূত দেখা যায়।রাশেদ ভূতটুত বিশ্বাস করে না। থাকলে দেখার জন্য যা যা করার দরকার সব করতে রাজি।আয়োজন করে অমাবস্যার রাতে সেই শ্মশানে গিয়ে বসল রাশেদ।একা।শিহাব আর সোহেলকে জোর করে বাড়িতে থাকতে বলল।ভূত দেখার অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়েছিল রাশেদ। হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখল, দুটি সাদা মূর্তি আস্তে আস্তে আলো জ্বেলে তার দিকে এগিয়ে আসছে। পেছনে দেয়াল, তাই দৌড়ানোর জায়গাও নেই। চিত্কার করে রাশেদ দৌড় দিল সামনের দিকে। সে ভাবল, মূর্তি দুটির ফাঁক গলে বেরিয়ে যাবে। ওর দৌড় দেখে মূর্তি দুটিও চিত্কার করে উল্টো দিকে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে তিনজনই গিয়ে পড়ল নদীর পানিতে। ভাগ্যিস নদীতে বেশি পানি ছিল না। নইলে তিন বন্ধুকেই মরতে হতো। আর মানুষ বলত ভূতে মেরেছে। হয়েছিল কি—সোহেল আর শিহাব রাশেদকে দেখতে গিয়েছিল। রাশেদ ওদেরই ভূত ভেবেছে। আর ওরা রাশেদকেও!এবার সেটা হবে না। আশ্বাস দিল সোহেল ওকে। ঠিক হলো, রাশেদ যাবে শিহাবের চাচার বাড়িতে। সঙ্গে ওরাও যাবে। পালাক্রমে পর পর তিন দিন প্রত্যেকে এক রাত করে কাটাবে ওই কবরস্থানে। সেখানে প্রথমে যাবে রাশেদ। সোহেল আর শিহাব মনে হয় খুশিই হলো তাতে।কবরস্থানের গেটে পৌঁছে সবকিছু ঠিক আছে কি না দেখে নিল রাশেদ। ছুরি, টর্চ, মোমবাতি, ম্যাচ, দড়ি, বিস্কুট, পানি। দিনের বেলায় এসে একবার রেকি করে গেছে ওরা। কোথায় বসবে তখনই ঠিক করে রেখেছে রাশেদ। একবার প্রস্তুতি ছাড়াই একটা ভূতের বাড়িতে থাকতে হয়েছিল ওকে। ওর বড় বোন ঢাকায় থাকে। নিজ উপজেলা সদরে কিনে ফেলল একটা বাসা। নতুন বাসা পাহারা দিতে হবে। সবাই বলল, অনেক দিনের পড়ে থাকা বাসা। ভূতটুত থাকতে পারে। রাশেদ বিশ্বাস করল না। একাই বাড়ি পাহারা দেবে ঠিক করল। মাঝরাতে খটখট শব্দ হতেই জেগে উঠল। মোমবাতি সঙ্গে ছিল। সেটা নিয়ে গোটা বাড়ি খুঁজে কোনো কিছু পেল না। অথচ শব্দ হচ্ছে। রান্নাঘরে ঢুকে বুঝল, শব্দ এখানেই হচ্ছে। মেঝেতে। মেঝেতে বসে খুঁজতে শুরু করল শব্দের উত্স। খুঁজতে খুঁজতে হঠাৎ কিছু বুঝে ওঠার আগে পপাৎ ধরণী তল।জ্ঞান ফিরে দেখল, রান্নাঘরের মেঝের নিচে একটা গোপন কুঠরি ঘরে পড়ে আছে ও। ওর ভারী শরীরের নিচে চাপা পড়েছে বেশ কয়েকটা ধেড়ে ইঁদুর। ঘটনাটা কাউকে বলেনি ও। গায়ে লেগে থাকা মরা ইঁদুরের গন্ধে তিন দিন ভাতই খেতে পারেনি রাশেদ।বাস্তবে ফিরে এল ও।পকেট থেকে রুমাল বের করে মাটিতে বিছিয়ে বসল। ছুরিটার খোঁচা লাগায় প্যান্ট থেকে বের করে মাটিতে গাঁথল ওটা। আধো অন্ধকারে চেয়ে থাকতে থাকতে বাঁধানো কবরগুলো সামান্য হলেও ভীতি ধরিয়ে দিল ওর মনে। ঘড়ি দেখল, রাত দুইটার ঘর পেরিয়েছে। হঠাৎ ঠান্ডা হাওয়া কাঁপন ধরিয়ে দিল ওর শরীরে। দূরে হঠাৎ করেই শুরু হলো কুকুরের ডাক। একটু দূরের গাছে ঝটপটানির শব্দ শোনা গেল। কবরগুলোর দিকে তাকাতেই মনে হলো, এর নিচে শুয়ে আছে অসংখ্য নাম না-জানা মানুষ।শিউরে উঠল ও।ভয় পেল রাশেদ। শহর থেকে এত দূরে অজানা একটা খ্রিষ্টান কবরস্থানে একা একা আসা ঠিক হয়নি। ঠিক করল, এখনই শিহাবের চাচার বাসায় ফিরে যাবে। উঠে দাঁড়াতে গেল, হ্যাঁচকা টান পড়ল। কে যেন ওর জ্যাকেটের আস্তিন টেনে ধরেছে। ভয়ে ভয়ে তাকাতেই আধো অন্ধকারে দেখল, মাটি ফুঁড়ে একটা হাত ওর জ্যাকেট টেনে ধরেছে।ভয়ে কাঁপতে কাঁপতে জ্ঞান হারালো রাশেদ।পরদিন খুব সকালে রাশেদকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করল শিহাব আর সোহেল।হাতটাত কিছু নয়।নিজের গাঁথা ছুরিতে আটকে গিয়েছিল ওর জ্যাকেট!