কাঠ ঠকঠক ঠোকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঠকঠক আওয়াজ তুলে শুধু কি কাঠুরেই কাঠ কাটেন? নিশ্চয়ই না! তোমরা হয়তো জানো, বিচিত্র সব পাখির মধ্যে এমন এক পাখি আছে, যারা কাঠ ঠোকরাতে পটু। সেই কাঠঠোকরা পাখিদের কথাই আজ জানাব তোমাদের।
প্রতিদিন একটি কাঠঠোকরা আট হাজার থেকে বারো হাজার বার কাঠে ঠোকর দেয়। অবাক হচ্ছ তো? আরও কিছু মজার তথ্য জানাই তবে তোমাদের। এভাবে কাঠ ঠোকরানোর ফলে এরা খঁুজে পায় গাছের বাকলের খাঁজের মধ্যে লুকিয়ে থাকা পোকামাকড়দের। এই পোকাগুলো এদের খাবার। গাছের গায়ে গর্ত করে বাসাও তৈরি করে এরা। সেই বাসায় থাকে এদের ডিম। আর ডিম ফুটে বাচ্চা বেরোনোর পর প্রায় ২৫ থেকে ৩০ দিন সেখানেই থাকে ছোট্ট কাঠঠোকরারা।
ভাবতে পারো, কাঠ ঠোকরাতে গিয়ে কাঠের গুঁড়ো এদের চোখে কিংবা নাকের ভেতর ঢুকে যায় কি না। জেনে অবাক হবে, এদের চোখের সামনে খুব অল্প সময়ের জন্য ছোট একটা পর্দা চলে আসে আর নাকের ফুটোর কাছে কিছু পালক থাকে বলে এ ধরনের সমস্যায় এদের পড়তে হয় না। পায়ের আঙুলও এমন বিশেষ ধরনের যে কাঠ ঠোকরাতে গিয়ে পড়ে যাওয়ার ভয় নেই। বেশ ভালোভাবেই গাছের ডালে আটকে থাকতে পারে এরা। এদের ঠোঁট কতটা শক্ত হয়, তা-ও বুঝতে পারছ নিশ্চয়ই।
পৃথিবীতে ১৮০টিরও বেশি প্রজাতির কাঠঠোকরা আছে। পৃথিবীর অধিকাংশ এলাকায় কাঠঠোকরা পাখি দেখা যায়। শুধু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর দু-একটি দেশে দেখা মেলে না এদের। পোকামাকড় ছাড়াও এরা ফলমূল আর বাদাম খায়। কিন্তু অন্য পাখিদের মতো গান গাইতে পারে না।
কোনো কোনো কাঠঠোকরা দলবেঁধে থাকতে পছন্দ করে, কেউ কেউ আবার চায় একাই থাকতে। একা থাকতে পছন্দ করে, এমন কাঠঠোকরাদের থাকে একেকটি নির্দিষ্ট এলাকা। কাঠ কিংবা খুঁটির মতো কোনো কিছুকে ঠুকরিয়ে যে আওয়াজ করে এরা, সেই আওয়াজ দিয়েই নিজের এলাকা নির্দিষ্ট করে নেয়।
রাফিয়া আলম
সূত্র: সাইন্সকিডস