কার লাথিতে কত জোর
হাত দিয়ে আমরা যত কাজই করি না কেন, বিপদে পড়লে দৌড়ে পালানোর সময় বোঝা যায় পায়ের মর্মটা। তেমনি বনজঙ্গলে বনগরু, মোষ, হরিণ, জিরাফ, জেব্রা, গাধার মতো এমন অনেক গোবেচারা প্রাণী আছে, হরদম যাদের পালিয়ে বেড়াতে হয় বাঘ ও সিংহের মতো হিংস্র প্রাণী থেকে। আমাদের খুব কাছের পশুর মধ্যে ঘোড়া লাথি মারায় বেশ ওস্তাদ। ঘণ্টায় ২০ মাইল বেগে গাড়ি ছোটালে যে গতি, ঘোড়া ঠিক এই বেগে লাথি চালাতে পারে। জেব্রা আফ্রিকার তৃণপ্রধান বুনো প্রান্তরে বাস করে। ফাঁক পেলেই ক্ষুধার্ত কোনো সিংহ বীরবিক্রমে ঝাঁপিয়ে পড়ে ডোরাকাটা প্রাণীটির ওপর। কিন্তু সব সময়ই শিকে ছেঁড়ে না। জেব্রা যদি পেছনের পা দিয়ে সিংহের মুখে সপাটে একটা লাথি চালাতে পারে, অমনি এই পশুরাজ চিৎপটাং। দেখা গেছে, ৪৫০ পাউন্ড ওজনের বিশাল ধড় সিংহও জেব্রার পায়ের চাঁটির কাছে নস্যি। বিজ্ঞানীদের দেওয়া তথ্যমতে, জেব্রা যখন সব শক্তি দিয়ে লাথি মারে, এতে দেড় মেট্রিক টন পরিমাণ চাপ সৃষ্টি হয়। গড়পড়তা আকারের একজন মানুষ এমন লাথি খেলে ফুট দশেক শূন্যে উঠে প্রায় ২০ ফুট দূরে গিয়ে পড়বে। এতে মৃত্যুর আশঙ্কা ষোলো আনা। গাধার পেছনে দাঁড়ালে অবশ্যই নিরাপদ দূরত্বে থাকতে হবে। কারণ, যেকোনো মুহূর্তে জোড়া লাথি হাঁকাতে পারে ওরা। অস্ট্রেলিয়ার এক আজব প্রাণী ক্যাঙারু। বিশেষ করে লাল ক্যাঙারু। এমনিতে ওরা শান্ত। কিন্তু যখন দুই পুরুষ লাল ক্যাঙারু মুষ্টিযুদ্ধে নামে, তখন দেখা যায় ওদের পায়ের বাহাদুরি। এ সময় ওরা একে অপরের বুকে পেছনের দুই পা দিয়ে ক্রমাগত উড়ন্ত লাথি মেরে চলে। শত্রুর মোকাবিলায়ও ওরা একই কৌশল বেছে নেয়। উড়তে না জানা দুই বিশাল পাখি উট ও রিয়া। একটা রিয়া যখন লাথি মারে, প্রতি বর্গইঞ্চিতে ৮০০ পাউন্ড পরিমাণ চাপ সৃষ্টি হয়। এতে হাড়গোড় ভেঙে যাওয়া বিচিত্র কিছু নয়। উটপাখির লাথি আরও জোরালো, আরও ভয়ংকর। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক ও ওয়েবসাইট