কালো কাক ও সাদা মেঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক টুকরো মেঘ। ধবধবে সাদা। একদিন খুব নিচ দিয়ে যাচ্ছিল। কোথায়? কে জানে? মেঘেরা কখন কোথায় যায়, কেউ কি জানে?আর যাচ্ছিল একটা কাক। মিশমিশে কালো। কোথায় যাচ্ছিল? ছানাদের কাছে। ছানারা ছিল কাঠবাদাম গাছে। কাকের ঠোঁটে খাবার। এক টুকরো রুটি। বড্ড তাড়াহুড়ো কাকটার। ছানারা যে ডাকছে। তাড়াহুড়োয় খেয়ালই করেনি সামনে সাদা মেঘ। ব্যস। কালো কাক ঢুকে পড়ল সাদা মেঘের ভেতর। তারপর?তারপর খুব অবাক ব্যাপার ঘটল। খানিক পর সাদা, না সাদা নয়, কালো মেঘের ভেতর থেকে বেরিয়ে এল কালো, না কালো নয়, সাদা একটা কাক। ধবধবে সাদা কাক। বেরিয়েই ওর খুব ডাকতে ইচ্ছে করল, কা কা কা। কিন্তু বেচারা কাক! ডাকতেও পারল না। কেন বলো তো? কেন আবার? ডাকতে গেলেই ওর ঠোঁট থেকে রুটির টুকরোটা পড়ে যাবে না? ছানাগুলোর যে তখন না খেয়ে থাকতে হবে। কাজেই আর হাঁকডাক না করে কাকটা উড়ে গেল ছানাদের কাছে। মেলে ধরল রুটির টুকরো। ছানাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল রুটির টুকরোটি নিয়ে।আর কালো মেঘ?কালো মেঘটার কী ভীষণ মন খারাপ যে হলো। ছিল সাদা, হয়ে গেল কালো। মন খারাপ তো হবেই। নচ্ছার কালো কাকটা কেন যে মেঘের ভেতর ঢুকেছিল! এখন?এখন আর কী। সাদা মেঘটা কালো হয়েই উড়তে লাগল। উড়তে উড়তে গিয়ে হোঁচট খেল নবনিলদের বাড়ির ছাদের দেয়ালে। ওদের বাড়িটা চারতলা কি না। ওই চারতলাই ডিঙোতে পারল না কালো মেঘ। আসলে কালো হওয়ার পর থেকেই বেশ ভারী হয়ে গেল ও। বাতাসে আর ভেসে থাকতে পারল না। ঝুর ঝুর করে ঝরে পড়ল—বৃষ্টি হয়ে। একটুখানি বৃষ্টি। নবনিলদের চারতলা বাড়ির ছাদের পুরোটাও ভিজল না। খানিক পরে রোদে শুকিয়েও গেল বৃষ্টির পানি। আর কী অবাক! বৃষ্টি শুকিয়ে যেতেই সেই যে সাদা কাক, আবার কালো হয়ে গেল। একেবারে মিশমিশে কালো।ওই অবাক ব্যাপারটা ঘটে গেল অল্প সময়ের মধ্যে। যারা দেখেছে কেবল তারাই জানে। আর যারা দেখেনি, তারা কি জানে?জানবে। এই গল্পটা পড়লেই জানবে।