কাল্পনিক নয়, সত্য
বহুদিন সিনেমা হলে বসে ছবি দেখিনি, তাই ভুলেই গিয়েছিলাম যে ছবি শেষ হওয়ার পর হলে আলো জ্বেলে দেওয়া হয়। এমনিতে সেটি কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু সেদিন আমি বেকায়দায় পড়ে গিয়েছি; কারণ, ছবির শেষ দৃশ্যের কারণে আমার চোখে পানি এবং আমি সেটা মোছার সময় পাইনি, তার আগেই হলে বাতি জ্বলে উঠেছে। নিজেকে আড়াল করে বের হওয়ার চেষ্টা করছি, তখন একজন বয়স্ক মহিলা আমাকে থামালেন। সৌজন্যমূলক দু-একটি কথা বলে তিনিও আমাকে জানালেন, ছবিটি দেখে তাঁর চোখেও পানি এসেছে। আমি আরেকটু এগিয়ে এসে একটি বিচিত্র দৃশ্য দেখতে পেলাম, দুই বোন একজন আরেকজনকে ধরে হাউমাউ করে কাঁদছে। কাছেই বাবা-মা বিব্রত মুখে দাঁড়িয়ে আছেন, কী করবেন বুঝতে পারছেন না।আমি মেয়ে দুটির মাথায় হাত রেখে বললাম, ‘কাঁদার কিছু নেই। পুরো গল্পটা বানানো, সত্যি সত্যি কেউ মারা যায়নি।’ কথাটি আমি জোর দিয়ে বলতে পারছিলাম কারণ, যে বইটিকে চলচ্চিত্রে রূপ দেওয়া হয়েছে, সেটি আমার লেখা একটি বই, বইয়ের নাম আমার বন্ধু রাশেদ। আমার কথায় অবশ্য কোনো কাজ হলো না, মেয়ে দুটি একজন আরেকজনকে ধরে কাঁদতেই থাকল।একাত্তরের ওপর ভিত্তি করে লেখা এই বইয়ের চরিত্র, সংলাপ, ঘটনাগুলো কাল্পনিক হলেও একাত্তরের সেই মুক্তিযুদ্ধ তো কাল্পনিক নয়। রাশেদ নামে একাত্তরে আমার কোনো বন্ধু মারা যায়নি। কিন্তু অন্য নামের অনেক বন্ধু তো যুদ্ধ করতে করতে মারা গেছে। এই চলচ্চিত্রে যে রকম নৃশংস পাকিস্তানি মিলিটারি দেখানো হয়েছে, তেমন মিলিটারি তো সত্যিই ছিল। প্রায় এক লাখ মিলিটারি আত্মসমর্পণ করে বিচার ছাড়াই পাকিস্তানে ফিরে গেছে। চলচ্চিত্রের রাজাকারদের কথা আমরা সবাই জানি, তাদের কেউ কেউ এখন ধরা পড়েছে, যুদ্ধাপরাধী হিসেবে বিচার হবে। দেশের সাধারণ মানুষ তো সত্যিই একটা দুঃসহ অনিশ্চিত জীবনের ভেতর দিয়ে গিয়েছে। প্রাণ বাঁচানোর জন্য সত্যিই তো মানুষ ঘরবাড়ি ছেড়ে শরণার্থী হয়েছিল। মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য সত্যি সত্যিই তো শিশু-কিশোরেরা এগিয়ে এসেছিল, তাদের অনেকেই তো পাকিস্তানি মিলিটারির হাতে মারা গিয়েছিল। এসব কিছু নিয়ে প্রায় ২০ বছর আগে কী লিখেছিলাম, এখন আর মনে নেই। চলচ্চিত্রটি দেখার সময় হঠাৎ করে পুরো একাত্তর যেন আমার চোখের সামনে ভেসে উঠেছে। বইয়ে আমি কতটুকু পেরেছিলাম জানি না, কিন্তু মোরশেদুল ইসলাম খুব যত্ন করে একাত্তরকে আমাদের চোখের সামনে তুলে এনেছেন। কলম দিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেও আমি যেটা বোঝাতে পারি না, চলচ্চিত্র পরিচালক একঝলকের একটা দৃশ্য দিয়ে সেটা বুঝিয়ে দিতে পারেন।এই দেশে একাত্তরের মুক্তিযোদ্ধা তাঁদের পরিবার, সেই সময়ে পাকিস্তানি মিলিটারি, রাজাকার আল-বদরের হাতে স্বজন হারানো মানুষগুলো সবাই মিলে আসলে একটি বিশাল পরিবার। এই পরিবারের বন্ধন রক্তের বন্ধন থেকে কোনো অংশে কম নয় (তারা মরে গেলেও ওয়ার্ল্ড কাপের খেলা দেখে পাকিস্তান পাকিস্তান করে চিৎকার করতে পারবে না)। এই ছবিটি দেখে মনে হয়েছে মোরশেদুল ইসলাম একটি অসাধ্য সাধন করেছেন। যারা মুক্তিযুদ্ধ দেখেনি, স্বজন হারানোর ব্যথা অনুভব করেনি, সেই নতুন প্রজন্মও যেন এই চলচ্চিত্রটি দেখে এই দেশের সেই মুক্তিযোদ্ধা আর স্বজন হারানো পরিবারের সদস্য হয়ে গেছে।ধন্যবাদ, মোরশেদুল ইসলাম, এই দেশের শিশু-কিশোরদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একাত্তর না দেখেও একাত্তরকে অনুভব করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। স্বজনকে না হারিয়েও স্বজন হারানোর ব্যথা কত তীব্র হতে পারে, সেটি অনুভব করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।২ এপ্রিল ২০১১