কুশি ও পিঁপড়াবন্ধুর গল্প
এক দেশে আছে এক পিঁপড়া। এক দেশে একটা পিঁপড়া একা! না। সে দেশে আছে একটা বাসা। সে বাসায় থাকে পিঁপড়াটা। সে বাসায়ও সে একা থাকে না। আর ওটা তার বাসাও নয়। ওটা কুশিদের বাসা। কুশি তার বাবা আর মায়ের সঙ্গে থাকে সে বাসায়। বাসার মেঝেতে এক কোনায় একটা গর্তে থাকে পিঁপড়াটা। একা নয়। থাকে মা-বাবা আর ভাইবোনদের সঙ্গে।সেই পিঁপড়াটার সঙ্গে কুশির খুব খাতির।ও মা! খাতির কীভাবে হবে? পিঁপড়া কি মানুষের সঙ্গে কথা বলতে পারে?না না, কথা বলে খাতির হয়নি। খাতির হয়েছে খাবার খাইয়ে।শুরুটা হয়েছে এভাবে: ছোট্ট কুশি। তিন কি চার বছর বয়স। মা তাকে মুখে তুলে খাইয়ে দেন। একদিন খাওয়ার সময় দুটো কি তিনটা ভাত কুশির ঠোঁট ফসকে পড়ে গেল মেঝেতে। মা খেয়াল করলেন না। কিন্তু ছোট্ট কুশি খেয়াল করল। খেয়াল করে সে অবাক হলো। অবাক হয়ে দেখল, ভাতগুলোর আশপাশে ঘুরঘুর করছে একটা পিঁপড়া। একবার ভাতের ওপরে উঠছে, একবার নেমে আসছে। আবার একটা ভাতকে টেনে নেওয়ার চেষ্টা করছে।গভীরভাবে ব্যাপারটা লক্ষ করল কুশি।মা বললেন, কী হলো, ভাত চিবাও।চিবাচ্ছি তো। বলেই আবার পিঁপড়াটার কাণ্ড দেখতে চাইল কুশি। কিন্তু কই, পিঁপড়াটা যে নেই!কুশির মন খারাপ হলো। তবে একটুক্ষণের জন্য। কুশি আরও অবাক হয়ে দেখল, অনেকগুলো পিঁপড়া এসেছে এবার। ভাতগুলোকে ঘিরে ধরে টেনে নিয়ে যাচ্ছে দলে দলে। কুশির কৌতূহল বাড়ল। সে দেখতে চাইল—কোথায় যায় পিঁপড়াগুলো? দেখল, তাদের দরজার ফ্রেমের নিচে যে ছোট্ট একটা ছিদ্র আছে, ভাতগুলো নিয়ে সেখানেই ঢুকে যাচ্ছে পিঁপড়াগুলো।ব্যাপারটাতে কুশি খুব মজা পেল। এর পর থেকে প্রতিবেলা ভাত খেতে বসে মাকে লুকিয়ে দু-একটা ভাত মেঝেতে ফেলে দেয় সে। পিঁপড়া এসে ভাতগুলো নিয়ে যায়। মজার খেলা। সকালে ফেলে রুটির টুকরা। মজার খেলা। বিকেলে ফেলে চানাচুর-বিস্কুট। মজার খেলা।খেলাটা পিঁপড়াদেরও পছন্দ হয়ে যায়। খেলছে আবার খাবারও পাচ্ছে। দারুণ! শুধু পছন্দই হয় না, সময়টাও মুখস্থ হয়ে যায় পিঁপড়াদের। সকাল নয়টায়। দুপুর দেড়টায়। রাত নয়টায়। বিকেলে সূর্য ডোবার সময়। ঠিক সময় ধরে পিঁপড়ারা হাজির হয় কুশিদের ডাইনিং টেবিলের নিচে। আগে আসে বন্ধু পিঁপড়াটা। পরে অন্যগুলো।এভাবে দিন যায়। খেলা চলে।কিন্তু একদিন।একদিন পিঁপড়ারা সকাল নয়টায় আসে। এসে বসে থাকে। বসেই থাকে। কিন্তু কুশির কোনো সাড়াশব্দ নেই। শুধু কুশির কেন, ওর মায়েরও সাড়াশব্দ পায় না ওরা। সোয়া নয়টা, সাড়ে নয়টা, দশটা বাজে। নেই তো নেই-ই। কেউ। কোথাও।ব্যাপারটা কী হলো? চিন্তায় পড়ে যায় পিঁপড়ারা। ঘরময় হেঁটে বেড়ায়, ছুটে বেড়ায় তারা। বসার ঘরে যায়। নেই। শোবার ঘরে? নেই। বারান্দায় যায়। নেই।মন খারাপ করে পিঁপড়ারা ঢুকে যায় গর্তের ঘরে। বেশি মন খারাপ হয় কুশির বন্ধু পিঁপড়াটির। সে কথা বলে না। হাঁটে না। এক জায়গায় বসেই থাকে মন খারাপ করে। তাকে মা-বাবা বোঝায়—হয়তো কোথাও বেড়াতে গেছে কুশি। দাদাবাড়ি বা নানাবাড়ি। ভাইবোনেরা বোঝায়। কিন্তু পিঁপড়াটার সেই এক কথা, না। কোথাও বেড়াতে যায়নি কুশি। বাবা জিজ্ঞেস করে, কীভাবে বুঝলে তুমি? যেতেও তো পারে। মাও বলে, ভাইবোনেরাও বলে—যেতেও তো পারে। পিঁপড়াটা বলে, না। আমি বুঝি। কুশিরা কোথাও বেড়াতে গেলে আগের দিন থেকেই আমি বুঝি। ওরা ব্যাগ-ট্যাগ গুছিয়ে তৈরি হয়।আচ্ছা বাবা, ঠিক আছে। তোমার কথা মানলাম। কিন্তু এটা তো ঠিক—কোথাও না কোথাও গেছে কুশিরা। বাবা বলে।তা তো ঠিক। কিন্তু কোথায় গেছে কুশি? কেঁদে দেয় পিঁপড়াটা।কাঁদে না। কাঁদে না সোনা। কুশির জন্য অপেক্ষা করতে করতে আমার সোনার ক্ষুধা লেগেছে। চলো খাবে। মা বলে।আমি খাওয়ার জন্য কাঁদছি না। কুশির জন্য কাঁদছি। কোথায় গেছে ও?ও, আচ্ছা আচ্ছা।পিঁপড়ারা চিন্তায় পড়ে যায়। থামছেই না পিঁপড়ার কান্না।সব পিঁপড়া মিলে মিটিং করে এবার।বাবা পিঁপড়াটা বলে, তোমরা সবাই ঘটনা দেখতে পাচ্ছ। ওর কান্না থামানো যাচ্ছে না। অবশ্য কাঁদাটাই স্বাভাবিক। আমি হলে আমিও কাঁদতাম। কুশি ওর বন্ধু। প্রতিদিন সকালে নাশতায় ওদের দেখা হয়। অথচ আজ হয়নি।...পিঁপড়াটা ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে।আচ্ছা বাবা, ঠিক আছে। কান্না থামাও। বাবা পিঁপড়াটা পা বোলায় পিঁপড়াটার পিঠে। বলে, আমরা একটা সিদ্ধান্তে আসি।কী সিদ্ধান্ত?আমরা সবাই গর্তের বাইরে গিয়ে বসে থাকব। কুশি আসা পর্যন্ত। দেখতে হবে ও কখন আসে। কোত্থেকে আসে।সিদ্ধান্তমতো সবাই বেরিয়ে আসে গর্ত থেকে। দরজার সামনে ছড়িয়ে-ছিটিয়ে অপেক্ষা করতে থাকে। সবার মনে উৎকণ্ঠা। নড়াচড়া নেই। এগারোটা বাজে। দরজা খোলে না। সাড়ে এগারোটা। কুশি আসে না। দুশ্চিন্তায় গলা শুকিয়ে আসে পিঁপড়াদের।অবশেষে বারোটার দিকে দরজায় শব্দ হয়। নড়েচড়ে বসে পিঁপড়ারা। দরজা খুলে যায়। কুশি ঘরে ঢোকে। পেছনে মা। অবাক তাকিয়ে থাকে পিঁপড়ারা। কুশির পিঠে স্কুলব্যাগ। পরনে স্কুলের পোশাক। গোলাপি জামা, সাদা ওড়না, কালো জুতায় ওকে ছোট্ট পরির মতো লাগে।তার মানে কুশি স্কুলে যায়! কুশি স্কুলে ভর্তি হয়েছে! পিঁপড়ারা একে অন্যের দিকে তাকায়। তারপর হেসে ওঠে। কুশির বন্ধু পিঁপড়াটার চোখে জল চলে আসে খুশিতে।