কুসুমপুরে সিন্ডারেলা
‘তুমি কে গো, খুকি? অমন অদ্ভুত পোশাক পরে আছো যে! তুমি কি ভিনদেশের রাজকইন্যা?’করিম মিয়া দরজা খুলে অবাক। সাতসকালে বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে অদ্ভুত পোশাক পরা এক কিশোরী। মাথায় গোল টুপি। পরনে লম্বা ফ্রক। হাতে আবার চকচকে একটা ব্যাগ। চেহারা দেখে মনে হয় বিদেশি।‘জি, আঙ্কেল, আমি সিন্ডারেলা। রূপকথার রাজ্য থেকে এসেছি।’‘একি কথা গো! রিন্টুর মা, দেখে যাও কে এসেছে! আসো, মা। ভেতরে আসো।’ করিম মিয়া ব্যাপারটা ধরতে পারলেন না। সিন্ডারেলাও বুঝতে পেরেছে, কেউ সহজে তার কথা বিশ্বাস করবে না। না করুক। আপাতত ঘরে ঢোকা যাক। পরে না হয় সব বলা যাবে।সিন্ডারেলার চোখ ভর্তি কৌতূহল। এদিক-ওদিক তাকাচ্ছে। দেশটার নাম বাংলাদেশ। সে এসেছে কুসুমপুর নামের একটা গ্রামে। এক দুষ্ট জাদুকর তাকে জাদু করে রাজ্য থেকে বের করে দিয়েছে। রূপকথার বই থেকে সত্যিকারের পৃথিবীতে চলে এসেছে সিন্ডারেলা।সিন্ডারেলাকে দেখে করিম মিয়ার স্ত্রী শরিফা বেগমের চোখ কপালে উঠে গেল, ‘ওমা! মেয়েটা কী সুন্দর! লাল টুকটুকে। তুমি কি বিদেশি?’গুটি গুটি পায়ে রিন্টুও এসে হাজির। সে মাত্র ক্লাস ফাইভে উঠেছে। এখনো হাফপ্যান্ট পরে। তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল সিন্ডারেলা। ব্যাগ খুলে কী যেন বেরও করল, এই নাও চকলেট।রিন্টু সঙ্গে সঙ্গে চকলেটটা মুখে দিল না। রূপকথার দেশের চকলেটে আবার কী না কী আছে।‘ভয় পেয়ো না। এটা নীলপরি প্রাইভেট লিমিটেড কোম্পানির চকলেট। ওখানে পরিরা চকলেট বানায়। অনেক মজা!’ রিন্টুর তর সইল না। সঙ্গে সঙ্গে মুখে পুরে দিল। মনে হচ্ছে, মুখের ভেতর মিষ্টি একটা নদী বয়ে যাচ্ছে। যাচ্ছে তো যাচ্ছেই, থামার জো নেই! কী আজব চকলেট!করিম চাচা ব্যস্ত হয়ে বাইরে গেলেন। ঘরে বিদেশি মেহমান। বাজার করতে হবে। কিছুক্ষণের মধ্যে রিন্টুর সঙ্গে সিন্ডারেলার ভাব হয়ে গেল। রিন্টু এখন পুরোপুরি বিশ্বাস করেছে যে সিন্ডারেলা রূপকথার বই থেকেই এসেছে। যে বই থেকে এসেছে সেই বইতে নির্ঘাত এখন সিন্ডারেলার কথা লেখা নেই। ‘তোমার সঙ্গে রাজপুত্রের দেখা হয়েছিল?’ ‘হুম, হয়েছিল। আহা বেচারা...। মাত্র বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে। এমন সময় দুষ্ট জাদুকর মিউনি এসে আমার কাছে বিয়ের আংটিটা চেয়ে বসল। দেইনি দেখে আমাকে জাদু করে বই থেকেই বের করে দিল।’পুকুরপাড়ে হাঁটছে দুজন। রিন্টুর হাফপ্যান্টটা বেশ ঢিলে। বারবার টেনে ওপরে তুলতে হচ্ছে। সিন্ডারেলার মতো সেও মহা চিন্তায় আছে। সমস্যা আসলেই গুরুতর। গল্পের বই থেকে বের হয়ে গেলে আবার ফিরে যাবে কী করে! বাস-ট্রাকে নিশ্চয়ই যাওয়া যাবে না। রূপকথার রাজ্য কোথায় আছে কে জানে!এরই মধ্যে রিন্টু অনেকগুলো গল্প শুনে ফেলল। রূপকথার সত্যি গল্প। সুয়োরানি নাকি খুব অসুস্থ হয়ে গেছে। অন্যদিকে ডালিম কুমারের অ্যাপেন্ডিসাইটিস নামের অদ্ভুত একটা রোগ হয়েছে। একটু পরপর নাকি ‘পেটে ব্যথা’ বলে চিৎকার দিয়ে ওঠে। সবচেয়ে বড় কথাটি হলো, রূপকথার রাজ্যে নাকি এখন ডিজিটাল যুগ চলছে। সবার ঘরে ঘরে কম্পিউটার!‘এখানে যে একটা আসল পৃথিবী আছে সেটা আমি বিশ্বাস করতাম না, তবে অনেক পড়েছি এটার কথা।’‘পড়লে কী করে?’‘আমাদের রাজ্যেও তো রূপকথার বই আছে। তোমাদের পৃথিবীটা হচ্ছে আমাদের রূপকথার রাজ্য।’কথা বলতে বলতে দুজন পুকুরপাড়ে চলে এল। শুক্রবার হওয়ায় রিন্টুর স্কুল বন্ধ। গ্রামের ছেলেমেয়েরা দলবেঁধে টিভিতে সিনেমা দেখছে। রিন্টুর টিভি দেখতে মোটেও ভালো লাগে না। সে হড়বড় করে সিন্ডারেলাকে রূপকথার গল্প শুনিয়ে যাচ্ছে। যত শুনছে তত অবাক হচ্ছে মেয়েটা। তাকে নিয়ে সারা দুনিয়ায় এতগুলো গল্প লেখা হয়েছে, এটা তার বিশ্বাসই হচ্ছে না। তবে তাদের রাজ্যে সেও বাংলাদেশের অনেক গল্প পড়েছে।‘বাংলাদেশের রূপকথা আমি অনেক পড়েছি। শুনবে একটা গল্প?’ গল্প শোনার লোভে রিন্টুর চোখ চকচক করে উঠল। এ তো যেনতেন গল্প নয়, একেবারে রূপকথার দেশে লেখা গল্প। দুজন পুকুরঘাটে বসল। সিন্ডারেলা গল্প শুরু করল, ‘গল্পের নাম আসমা।’‘অ্যাঁ! এ কেমন নাম!’‘কেন! তোমরা সিন্ডারেলা নামে গল্প লিখতে পারলে আমরা আসমা নামে পারব না কেন?’‘হুম...তাই তো! তারপর বলো।’‘আচ্ছা, শোনো, এক দেশে এক প্রধানমন্ত্রী ছিল। তার একটা...।’‘থামো! থামো! এ কী বলছো! এক দেশে তো এক রাজা থাকে!’রিন্টুর কথায় সিন্ডারেলা কিছুটা বিরক্ত। ‘রাজা আসবে কেন! রাজা-বাদশাহদের দিন তো এখন নেই।’ রিন্টু হাল ছেড়ে দিয়ে বলল, ‘যা-ই হোক, গল্প বলো।’‘এক দেশে এক প্রধানমন্ত্রী ছিল। প্রধানমন্ত্রীর একটা ফুটফুটে মেয়ে ছিল। মেয়ের নাম আসমা। মেয়েটা সারা দিন একা একা থাকত। কারণ, তার বাবা ছিল মহা ব্যস্ত এক মানুষ। সারা দিন মন্ত্রী-এমপিদের সঙ্গে বৈঠক...।’‘হয়েছে! আর শুনব না। এ গল্প মজার না।’ রিন্টুর মেজাজ খারাপ দেখে সিন্ডারেলা গল্প বলার সাহস পেল না। ‘রিন্টু, তোরা খেতে আয়।’মায়ের ডাক শুনে একছুটে দুজন ঘরে হাজির। ইলিশ মাছের সঙ্গে তিন রকমের শাক। সঙ্গে আবার ছোট মাছও আছে। সিন্ডারেলার চোখ চকচক করে উঠল। এত দিন কেবল রূপকথার গল্পেই এসব খাবারের কথা পড়েছে। শরীফা বেগম সিন্ডারেলাকে এরই মধ্যে নিজের মেয়ে বানিয়ে ফেলেছেন। কার না কার মেয়ে, পথ ভুলে এসেছে! সিন্ডারেলার জন্য একটা নামও ঠিক করেছেন—পারুল। ‘নে পারুল। মাছ নে।’ সিন্ডারেলা আবারও অবাক হয়ে গেল। পারুল তার সবচেয়ে প্রিয় গল্পটার নাম। বাহ্! এখন থেকে তার নামও পারুল। খাওয়া শেষে আবার ঘোরাঘুরি শুরু। তবে আগের মতো আর খুশি খুশি দেখাচ্ছে না সিন্ডারেলা ওরফে পারুলকে। কারণ, বাড়ির জন্য তার মন খারাপ লাগছে। তার বোন আর সত্মা এখন অনেক ভালো। আগের মতো অত্যাচার করে না। উল্টো আদর দিয়ে তাকে মাথায় তুলে রেখেছে। রাজপুত্রটাই শুধু দিন দিন বোকা হচ্ছে। সিন্ডারেলাকে খুঁজতে না জানি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে!খাওয়া শেষে পুকুরঘাটে বসল দুজন। সিন্ডারেলা একটু পরপর ফুঁপিয়ে উঠছে। রূপকথার দেশে ফেরার কোনো উপায় জানা নেই তার। ‘পাইছি! কিউরেকা! না না, ইউরেকা!’তড়াক করে লাফিয়ে উঠল রিন্টু। সিন্ডারেলাও কান্না থামিয়ে চোখ বড় বড় করে তাকাল।‘শোনো, রূপকথার গল্প তো আমাদের লেখকেরা লেখে। তাদের কাছে গেলেই তো হয়! তারা তোমাকে নিয়ে একটা গল্প লিখলেই তো তুমি ফিরে যাবে!’ সিন্ডারেলা আরেকটু হলে খুশিতে কেঁদেই ফেলত। ‘ইশশ...দারুণ বুদ্ধি তোমার। থ্যাংক ইউ। কিন্তু লেখক পাবে কোথায়?’‘চিন্তা নাই! আমাদের সাজু ভাই আছে। কবিতাটবিতা লেখে। গল্পও লিখতে পারে। আমাদের অনেক অনেক গল্প শোনায়। এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, আমি সাজু ভাইকে খুঁজি।’ সন্ধে হয়ে গেছে। রিন্টুর মা সিন্ডারেলাকে ভাপাপিঠা খেতে দিয়েছেন। সম্ভবত রূপকথার গল্পে এ পিঠার কথা কেউ লেখেনি। আর এ জন্যই সিন্ডারেলা এত মজা করে খাচ্ছে। ‘আরও দিন! অনেক মজা!’শরিফা বেগমের ইচ্ছে করছে না, তবু বললেন কথাটা, ‘তোমার বাড়ির মানুষ চিন্তা করতাছে না, মা?’ ‘হুম...। করছে। করুক গে। আমি আরও পরে যাব।’‘তুমি যাবা কেমনে? কই থাকো?’‘রিন্টু আমাকে পাঠানোর ব্যবস্থা করতে গেছে। একটু পরই যাব।’‘রাইতে আর যাইবা ক্যান। রাইতটা থাকো।’‘আজকে রাতে যদি গল্প লেখা হয়ে যায় তাহলে আজই চলে যাব।’শরিফা বেগমের মন খারাপ হয়ে গেল। তবে চিন্তাও হতে লাগল। সিন্ডারেলাকে না দেখে তার বাসায় নিশ্চয়ই এতক্ষণে কান্নাকাটি শুরু হয়ে গেছে।রিন্টুর কথামতো মোহাম্মদ সাজু মিয়া খাতা-কলম নিয়ে হাজির। বাজারে তার অনেক বই। সবই ছোটদের জন্য লেখা। রূপকথার বই তেমন একটা লেখেন না। কিন্তু এখন সমস্যা গুরুতর। লিখতেই হবে। সাজু মিয়ার সঙ্গে সিন্ডারেলার টুকটাক কথা হয়েছে। তিনি এখন চা খাচ্ছেন আর ভাবছেন। ‘ভাবনার কিছু নেই, সাজু ভাই। লেইখা দেন, সিন্ডারেলা বাড়িত গেসে।’ রিন্টুর কথায় সাজু মিয়া বিরক্ত হলেও তা প্রকাশ করলেন না। লেখক কী লিখবে না লিখবে সেটা লেখক জানে। ‘সাজু ভাই, আপনি যা-ই লেখেন না কেন, এমন একটা ব্যবস্থা করেন যেন রূপকথার রাজ্য থেকে আমি মাঝেমধ্যে এখানে আসতে পারি। ভাপাপিঠা খাওয়ার জন্য।’‘হুমম। তার আগে জাদুকর মিউনির রাহু কাটাতে হবে। ভাবছি...। হুম...।’ সুড়ুত্ করে চায়ের কাপে ফাইনাল চুমুক দিয়ে কলম চেপে ধরলেন সাজু মিয়া। বারণ করা সত্ত্বেও দুজন উঁকি মেরে দেখছে কী লেখা হচ্ছে। সাজু মিয়া লিখতে শুরু করলেন। সিন্ডারেলাকে এখন পাখির সঙ্গে গান গাইতে হবে। পাখির সঙ্গে গান না গাইলে এ জাদু কাটবে না। কিন্তু রিন্টুদের বাড়ির উঠোনে মস্ত বড় এক কাক। কাক তো আর গান গায় না। এখন পাখি পাবে কোথায়? সিন্ডারেলা গেল উঠোনে। তার মাথায় অনেক বুদ্ধি। পকেট থেকে বের করল নীলপরি প্রাইভেট লিমিটেড কোম্পানির চকলেট। উঠোনে ছুড়ে দিতেই ছোঁ মেরে ওটা গিলে ফেলল দাঁড়কাকটা। কী আশ্চর্য ব্যাপার! একটু পর কা কা বাদ দিয়ে আরামসে শিস বাজিয়ে যাচ্ছে কাকটা। সিন্ডারেলাও তার সঙ্গে শিস বাজাতে লাগল। রিন্টু আর রিন্টুর মা অবাক হয়ে তাকিয়ে রইল। সিন্ডারেলা আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যাচ্ছে! যাওয়ার আগে সিন্ডারেলা রিন্টুর দিকে তাকিয়ে হাত নেড়ে বলল, ‘গুডবাই, রিন্টু। আবার দেখা হবে। এরপর এলে তোমাদের সবাইকে নিয়ে যাব রূপকথার দেশে।’