কুহুর কথা
কাকের বাচ্চা তিনটা শেষ বিকেলের দিকে দারুণ ঘুম দিচ্ছিল। এমন সময় কোত্থেকে এক আগন্তুক এসে জুটল। কাকের বাসায় ঘুমন্ত তিন বাচ্চার পাশে সাদা একটা ডিম রেখে গেল। বাচ্চা তিনটা কিছুই টের পেল না। যা-ই হোক, সূর্য পাটে নামার আগেই মা-কাক ফিরে এল। ফিরেই ধাক্কামতো খেল। তিনটা বাচ্চা একটা ডিমকে জড়িয়ে ধরে আদুরে ঘুম ঘুমাচ্ছে। মা-কাক সন্দেহ করল, কোকিল না তো আবার? ওর তো এই স্বভাব। অন্যের বাসায় ডিম পেড়ে পগারপার। লাথি দিয়ে ফেলে দেওয়া উচিত। কিন্তু সেটা সম্ভব নয়, বাচ্চা তিনটা যেভাবে ঘুমাচ্ছে ওটাকে ঘিরে! ভালো ঝামেলায় পড়ল মা-কাক।কাকদের মাথায় বুদ্ধিশুদ্ধি কম হয়। তাই অনেক ভেবে কাকটা ধরেই নিল ডিমটা তারই। শুধু তাই নয়, নিজের ডিম চিনতে না পেরে নিজেই মনে মনে খেপে গেল।কিছুদিন পরে সেই ডিম ফুটে বাচ্চা বেরোল। মা-কাক দারুণ খুশি। কারণ, বাচ্চাটা যে মেয়ে। তিন ছেলের পর এক মেয়ে পেয়ে আনন্দ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু গোল বাধল অন্য জায়গায়। বাচ্চাটাকে মা-কাক ‘ভাইয়া’ বলতে বললেই বাচ্চাটার গলা দিয়ে সুমধুর সুর বেরিয়ে এল।মা-কাকের মাথায় হাত! এটা মোটেই কা কা না, অবিকল কুহু কুহু। সর্বনাশ, ভুল হয়ে গেছে। ভাইয়েরাও সেটা বুঝতে পেরেছিল মায়ের মতোই। চারজনে মিলে নির্দয়ভাবে কোকিলের ছানাটাকে ফেলে দিল। ভাগ্য ভালো, ছানাটা পড়ল গিয়ে মানিপ্ল্যান্টের পাতার ওপর। তার নিষ্পাপ চোখের পানি সেই পাতার ওপর পড়তে থাকল। কেউ দেখল না।সময় তো থেমে থাকে না। মেঘে মেঘে বেলা হয়। ছোট্ট ছানার গায়ে পালক গজায়। তো, একদিন সে উড়তে উড়তে বনের এক জায়গায় দেখে, ‘শ্রেষ্ঠ গান গাইয়ে প্রতিযোগিতা’ হচ্ছে। ছানাটা তখনো জানে না যে সে-ই বনের শ্রেষ্ঠ গায়িকা। তাই সে মন খারাপ করে চলে যাচ্ছিল। তখনই চোখে পড়ল, একটা অসুস্থ পাখি অশোকগাছের পাতার নিচে শুয়ে আছে। দেখেই মায়া হয়। চোখ ঘোলাটে, শতছিন্ন পাখা। ছানাটা পাখিটার কাছে গেল। জানতে পারল, পাখিটা ভীষণ অসুস্থ, অভুক্ত।ছানাটা ভেবে দেখল, প্রতিযোগিতায় নামলেই জয়ী হওয়া কোনো ব্যাপারই নয়। তার কণ্ঠ ভালো না হোক, সুরটাই আসল। এই সুরই তাকে ঘরছাড়া করেছে। ছানাটা প্রতিজ্ঞা করল, এই সুরই তাকে ঘরে ফেরাবে।যা ভাবছ তোমরা, তা-ই হলো। ছানাটা পুরস্কার হিসেবে ১০ হাজার শস্যকণা পেল। তার আনন্দটা তোমরা মনে হয় বুঝতেই পারছ; বলার কিছু নেই। সে ঠোঁটে করে শস্যের পুঁটলি নিয়ে সেই অশোকের পাতার নিচে ফিরে এল। কিন্তু...জায়গাটা ফাঁকা। শুধু কিছু শুকনো ডাল পড়ে আছে।ছানাটা শস্যের কণা মুখে নিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে থাকল। শুকনো ডালগুলো চোখের পানিতে ভিজিয়ে ছানাটা যখন ফিরে যাচ্ছে, তখন সে জানতেও পারল না অসুস্থ পাখিটা তার মা ছিল।ও হ্যাঁ, যাওয়ার সময় পুঁটলিটা সে ওখানেই রেখে এল। পাখিটা আবার যদি ফিরে আসে। কিন্তু কুহুদের গল্পে ফিরে আসা বলে কিছু থাকে না। জিলা স্কুল, কুষ্টিয়া