কেউ বিশ্বাস করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রাতে ছাদে গিয়েছিলাম, কাউকে না জানিয়ে। এমনকি রাতুল আর কুহুকেও না। ওদের জানালে বায়না ধরত, তারাও সঙ্গে যাবে। তাহলে পুরো উদ্দেশ্যটাই মাটি। ছাদে যাওয়ার কারণ অবশ্য একটা আছে, সেটা না-হয় পরেই বলি।রাতে যখন রাতুল আর কুহু ঘুমিয়ে, বাড়ির কেউ জেগে নেই, তখন ঠিক করলাম ছাদে যাব। লোডশেডিং চলছে। জানালা দিয়ে তাকিয়ে দেখি আধখানা চাঁদ আকাশে; আমাকে ডাকছে খুব মিষ্টি স্বরে, ‘এসো এসো, কথা আছে।’ আচ্ছা, এ সময়ে কেউ কি সাড়া না দিয়ে থাকতে পারে! তাই তাকে হাত দিয়ে ইশারা করলাম, ‘আমি আসছি।’ ছাদে বড় একটা ড্রামে কামিনী ফুলের গাছ। আহ্, কী সুন্দর অদ্ভুত মিষ্টি গন্ধ, মনটা আকুল করে দেয়। এখন ছাদের ওপারে চাঁদ আর আমি। সারা শহর ঘুমিয়ে। আমি তাকিয়েই আছি চাঁদের দিকে, চোখের পাতা আর পড়তে চায় না। চাঁদ শুধালো, ‘কী দেখছ, অমন করে।’ আমি খুব লজ্জা পেলাম। কী বলব, বুঝতে পারছিলাম না তো! তবু ঢোক গিলে কোনোমতে বললাম, তোমাকে। চাঁদ বলল: আমাকে তো পৃথিবীর সবাই লাখ লাখ বছর ধরে দেখে আসছে। মিছে স্বাদ তো নয়। আসল কথাটা কিন্তু তুমি আমাকে বলতে পারছ না। আমাকে দেখার স্বাদই আলাদা।আমি বললাম: মানে?মানে খুব সোজা। তুমি আমাকে চাইছ। চাঁদ হাসল।আমি সত্যিই চাঁদটাকে চাচ্ছিলাম। আধখানা চাঁদটাকে দেখে হঠাৎ ডিঙি নৌকাই মনে হলো। আরও ইচ্ছে হলো, ইস্, যদি চাঁদটা আমার ডিঙি হতো। তাহলে সারা আকাশ ঘুরে বেড়াতাম। কিন্তু চাঁদ কি আমার মনের কথাটা জানতে পেরেছে!আমার ভাবনার মাঝখানেই চাঁদ বলল, ‘তুমি আমাকে নৌকা বানাতে চাও, তাই না?’আমি আর অস্বীকার করতে পারলাম না, ‘হ্যাঁ চাঁদ, আমি তা-ই চাই, কিন্তু আমার আশা কি পূরণ হবে?’‘হবে হবে’—বলেই চাঁদটা সারা ছাদ আলো করে নেমে এল। আমার চোখটা আলোয় ঢাকা পড়ে গেল। ভয় পেয়ে চোখ বন্ধ করলাম। চাঁদ বললে, ‘চোখ খোলো।’ দেখলাম, সেই ঝলমলে চোখ ধাঁধানো আলো আর নেই। একটা রুপোর নৌকা। কিন্তু নৌকাটাকে দাঁড়ের কথা বলি কী করে!‘এই নাও দাঁড়।’ একটা সোনার দাঁড় আমার হাতে চলে এল। জাদুর মতোই বিষয়টা। আশ্চর্য লাগল সবকিছু। চোখের পলক ফেলতে না ফেলতেই আমি দেখলাম, আকাশের ঠিক মাঝখানে আমি। নৌকা তো নদীতে, না-হয় খালে চলে কিন্তু আমার নৌকা চলছে আকাশপথে—আমি দাঁড় টানছি। সামনে রাশি রাশি মেঘ আমার নৌকাকে ছুঁয়ে, কাটিয়ে উল্টো দিকে চলে যাচ্ছে, মেঘগুলোই আমার ঢেউ। ডিঙিটা দুলছে মেঘের তালে তালে।চাঁদ নৌকাটার মুখটা দেখতে পারলে ভালো হতো—মুখ না দেখে কি কারও সঙ্গে কথা বলা যায়! যায় অবশ্য; যেমন মোবাইল, টেলিফোন, ওয়াকিটকি। চাঁদটা হঠাৎ খিলখিলিয়ে হেসে বলল, ‘আমার মুখমণ্ডল আছে, তুমি দেখছ না, আমি তোমাকে দেখছি।’আজ আমার সত্যি সত্যিই নিজেকে ধন্য মনে হলো। রবিঠাকুরের ‘বীরপুরুষ’-এর চেয়েও বীর। আমার মতো সুখী আর কেউ নেই। আমি দাঁড় টানছি—দক্ষ মাঝির মতো। আর নিচে তাকিয়ে দেখছি, আমাদের পাড়াটা। মাঝখানে বড় পকুর। চারপাশে সব বাড়িঘর। বিল্টুদের বাড়িটা চারতলা, তার পাশে ডুঙ্গাদের দোতলা, তার পাশে মস্ত দেয়ালঘেরা মন্টুদের একতলা পুরোনো আমলের বাড়ি। উত্তরে শিলুদের, তার পাশে তানভীরদের বাড়ি—এসব দেখা শেষ। এবার প্রধান সড়কে একবার চোখ বুলিয়ে দেখা যাক, দেখব কি আর লোডশেডিংয়ে, তারপর পূর্ণিমারও কিছু দেরি। এরপর যত দূর চোখ যায়, শুধু চলছি আর চলছি। হঠাৎ চাঁদ বলল, তোমার সময় কিন্তু ফুরিয়ে এসেছে, এবার বাড়ি চলো। কী আর করা, চাঁদের কথাই মানতে হলো। ফেরার সময় চাঁদকে বললাম, ‘আচ্ছা, আজকের ঘটনার কথাটা কাউকে কি বলতে পারি!’চাঁদ হেসে বলল, ‘বলতে পারো, তবে কেউ বিশ্বাস করবে বলে মনে হয় না।’ আবার আমাদের ছাদটাকে রাঙিয়ে দিয়ে চাঁদ নামল, আমাকে বিদায় জানিয়ে বলল, ‘আবার দেখা হবে, সোনা! মন থেকে ডাকলেই আমি ধরা দেব।’ বলে আবার সে মাঝ আকাশে পাড়ি জমাল। আমি বিছানায় কুহু আর রাতুলের পাশে শুয়ে রইলাম।পরের দিন ঘুম ভাঙল সামনের বিল্ডিংয়ের মণিচাচার চেঁচামেচিতে, সঙ্গে আরও কয়েকজন বাবাকে কী যেন বোঝাচ্ছে। শব্দগুলো ড্রয়িংরুম থেকেই আসছে। পাশে রাতুল আর কুহুও নেই। তবে কি বেলা বেড়েছে! আজ অবশ্য কিসের জন্য যেন সরকারি ছুটি, বাবারও অফিস বন্ধ, আমাদেরও নেই। কিসের হইচই দেখতে ড্রয়িংরুমে এসে দেখলাম, বাড়ির সবাই ছাড়াও এপাড়ারই অনেক মান্যিগণ্যি ব্যক্তি। মণিচাচা বাবাকে বলছেন, ‘বিশ্বাস করুন, এ বয়সে আমি তো আর মিথ্যে বলব না—যা দেখেছি তা-ই বলছি। কাল রাতে তো কারেন্ট ছিলই না। ঘুম আসছিল না দেখে বারন্দায় বসে আছি, রাত আনুমানিক একটা কি দেড়টা। চারদিক অন্ধকার, এমনকি রাস্তার লাইটপোস্টগুলোও। হঠাৎ দেখি, অর্ধচন্দ্রাকৃতির বিশাল একটা রুপোলি আলোর পিণ্ড আপনাদের ছাদে এসে পড়ল। তারপর আস্তে আস্তে আলো কমে এল। চোখে বিশ্বাস হচ্ছিল না। চার্জার লাইট নিয়ে বাইনোকুলারটা ভেতর থেকে আনলাম। চোখ লাগিয়ে স্পষ্ট দেখলাম—একটা সাত-আট বছরের ছেলে!’ চোখ বড় বড় করে একবার সবার দিকে তাকিয়ে আমার দিকে আঙুল নির্দেশ করে বললেন, ‘এই ধরুন, আপনার এই ছেলেটার মতোই বয়স মনে হলো। তারপর আলোর পিণ্ডে চড়ে ছেলেটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল।’ বলে মণি সাহেব হাঁপাতে লাগলেন। তাঁর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরও কয়েকজন সমস্বরে কী যেন বলতে যাচ্ছিলেন, তখন বয়সে প্রবীণ ডাক্তার চাচা সবাইকে থামিয়ে বললেন, ‘আমি সায়েন্স নিয়েই তো সারা জীবন কাটালাম, কিন্তু এমন দৃশ্য আমার বাহাত্তর বছর বয়সে কোনো দিন দেখিনি।’ তখন রাত শেষের দিকে। হঠাৎ চোখে মিষ্টি একটা আলো পড়ল। ‘আমি চোখ খুলে তাকালাম, নাহ, এ আলো আমার ঘরে নয়। একটু দূরে কয়েকটা বিল্ডিং পরে অর্থাৎ আপনাদের ছাদে, ওই যে মণি সাহেব বললেন, সেই একই রকম। একটা ছেলে চাঁদের কোল থেকে নেমে সোজা ছাদের দরজার দিকে মিলিয়ে গেল।’আমি উত্তেজনায় কাঁপছি, বারবার শুধু মুখ ফসকে কথাগুলো সবার সামনে বলে দিতে ইচ্ছে করল, কিন্তু চাঁদের কথা মনে পড়ল—সত্যিই তো, এ কথা কেউ বিশ্বাসই করবে না। সবাই হাসাহাসি করবে। তারচেয়ে নিরাপদে এখান থেকে সরে পড়াই ভালো।