কাজল, সৈকত, তামান্না, রনি, টিনা, আজাদ, বাপ্পা, সোহেল, রুমানা, সোনিয়া—জাদুর ইশকুলের বেশ কিছু ছোট্ট বন্ধু মিলে খুদে জাদুকরদের নিয়ে একটি জাদু সংগঠন তৈরি করেছে। সৈকতদের গাড়ি রাখার গ্যারেজটিকে আপাতত তারা সংগঠনের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। টিনা কিন্তু তার স্কুলের এক বান্ধবীকে দিয়ে মিনি একটি সাইনবোর্ড লিখে এরই মধ্যে সেটিকে কার্যালয়ের সামনে সেঁটে দিয়েছে, যাতে লেখা ‘ক্ষুদে জাদুকর সমিতি’। গেল মাসে ছিল সংগঠনটির আত্মপ্র্রকাশমূলক অনুষ্ঠান। অতিথি হিসেবে হাজির ছিলেন সদ্য বিদেশফেরত জাদুকর পটুয়া। সম্পর্কে তিনি তন্ময়ের মামা। অনেক কষ্টে তাঁকে রাজি করিয়ে তবেই অতিথি করা সম্ভব হয়েছে।অনুষ্ঠানের দিন যথাসময়ে পরিচিতি সভা শেষ হওয়ার পর শুরু হয় জাদু প্রদর্শনী। অন্যান্যের সঙ্গে জাদুকর পটুয়াও তাতে অংশ নেন। অবশ্য তিনি জাদু দেখিয়েছেন ঠিক, তবে তা অনেকটা শেখানোর মতো করেই। কীভাবে, তা-ই বলছি।মঞ্চের ওপর একটি তেপায়া টেবিল রাখা আছে। পেঙ্গুইন কোট এবং মাথায় ওয়েস্টার্ন টুপি লাগিয়ে পটুয়া মামা বুক চেতিয়ে মঞ্চে এলেন। ডান হাতে প্যান্টের ডান পকেট থেকে একটি চকলেট বের করে তিনি সেটিকে টেবিলের ওপর রাখলেন এবং ওয়েস্টার্ন টুপিটির সাহায্যে চকলেটটিকে ঢেকে দিলেন। এবার দর্শকদের উদ্দেশ করে তিনি বললেন, ‘আপনাদের চোখের সামনেই আমি আমার ওয়েস্টার্ন টুপিটির সাহায্যে একটি চকলেটকে ভালোভাবে ঢেকে রাখলাম। আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন, যিনি কোনো অবস্থাতেই টুপিটিকে না ধরে এর মধ্যস্থ চকলেটটিকে খেতে পারবেন?’নিশ্চিতভাবে দর্শকদের মধ্য থেকে কেউই এতে সফল হবেন না। অতএব, এবার জাদুকরের পালা। পটুয়া মামা অদ্ভুত কায়দায় তার বেঢপ আকৃতির হাত-পাগুলোকে ছুড়ে কী যেন সব মন্ত্র আওড়ালেন এবং বললেন, ‘আমি চকলেটটিকে খেয়ে নিয়েছি। কারও যদি বিশ্বাস না হয় তো মঞ্চে এসে টুপিটিকে তুলে দেখতে পারেন।’ নাম শান্তা হলে কী হবে, শান্তা কিন্তু মোটেও শান্ত স্বভাবের মেয়ে নয়। এ কথা শুনেই শান্তা আর চুপ করে থাকতে পারেনি। পটুয়া মামার কথা অনুযায়ী যেই না সে মঞ্চে উঠে টেবিলের ওপর রাখা উপুড় করা টুপিটি তুলল, অমনি পটুয়া মামা চকলেটটিকে ডান হাতে তুলে নিয়ে নিজের মুখে পুরে দিলেন (চিত্র দেখো) এবং বেশ হাসতে হাসতেই বললেন, ‘কী! টুপিটিকে নিজের হাতে না ধরেই খেলাম তো?’ কাণ্ড দেখে শান্তার পাশাপাশি আমরা সবাই থ বনে গেছি। কী, দেখো না বন্ধুরা, তোমরাও মজা করে এর সাহায্যেই কাউকে থ বানাতে পারো কি না?চুপিসারে তোমাদের আরও একটি কথা জানিয়ে দিই: ওপরের ঘটনাটি কিন্তু নেহাতই কাল্পনিক, না কোনো ‘ক্ষুদে জাদুকর সমিতি’ তৈরি হয়েছে, না কোনো তাদের অনুষ্ঠানে জাদুকর পটুয়া হাজির হয়েছিলেন। আসলে লেখার টেবিলে বসেই এমন একটি কাল্পনিক গল্প ফেঁদে বসতে ইচ্ছা হলো। করলামও তা ই। তোমরা কিন্তু মূল জাদু এবং এর কৌশলটি ছাড়া অন্য কোনো কিছু বিশ্বাস কোরো না যেন। আজ তবে এ পর্যন্তই। তোমরা সবাই সুন্দর থেকো, সুস্থ থেকো।