কোথায় দরকার ‘বাড়তি ব্যবহার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ ও উত্তরে কোথাও কোথাও শোনা যায়, তিনি ব্যবসা করেন। খুব ভালো ‘ব্যবসিক’ তিনি। সব লাভ তো ব্যবসিকদেরই পেটে গেল। যা শোনা হলো তা বোঝাও গেল। কিন্তু যা বোঝা গেল তা শুদ্ধ হলো না। আমরা আমাদের কথা বোঝাতেও চাই, শুদ্ধও রাখতে চাই। শুরুতে আমরা ‘ব্যবসিক’ শব্দটি বাদ দেব। এমন শব্দে নিয়মের জোর নেই। মূল শব্দটা ‘ব্যবসা’ও নয়। শব্দটি ব্যবসায়। যেমন, চাউলের ব্যবসায়, আলুর ব্যবসায়, চিটাগুড়ের ব্যবসায় ইত্যাদি। ব্যবসা যিনি করেন, তিনি ব্যবসায়ী। তাহলে ব্যবসা কোত্থেকে এল! এল ‘ব্যবসায়’ থেকে। অপভ্রংশ হিসেবে। ‘অপভ্রংশ’টা তাহলে কী? এটি আবার কোন ধরনের ‘ভ্রংশ’? ‘অপভ্রংশ’ হচ্ছে মূল শব্দের সামান্য পরিবর্তিত বা বিকৃতরূপ কিংবা অশুদ্ধরূপ। ‘এয়োস্ত্রী’ একটি শব্দ আছে। অর্থ, যিনি বিধবা নন, যাঁর স্বামী এখনো বেঁচে আছেন। চট্টগ্রামে এই শব্দটি আকসার (সচরাচর, হামেশা) ব্যবহূত হয় ‘আয়স্তি’ হিসেবে। এই ‘আয়স্তি’ ‘এয়োস্ত্রী’র অপভ্রংশ। এভাবে ফলাহার (ফল+আহার) হয়েছে ‘ফলার’ (অন্ন ভিন্ন অন্য ভোজ)। ইংরেজি Floor শব্দটি বাংলায় লিখতে দুটি এ-কার লাগে। দ্বিতীয়টি বাড়তি মনে হলেও লাগাতে হবে। তাই শব্দটি ‘মেঝ’ নয়, ‘মেঝে’। তুমি মেঝ-এ বস নয়; মেঝেয় বস অথবা মেঝের পরে বস। একটি য-ফলা (্য) বাড়াব কি কমাব, ভাবতে ভাবতে আমরা বড় দ্বন্দ্বে পড়ে যাই। য-ফলাটির যোগে হয় এক শব্দ, বিয়োগে আরেক। যেমন, ‘লক্ষ’ মানে ‘একশ’ হাজার, ‘লক্ষ্য’ মানে উদ্দেশ্য (তোমার জীবনের লক্ষ্য কী?), ‘উদ্দেশে’ মানে কোনো কিছুকে উদ্দেশ করে বলা, ইংরেজিতে যাকে বলে ‘address’ করা। যেমন, Prime Minister addresses the Nation today (প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। ‘জাতির উদ্দেশ্যে’ নয়)। ‘উদ্দেশ্যে’ও শুদ্ধ শব্দ। তবে এটি হবে তখন, যখন কোনো লক্ষ্য, গন্তব্য অথবা পরিকল্পনা বোঝাবে। যেমন, আমি বৃত্তি লাভের উদ্দেশ্যে দরখাস্ত করলাম (বৃত্তি লাভ আমার উদ্দেশ্য। ‘বৃত্তি লাভের উদ্দেশে’ নয়); যেমন, আমি বরিশালের উদ্দেশ্যে বাসে চাপলাম (বরিশাল আমার গন্তব্য। ‘বরিশালের উদ্দেশে’ হবে না।); যেমন, করিমকে ঘুষি মারার উদ্দেশ্যে সে উঠে দাঁড়াল (ঘুষি মারা তার পরিকল্পনা। ‘ঘুষি মারার উদ্দেশে’ হবে না)। এখন কেউ যদি পণ করেন, আমি—‘উদ্দেশে’ ও ‘উদ্দেশ্যে’—শব্দ দুটির প্রয়োগ একই বাক্যে দেখব, তারও উপায় আছে। যেমন, বিএম (ব্রজমোহন) কলেজের ছাত্রদের উদ্দেশে (উদ্দেশ করা) বক্তৃতা দেওয়ার জন্য আমি বরিশালের উদ্দেশ্যে (গন্তব্য, destination) বাসে চাপলাম। অথবা, রণজিৎ-এর চূড়ান্ত ক্ষতি করার উদ্দেশ্যে আমি বিধাতার উদ্দেশে প্রার্থনা করলাম। বাড়তি মনে হলেও অগ্ন্যাশয়, অগ্ন্যুৎপাত, অগ্ন্যুদ্গম ও অগ্ন্যুদ্গার-এ য-ফলা (্য)লাগবে। শেষ কথা আজ একটি বাড়তি ব-ফলা নিয়ে ‘উচ্ছ্বাস’ও ‘জলোচ্ছ্বাস’কে যেন আমরা ‘উচ্ছাস’ বা ‘জলোচ্ছাস’ না লিখি; অথবা ‘সান্ত্বনা’কে সান্তনা কিংবা শান্তনা। ব-ফলা নিয়ে ও তা ছাড়িয়ে আরও একজোড়া শব্দ আলোচনায় আসুক। স্বাক্ষর ও সাক্ষর। এখানে ভুল বা শুদ্ধ ব্যবহারের বিপদ নয়, কারণ দুটি শব্দই শুদ্ধ। বিপদ হচ্ছে একটির জায়গায় অন্যটি টানার। ‘স্বাক্ষর’ মানে দস্তখত (Signature; ‘দস্ত’ মানে হস্ত, হাত; যেমন হুজুরের ‘দস্তমোবারক’, ‘খত’ মানে চিহ্ন। দস্তখত মানে হস্তচিহ্ন, হস্তচিহ্ন মানে Signature; যে ‘সিগন্যাচার’ দিতে জানে না, তার বেলায় টিপসই, ‘অঙ্গুটাছাপ’।) আর, সাক্ষর (স+অক্ষর। ‘স’ মানে সহিত। অর্থ হচ্ছে যার অক্ষরজ্ঞান আছে, অর্থাৎ যার অক্ষরজ্ঞান আছে। তাই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস (৮ সেপ্টেম্বর) যখন আসে, তখন আমরা অনেকেই ‘কম পড়ছে’ বিবেচনায় ‘সাক্ষর’-এর সঙ্গে একটা ‘ব’ জুড়ে দিয়ে শব্দটিকে ‘স্বাক্ষরতা’ বানিয়ে ছেড়ে দিই। ভাবটা এমন, আমার কাছে যা পরিষ্কার নয়, আর কারও কাছেই তা পরিষ্কার হবে না। অথবা ভাবনায় নিচ্ছি না যে ওই দিনটিতে আমরা কাউকে দস্তখত করা শেখাই না (তেমন যদি হতো, ‘স্বাক্ষরতা’র ব্যবহার ঠিক ছিল); আমরা তো দিই অক্ষরজ্ঞান। তাই দিনটিকে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ই বলতে হবে। উপায় নেই। শুদ্ধতার প্রশ্নে আপসও নেই।