ক্রিকেট বনাম ভূমিকম্প

‘চিংকু ক্রিকেট টিম’ বনাম ‘টিংকু ক্রিকেট টিম’। ফাটাফাটি ম্যাচ চলছে। প্রথমে ব্যাটিং ছিল টিংকু ক্রিকেট টিমের। টার্গেট ছিল ১২২ রানের। সব ঠিকই যাচ্ছে। এখন লাস্ট ওভার। জেতার জন্য চিংকু ক্রিকেট টিমের প্রয়োজন ৮ রান। বল করতেই আমাদের চিংকু ভাই জোরেশোরে ব্যাট ঘোরালেন। ছক্কা হতে হতেই ৪ রান হয়ে গেল।
আমাদের সে যে কী উচ্ছ্বাস। আমিও ভাবছি, ‘যা-ই হোক। আজ না খেলেই চিংকু ভাই থেকে ট্রিট পাব।’ কিন্তু টিংকু ভাইও দমবার পাত্র নন। তিনিও এবার ভালোমতো হাত ঘুরিয়েই বল করলেন। চিংকু ভাই যেই ছক্কা মারার জন্য এগিয়ে এলেন, অমনি হয়ে গেলেন বোল্ড!
আমার চোখেমুখে অন্ধকার নেমে এল। দল হারলেও সমস্যা ছিল না। সমস্যা হলো এখন আমাকে মাঠে নামতে হবে। যদি এখন আমি হারি, অর্থাৎ আমার জন্য চিংকু ভাই হারেন, তাহলে আমাকে যে কেবল স্মৃতির পাতায় থাকতে হবে, তা বুঝতেও বাকি রইল না।
চিংকু ভাই এলেন। বললেন, ‘অনিক, এবার সব তোর হাতে।’ বলে আমার হাতে ব্যাটখানা দিলেন।
দুরুদুরু বুক নিয়ে গেলাম। টিংকু ভাইয়ের মহা ঘূর্ণমাণ তিন বলেই আমি ডট দিলাম। এবার লাস্ট বল, দরকার ৪ রান। ভাবলাম, ধোনির মতো ব্যাট হাঁকিয়ে আমিও দলকে জেতাব। ভেবেই বাঁকা একটা হাসি দিয়ে ব্যাট ধরলাম। কিন্তু কী জানি কী হয়ে গেল। জিতলাম না হারলাম, তা দেখার সময় এখন নেই। কোনোমতে প্রাণ নিয়ে দিলাম ভোঁ-দৌড়।
পরে শুনলাম, চিংকু ভাই আমাকে খুঁজছেন। আমার কারণেই এই প্রথম তিনি হেরে গেলেন।
এরপর এক সপ্তাহ ধরে চলল আমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন। চিংকু ভাই আমাকে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা—সারাক্ষণ অনুশীলন করাতেন। বাকিরাও করত। তবে আমার মতো নয়। বাড়তি যন্ত্রণা হিসেবে যোগ হতো টিংকু ভাইয়ের দলের পাশের মাঠেই অনুশীলন। টিংকু ভাই আবার আমাদের শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, ‘গত ম্যাচের মতো সামনের ম্যাচেও আমাদের জিততে হবে।’ তার বাণীর স্রোতে আমার জ্বালা আরও বেড়ে যেত।
এমন সময় আমার ওপর আল্লাহর রহমত নাজিল হলো। চিংকু ভাই ও টিংকু ভাইয়ের পরীক্ষার ফল বেরোল। দুজনই শারীরিক শিক্ষা বাদে বাকি সব বিষয়ে পেয়েছেন অশ্বডিম্ব। আমার খুশি কে দেখে! অল্প সময়ের জন্য হলেও আমার আরাম ফিরে এল। চিংকু ও টিংকু ভাইয়ের ঘর থেকে বেরোনোই বন্ধ হয়ে গেল। তবে তাও সাময়িক। এরপরই হলো আমাদের চারকোনা টেবিল বৈঠক। ঠিক করা হলো, ৪ তারিখ ভোর সাড়ে চারটার দিকে কাউকে না বলে আমরা বাসা থেকে বের হব। তখনই খেলা হবে। আমি অনেক ষড়যন্ত্র করেও সেই পরিকল্পনা ফাঁস করতে পারলাম না, বড়দের কাছে।
অবশেষে সেই কুক্ষণ এসেই গেল।
৪ জানুয়ারি, ২০১৬। আগের বারের মতোই টিংকু ক্রিকেট টিম আমাদের শক্তমতো টার্গেট দিল। আবার, আগের বারের মতোই জয়ের খুব কাছে এসেই আউট হলেন চিংকু ভাই। চিংকু ভাইয়ের রক্তচক্ষু আমার দিকে। আমিও মনে মনে আল্লাহর নাম নিয়ে ব্যাট ঘোরালাম। এবার আর ডট না দিয়ে মাঝেমধ্যে এক-দুই রান নিলাম। আর এখন, লাস্ট দুই বল, দরকার ৪ রান। ভাবলাম, এখন একটু জোরেই হাঁকাই। যেই ভাবা, সেই কাজ। ৪ রানই হতো, কিন্তু শেষমেশ বলটা ধরে ফেললেন টিংকু ভাইয়ের টিমের রফিক ভাই। আমি নিজের ব্যাটিংয়ে এতই হতবাক ছিলাম যে দৌড়ে আর রানও নিলাম না। আর বাকি এক বল। টিংকু ভাই চিত্কার করলেন, ‘শাবাশ আমার ফিল্ডাররা। বাঘের বাচ্চা! তোরা চালিয়ে যা। আমরাই জিতব।’
চিংকু ভাইও কম নন। তিনিও বললেন, ‘অনিক, দরকার হলে পৃথিবী কেঁপে উঠবে, তোর হাত যেন না কাঁপে। ৪ রান আমাদের লাগবেই।’
চোখেমুখে অন্ধকার দেখে আমি ব্যাটে বলটা লাগালাম। সত্যি সত্যিই পৃথিবী কেঁপে উঠল। আমরা সবাই অবাক হয়ে মাঠে বসে আছি। সবাই উদ্বিগ্ন! কী হলো কেউই বুঝছে না। দেখলাম, আমার মারা বলটা একবার ডানে গড়াচ্ছে, একবার বাঁয়ে। এভাবেই গড়াতে গড়াতে বলটা বাউন্ডারি পেরিয়ে গেল। হয়ে গেল ৪ রান। আমরা জিতে গেলাম।
রাগে-দুঃখে টিংকু ভাইয়েরা কেঁদে দিলেন। আনন্দে-উচ্ছ্বাসে আমরাও কেঁদে ফেললাম। এমন সময়ই দলে দলে লোক এসে মাঠে জমতে লাগল। এক আন্টি আমাদের বললেন, ‘আহা রে বাচ্চারা! কাঁদে না। এত ভয় পেলে হয়? এমন ভূমিকম্প তো হতেই পারে।’
বুঝলাম, আমার জন্য না, ভূমিকম্পের জন্যই আমরা জিতলাম। যা-ই হোক! চিংকু ভাই প্রতিশ্রুতি দিলেন, পরের দিন আমি যা বলব তা-ই খাওয়াবেন। আমিও খুশি মনে বাড়ি গেলাম।
নবম শ্রেণি, গভ. মুসলিম হাইস্কুল