খাপছাড়া মানুষগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিঠাকুরের কবিতার ভেতর কোনোভাবে একবার ঢুকতে পারলে তাকে আর পায় কে? সঙ্গে সঙ্গে বিখ্যাত। বিদ্যেবুদ্ধি তার থাক বা না থাক, নাকটা তার সুচালো হোক কি থ্যাবড়া মারা, তাতে কিচ্ছু এসে যায় না, এমনকি কাজকর্মগুলো খাপছাড়া হলেও সমস্যা নেই। বিখ্যাত মানে রীতিমতো বিখ্যাত। খাপছাড়ারা কেমন করে যেন রবিঠাকুরকে বশ করে ফেলল, আর তিনিও তাদের নিয়ে লিখতে শুরু করলেন। ব্যস, তাঁর কবিতার ভেতর তাদের ঠাঁই হয়ে গেল। বের করার আর উপায় নেই—একেবারে পার্মানেন্ট সেটলমেন্ট।খাপছাড়াদের মাথার ওপর ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ি। দিদিশাশুড়ি নিশ্চয়ই খুব ঘনিষ্ঠ আত্মীয়। এই দিদিশাশুড়ির পাঁচ বোন শাড়ি বিছায় উনুনে আর হাঁড়ি রাখে আলনায়, তারা থাকে কালনায়। নিন্দুকের কাজই তো দোষ ধরা। নিন্দুকের হাত থেকে বাঁচার জন্য তারা থাকে লোহার সিন্দুকে। তাদের টাকা-পয়সার আবার হাওয়া খেতে ইচ্ছে করে, সে জন্য তা জালনায় বিছিয়ে রাখে। তারা ছাঁচি পানে নুন দেয় আর চুন দেয় তারা ডালনায়।এমন মানুষ পেলে রবীন্দ্রনাথই বা কী করবেন? তখন তাদের নিয়েই লিখতে শুরু করেন। কবিতাটা যখন শেষ হলো, দেখা গেল আসলে ক্ষান্তবুড়িও ভালো মানুষ, এমনকি তার দিদিশাশুড়িও। খাপছাড়াদের মাথার ওপর যে দিদিশাশুড়িকে বসিয়েছি, বড্ড ভুল করেছি। আসল খাপছাড়া হচ্ছে দিদিশাশুড়ির পাঁচ বোন।আর একজন, দামোদর শেঠ, তিনি অল্প পেয়ে খুশি হওয়ার লোক নন। তাঁর চাই বেশি বেশি, আরও বেশি। মুড়কির মোয়া চাই, তাজা ভেটকি চাই, কটকি জুতো চাই, মটকিকে ঘি চাই, জলপাইগুড়ি থেকে আনা জিয়ানো কই চাই, চাঁদনি রাতে বোয়ালের পেট চাই, কাঁকড়ার ডিম চাই, গরম চা চাই, চিনেবাজারের করমচা, ঝড়িয়ার জিলিপি—সব মিলিয়ে প্রায় তিন মণ ওজনের খাবার না হলে কি আর দামোদর শেঠজির মুখে হাসি ফুটবে? ব্যাপার টের পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। চিনুলাল হরিরাম মোতিভয় আর একজন বিশিষ্ট খাপছাড়া মানুষ। তাঁর একটাই কেবল ভয়—পাছে কেউ তাঁকে ঠকিয়ে দেয়। বাঘ-ভালুকের ভয় নয়, কামান-বন্দুকের ভয় নয়, হাত-পা ভাঙার ভয় নয়—কেবল ঠকে যাওয়ার ভয়। দাম হাঁকানো সাতানব্বই টাকা—চিনুলাল লেগে গেলেন দর-কষাকষির যুদ্ধে। টানা ১৩ দিন যুদ্ধ করে দর নামিয়ে আনলেন ১২ টাকায়। তার পরও মনে হলো ব্যাটা বেশ ঠকিয়েছে। তাঁর অফিসে অতি কষ্টে টিকে আছে তাঁরই বেতনভুক কেরানি কতিপয়, বিপদে অতিশয়।এবার একজন ডাক্তার। রবিঠাকুরের কবিতায় খাপছাড়া ধাঁচের ডাক্তার একজনও থাকবেন না, তা হয় না। তিনি হলেন ডাক্তার ময়জন। নামটা কবি ইচ্ছে করেই এমন রেখেছেন, যাতে ছন্দের জোট বাঁধতে সুবিধে হয়। ময়জন সাহেব বাতাসে কড়া পয়জন মেশান। ফলে যা হওয়ার, তা-ই হলো। শহরের লোক পটাপট মরতে লাগল। মরতে লাগল মানে জনসংখ্যা কমতে লাগল। কমতে কমতে একসময় দেখা গেল শহরে টিকে আছে নাবালক নয়জন। এই যে এত বড় একটা সংবাদ, এটা মানুষ কবে জানবে। ডাক্তার ময়জন ভাবছেন, সবাই খবরটা যখন পাবে, তখন কে জানে বেঁচে থাকবে আর কয়জন।অনুকূল বাবুকেই তো আমাদের দরকার। তিনি সব সময় পক্ষে থাকেন। কিন্তু প্রতিকূল বাবু? এমন নচ্ছার দুটো হয় না। নামের কারণেই তাকে সব সময় বিপক্ষে থাকতে হয়। রবিঠাকুরের পছন্দ অনুকূল বাবু। কারণ তিনি প্রথম ঢাক পিটিয়ে আমাদের জানিয়েছেন ঘাসে ভিটামিন আছে। সে কারণেই গরু, ভেড়া, অশ্ব ঘাস খেয়ে রীতিমতো বীর বাহাদুর। অনুকূল বাবু বললেন, ঘাস খাওয়া ধরা চাই, কিছুদিন জঠরেতে অভ্যাস করা চাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য ‘দুদিন না যেতে যেতে মারা গেল লোকটা/বিজ্ঞানে বিঁধে আছে এই মহা শোকটা’।বেণীর একখানা মোটরগাড়ি আছে। মোটর চালায় মুখুর্জে। ব্যস, কাজের বাকি অংশটা তাকে নিয়েই। মুখুর্জের গাড়ির নিচে চাপা পড়ে কুকুর যে, মুখুর্জের গাড়ি গুঁতো মারে ল্যাম্পপোস্টার গায়ে, কে জানে কোথায় ছিল বোকা জন্তুটা পরলোকে চালান হলো মোষটার। এ পর্যন্ত কোনোভাবে জেনে নেওয়া যায়। কিন্তু সামনে পুকুর যে, মুখুর্জে তো চালাচ্ছেই। যেটা মানতে খুব কষ্ট হচ্ছিল তা হলো, তার গাড়িতে প্রাণ হারাল চাপা পড়া জামাইটা—খুকুর যে। ভোলানাথের ব্যাপারটা রবিঠাকুর যেভাবে বলেছেন ঠিক সেভাবেই লিখে দিচ্ছি:ভোলানাথ লিখেছিল তিন-চারে নব্বই গণিতের মার্কায় কাটা গেল সর্বই তিন-চারে বারো হয়, মাস্টার তারে কয়; ‘লিখেছিনু, ঢের বেশি’ এই তার গর্বই।রবিঠাকুর আর এক খাপছাড়াকে দিয়ে মেয়ের নাম রাখিয়েছেন ক্যালিফোর্নিয়া। মেয়ে ডাঙ্গর হলো, বিয়ে তো দিতে হবে। কিন্তু যে মেয়ের নাম ক্যালিফোর্নিয়া, তাকে কি আর বাংলাদেশের বাংলা নামের পাত্রের সঙ্গে বিয়ে দেওয়া যায়? যায় না। অতএব মহেশ দাদা নেমে গেলেন পাত্রের খোঁজে। অনেক খোঁজ করে যে ছেলেটিকে পাত্র সাব্যস্ত করলেন, তার নাম ম্যাসাচুসেটস। এ রকম নামের বর এমনিতেই নামজাদা। এদের বিয়ে আর ঠেকায় কে?রবিঠাকুরের খাপছাড়ায় খাপছাড়াদের ছড়াছড়ি। কটার কেবল পরিচয় দিলাম।