খাবার ওদের একটাই
রোজ রোজ একই খাবার খেতে কি ভালো লাগে? সবাই এক বাক্যে বলবে, মোটেও না। কিন্তু হাতেগোনা এমন কিছু প্রাণী আছে, যারা জীবনের বেশির ভাগ সময় এক খাবারেই কাটায়। নাদুসনুদুস আদুরে প্রাণী পান্ডার কথাই ধরো না। একটি জায়ান্ট পান্ডা প্রতিদিন গড়ে নয় থেকে ১৪ কেজি বাঁশ সাবাড় করে। এ জন্য দিনমান চীনের বাঁশবাগানেই পড়ে থাকে ওরা। অথচ বিজ্ঞানীরা বলেন, পান্ডার পরিপাকযন্ত্র বাঁশ বা এ ধরনের নিরামিষ খাবার হজমের উপযোগী নয়। বরং অন্য সব মাংসাশী প্রাণীর মতো ওদের পরিপাকযন্ত্র। অন্য খাবার যে একেবারেই খায় না, তা নয়। তবে বাঁশই প্রধান ও নিয়মিত খাবার। যতই ওদের বাঁশ দাও, কোনো অরুচি নেই।সবাই জানে, সাপের সবচেয়ে প্রিয় খাবার ব্যাঙ। আরও খায় ইঁদুরজাতীয় ছোটখাটো প্রাণী। খায় পাখি, পাখির ডিম, পোকামাকড়। কিন্তু আফ্রিকার ডিমখেকো সাপের খাবার একটাই—পাখির ডিম। ওরা ‘এগ ইটিং স্নেক’ বলে পরিচিত। ডিম যত বড় হোক না কেন, নমনীয় মাংসপেশির গুণে মুখ ছড়াতে পারে সাপটি। এতে ডিম গিলে ফেলতে কোনো সমস্যা হয় না। তারপর প্রচণ্ড চাপে ডিম ফাটিয়ে কুসুম পেটে রেখে খোসা বের করে দেয়।বিশ্বের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি খায় ‘ক্রিল’ বলে পরিচিত কুঁচো চিংড়ির মতো এক ধরনের সামুদ্রিক জীব। নীল তিমি ১০০ ফুট দীর্ঘ, হাঁ তেমনই বিশাল। এই হাঁ মেলে বিপুল পরিমাণে পানিসহ ক্রিল মুখে পুরে ফেলে ওরা। তারপর খাবারটি রেখে পানি বের করে দেয়।বাজ ও চিলজাতীয় শিকারি পাখি সাধারণত মাছ, ইঁদুর, গিরগিটি—এসব প্রাণী শিকার করে থাকে। কিন্তু ‘স্নেইল কাইট’-এর পছন্দ কেবল শামুক। উত্তর আমেরিকার তৃণভূমিতে প্রেইর ডগ বলে পরিচিত একধরনের ছোট প্রাণী বাস করে। ওদের জাতশত্রু কালো ফেরিট। বেজিজাতীয় প্রাণী ফেরিটের খুব প্রিয় খাবার প্রেইরি ডগ। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: রেঞ্জার রিক