খুদে এক তারকা
মাত্র একটি ছবিতে অভিনয় করেই তারকা বনে গেছে সে। কিন্তু নিজেই জানে না সে কথা। জানবে কী করে? একজন তারকা কী বা তাঁর খ্যাতি কেমন, তা বোঝার মতো অনুভূতি এখনো হয়নি তার। মায়ের কোলে থাকা এই তারকার বয়স মাত্র ২০ মাস।যার কথা বলা হচ্ছে, তার নাম টবি পাপওয়ার্থ। দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ‘হ্যারি পটার’ সিরিজের সর্বশেষ ছবি হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ-এর দ্বিতীয় পর্বে অভিনয় করেছে সে। ছবির মূল চরিত্র হ্যারি পটারের শিশু বয়সে চারবার দেখা গেছে তাকে। ছবিতে শিল্পী ও কলাকুশলীর নামের যে তালিকা দেখানো হয়, এতে তার নামও রয়েছে। ছবিতে পটারের শৈশবের একটি গুরুত্বপূর্ণ ঘটনায় অভিনয় করেছে টবি। ওই দৃশ্যে ছবির কুখ্যাত খলচরিত্র লর্ড ভল্ডমর্টের সঙ্গে পটারের প্রথম মোকাবিলা হয়। এ সময় ভল্ডমর্ট পটারের মা-বাবাকে মেরে ফেলে। পটারকেও মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু কপালে বিজলির রেখার মতো আঁচড় কাটা ছাড়া আর কোনো ক্ষতি করতে পারেনি সে। রূপসজ্জার দায়িত্বে থাকা শিল্পীরা টবির কপালে ওই চিহ্ন ফুটিয়ে তোলেন। দৃশ্য ধারণ করার সময় টবির জন্য আলাদা একটি কামরা বরাদ্দ করা হয়। কক্ষটির দরজায় লেখা ছিল, ‘এটি টবির কামরা’। সেখানে তার রূপসজ্জা হয়েছে। ছবিতে মোট চারটি দৃশ্যে দেখা গেছে টবিকে। ছবিটি এ পর্যন্ত ব্যবসা করে যে টাকা পেয়েছে, তা ২০০ কোটি মার্কিন ডলারের বেশি। হিসাব করে দেখো বাংলাদেশি মুদ্রায় কত টাকা হয়। অথচ শিশুটিকে ছবিতে অভিনয়ের জন্য ব্রিটেনের মুদ্রায় পারিশ্রমিক বাবদ দেওয়া হয়েছে মাত্র ৪০ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় পাঁচ হাজার টাকাও নয়। এই টাকা দিয়ে যুক্তরাজ্যে হলে গিয়ে ত্রিমাত্রিক ছবি দেখার দুটি টিকিটও মেলে না। এতে খুব হতাশ টবির মা অ্যাশলি পাপওয়ার্থ। তিনি বলেন, ‘যখন আমি চেকটা পাই, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না।’ছবিটির নির্মাণকাজের সঙ্গে জড়িত ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে, টবির জন্য এই পারিশ্রমিক ছ্বির কাজের সঙ্গে জড়িত বাইরের একটি প্রতিষ্ঠান নির্ধারণ করেছিল। অ্যাশলি বলেন, ছেলের পাওয়া পারিশ্রমিক দিয়ে তিনি ওকে মনের মতো কিছু কিনে দিতে পারেননি। তবে এই ছবির মাধ্যমে দুনিয়াজুড়ে মানুষ তার ছেলেকে দেখেছে, চিনেছে, ছেলে পেয়েছে তারকার আসন, এতেই তাঁর সুখ।টবির জন্ম ২০০৯ সালের ১৪ ডিসেম্বর। ইংল্যান্ডের এসেক্সের রমফোর্ডের কুইন্স হাসপাতালে ভূমিষ্ঠ হয়েছে সে। মা অ্যাশলির ইচ্ছা, তাঁর ছেলে ভবিষ্যতে আরও ছবিতে অভিনয় করুক। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: দ্য সান, ডেইলি মেইল।