খুদে চাকুরে!
মাত্র আট বছর বয়সেই চাকরি করছে জেমস চাইল্ডস। তাই বলে পড়াশোনা বাদ দিয়ে নয়। পড়াশোনা আর চাকরি দুটিই চলছে একসঙ্গে। তবে চাকরিটি কিন্তু ভারি মজার। একটি বিখ্যাত খেলনা তৈরির কোম্পানির খেলনা পরীক্ষক সে। মানে ‘টয় টেস্টার’। ওই কোম্পানি নতুন যে খেলনা তৈরি করবে, বাজারে ছাড়ার আগে জেমস সেটি পরীক্ষা করে বলবে কেমন হলো। মানে, ওর মতো ছোটদের কাছে খেলনাটি আদর পাবে কি না। নতুন কী খেলনা বাজারে দিলে তা ধুমসে বিক্রি হবে, সে ব্যাপারেও পরামর্শ দেবে জেমস। ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের লুটনে জেমসদের বাড়ি। বিখ্যাত বান্দাই কোম্পানির হয়ে কাজ করছে ও। এটি ‘বেন ১০’ সিরিজের বিভিন্ন চরিত্রের অনুকরণে খেলনা তৈরি করে থাকে। ‘বেন ১০’ যুক্তরাষ্ট্রের বেশ জনপ্রিয় এক কার্টুন সিরিজ। এতে একটি ছোট ছেলে তার যন্ত্র দিয়ে বিভিন্ন ধরনের বিচিত্র প্রাণী তৈরি করতে পারে।ৃকোম্পানিটি ‘টয় টেস্টার’ পদে একজন শিশুকে নিয়োগ দিতে এক প্রতিযোগিতার আয়োজন করে। এতে অনেকের সঙ্গে জেমসও অংশ নেয়। পরীক্ষায় ‘বেন ১০’ নিয়ে মজার একটি ছড়া লেখে ও। সঙ্গে ছিল নিজের আঁকা কিছু ছবি। আবেদনপত্রে বেন ১০-এর পোশাক পরা নিজের একটি ছবিও দিয়েছিল জেমস। সব মিলিয়ে কোম্পানির কর্মকর্তারা জেমসকে ওই পদের জন্য সবচেয়ে যোগ্য বলে বেছে নেন। এখন জেমসের কাজ হচ্ছে পড়াশোনার ফাঁকে ফাঁকে ভিডিওতে বেন ১০-এর নতুন খেলনার ছবি দেখে মতামত দেওয়া। জেমসের বাবা ওয়েন চাইল্ডস বলেন, এই কাজ তাঁর ছেলের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে। একটি কথা কিন্তু রয়েই গেল। জেমস বেতন পায় কত? এতে টাকা-পয়সার কোনো কারবার নেই। ওকে মাসে মাসে একগাদা খেলনা দেওয়া হচ্ছে। আর এতেই খুব খুশি ও। তবে এত খেলনা দিয়ে কেবল নিজের ঘর ভরিয়ে ফেলে না ও। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও হাসপাতালে শিশুদের জন্য অনেক খেলনা উপহার হিসেবে দিয়েছে ও। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: ডেইলি মেইল