খুদে পালোয়ান লু হাও
চার বছরের একটি শিশু হাত-পায়ে একবারে এইটুকুন হওয়ার কথা। কিন্তু চীনা শিশু লু হাওকে দেখে ভিরমি লেগে যাবে। ওর ওজন ৬০ কেজির (১৩২ পাউন্ড) বেশি। অর্থাৎ, ওর বয়সী শিশুর গড় ওজনের চেয়ে পাঁচ গুণ বেশি ওর ওজন। আকারেও দশাসই। সমবয়সী শিশুদের মধ্যে দাঁড় করালে ওকে রীতিমতো পালোয়ান মনে হবে। যেন জাপানের সুমো কুস্তির এক খুদে পালোয়ান। অতি মোটা বলে ভালো করে চোখ মেলতে পারে না ও। চীনের গুয়ানদং প্রদেশের ফোশান শহরে ওদের বাড়ি।পরিবার সূত্রে জানা গেছে, জন্মের পর লু হাওয়ের ওজন ছিল মাত্র ২ দশমিক ৬ কেজি (৫ দশমিক ৭ পাউন্ড)। তিন মাস বয়স থেকে খুব দ্রুত বড় হতে থাকে ও। গত এক বছরে ১০ কেজি ওজন বেড়েছে ওর। অতি ওজনের কারণে ওকে কোলে নিলে ঘাম ছুটে যায় বাবা লু ইয়ুনচেংয়ের। মা চেন ইয়ুয়ান তো তাঁর বাবুকে তুলতেই পারেন না। বাবা লু ইয়ুনচেং বলেন, ‘আমার বাবুটার খিদে খুব ভালো। এক বসায় বড় থালার তিন থাল ভাত খেতে পারে ও। ওর মা আর আমি মিলে যে ভাত খাই, এর চেয়ে বেশি খায় ও।’ মা চেন বলেন, ‘ওকে বেশি খাবার না দিয়ে উপায় নেই। না দিলে এমন কান্না শুরু করবে, কোনো থামাথামি নেই।’বাড়ির কাছে ছোটদের একটি স্কুলে ভর্তি করা হয়েছে লু হাওকে। হেঁটে যাওয়া যায় স্কুলে। কিন্তু তা পছন্দ নয় বাবুটির। এ জন্য প্রতিদিন মা ওকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যান। বাড়িতে অনেক খেলনা আছে লু হাওয়ের। সবচেয়ে পছন্দের খেলনা সুপারম্যান। লু বলেছে, ‘সুপারম্যান উড়তে পারে আর পাজি লোকদের মারে। এ জন্য ওকে আমি খুব পছন্দ করি।’ সুপারম্যান হতে ইচ্ছা করে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে লু হাও হি-হি করে হেসে বলেছে, ‘আমি তো খুব মোটা, তাই সুপারম্যান হতে পারব না। তার মতো উড়তে পারব না।’শুরুতে ছেলের এই অস্বাভাবিক স্বাস্থ্য নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন বাবা-মা। ওকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেছেন। স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকেরা জানান, ওর কোনো রোগ বা সমস্যা নেই। লু হাওয়ের স্বাস্থ্য স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে বাবা-মায়ের চেষ্টার কমতি নেই। দৌড়ঝাঁপ করে খেলার ব্যবস্থা করে দিয়েছেন। বাড়িতে প্রতিদিন বাস্কেটবল খেলে লু। কিন্তু পরিশ্রমে খিদে আরও বাড়ে ওর। তখন বেশি করে খায় ও। এতে বরং আরও ওজন বাড়ছে লু হাওয়ের। শরিফুল ইসলাম ভূঁইয়া, ওয়েবসাইট অবলম্বনে