খুলে যাচ্ছে হ্যারি পটারের জাদুর দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যারি পটারের ছবি দেখতে গিয়ে কল্পনার রঙিন ফানুসে ভাসেনি—এমন শিশু-কিশোর বিরল। বিশেষ করে খুদে জাদুকর পটার যখন তেলেসমাতি কাণ্ডকারখানা শুরু করে, তখন এক ঠায় স্থির থাকা দায়।জাদুর ঝাড়ুতে চেপে হ্যারি পটার যখন শাঁ-শাঁ করে আকাশ দিয়ে ছোটে, তখন অনেকেরই মনে আকুল ইচ্ছে মাথা কুটে মরে—‘ইস্, আমিও যদি অমন করে আকাশজুড়ে উড়তে পারতাম!’হ্যারি পটারের অগণিত ভক্তদের মনের এই লুকানো ইচ্ছার কথা মাথায় রেখে এই সিরিজের নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স এমন এক সুযোগ তৈরি করেছে. ঝাড়ুতে চড়ে উড়তে না পারলেও ওই ঝাড়ুটা অন্তত দেখা যাবে। লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চলে যেখানে লিভসডেন স্টুডিও রয়েছে, সেখানে হয়েছে পটারের সব ছবির শুটিং। আগামীকাল ওই স্টুডিও খুলে দেওয়া হচ্ছে হ্যারি পটারের ভক্তদের জন্য। চারজনের একটি পরিবারের জন্য ব্রিটিশ মুদ্রায় টিকিটের দাম ধরা হয়েছে ৮৩ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় তা সাড়ে ১০ হাজার টাকার বেশি। বড় কেউ একা সেখানে গেলে ২৮ পাউন্ড দিতে হবে টিকিটের জন্য। ছোটদের জন্য প্রতিটি টিকিটের দাম ২১ পাউন্ড। আগাম টিকিট কেটে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ওই স্টুডিওয়ে গিয়ে দেখা যাবে হ্যারি পটারের সব ছবির নেপথ্য আয়োজন। এ জন্য বরাদ্দ করা সময়ও কম নয়, পুরো তিন ঘণ্টা। প্রতিদিন হাজার পাঁচেক দর্শক সেখানে যাবে বলে ধারণা করা হচ্ছে। স্টুডিও পরিদর্শনে গিয়ে সেখানে খাওয়া-দাওয়া ও কেনাকাটারও সুযোগ থাকবে। এক লাখ ৫০ হাজার বর্গফুট পরিসরের ওই স্টুডিওতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। এর মধ্যে বিশেষ দুটি আকর্ষণ হচ্ছে গ্রেট হল ও হগওয়ার্টস ক্যাসল। গ্রেট হলে গেলে দেখা যাবে হ্যারি পটার ও তার সঙ্গীরা যেসব উপকরণ ব্যবহার করত, সেসব জিনিস। চলচ্চিত্রের পর্দায় সুবিশাল প্রাসাদ হিসেবে দেখা গেছে হগওয়ার্টস ক্যাসল। কিন্তু বাস্তবে তা ১৫ মিটার চওড়া একটি মডেল বই কিছু নয়। ক্যামেরার কারসাজিতে এটি অতিকায় দেখানো হয়েছে। তাই বলে এটি তৈরিতে খাটাখাটুনি কম যায়নি। যুক্তরাজ্যের বিখ্যাত দুটি ভবনের নকশার অনুকরণে এই প্রাসাদ গড়া হয়। একটি হচ্ছে ডারহাম নগরের ডারহ্যাম ক্যাথেড্রাল, অপরটি অ্যানইক ক্যাসল। ৮০ জনের বেশি শিল্পী ও কর্মী মিলে হগওয়ার্টস ক্যাসল গড়ে তোলেন।হ্যারি পটারে যেসব কিম্ভূত প্রাণী ও চরিত্র রয়েছে, এসবের দেখাও মিলবে ওই স্টুডিও সফরে গেলে। জানা যাবে কীভাবে এসব চরিত্র জীবন্ত হয়ে চমকের মোহজালে বেঁধেছে দর্শকদের। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: টেলিগ্রাফ, গার্ডিয়ান, ডেইলি মেইল অনলাইন।