খেলায় খেলায় বাণিজ্যমেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকার আগারগাওয়ে চলছে বাণিজ্যমেলা। মেলায় এসে বড়রা করবেন এটা-সেটা কেনাকাটা, বিফল হবে সঙ্গে থেকে তোমার কেবল পায়ে হাঁটা? উহু, মোটেই না! মেলায় যে আছে শিশুপার্ক! একটা নয়, দুইটা! মেলার উত্তর-পশ্চিম প্রান্তে ‘ফান ল্যান্ড শিশুপার্ক ১ ও ২’ নামে মুখোমুখি দাঁড়িয়ে আছে এই আনন্দের আস্তানা।
দূর থেকেই দেখতে পাবে—প্রবেশ গেটের মাথায় বসে হাত বাড়িয়ে ডাকছে তোমায় লালঝুঁটির মোরগবাবু। গেটে বাড়তি টিকিটের ঝামেলা নেই, মেলায় প্রবেশের ৩০ টাকা মূল্যের টিকিটই যথেষ্ট। ঢুকেই তুমি দ্বিধায় পড়বে, কোনটা ছেড়ে কোনটায় চড়বে? টাট্টু ঘোড়া, গাড়ি, মিকি মাউস ও ডোরেমনরা বসে আছে তোমায় দোল খাওয়াতে। যত খুশি তত; লাফাতেও পারো মনের মতো। কাঠের ঘোড়া, বেঞ্চ, চায়ের কাপ ও পাতিহাঁসে চেপে ঘুরতে পারো আনন্দঘূর্ণি। আছে কুউউ ঝিকঝিক ম্যাজিক ট্রেন! চড়তে পারে ছোট-বড় যে কেউ। আছে থ্রিডি সিনেমা দেখার সুযোগও। নাগরদোলায় উড়ে-ঘুরে মজা নেওয়ার সুযোগ তো আছেই। প্রতিটি রাইডের মূল্য ৩০ টাকা।
ঘুরতে ঘুরতে দেখা হলো নাখালপাড়া থেকে আসা দুই ভাইবোন হুসাইন ও জয়নবের সঙ্গে। বাবা টিকিট নিতে না-নিতেই ঘোড়া আর গাড়িতে চড়ে বসেছে ওরা। ঘোড়ায় চড়ার শখ মিটতে না-মিটতেই বাবাকে হাত-ইশারায় দেখাচ্ছে লম্ফঝম্ফের মঞ্চ। ওদিকে মঞ্চ তখন তৃতীয় শ্রেণি পড়ুয়া ফাইয়াজের দখলে। ছোট্ট ছেলেটা তখন লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, পড়ছেও হুমড়ি খেয়ে। উঠছে আবার পরক্ষণেই। মা ভিডিও করছেন বটে, বাবা দাঁড়িয়ে থেকে ক্লান্ত। উফ্, ছেলেটা সেই কখন থেকে লাফিয়েই যাচ্ছে, একটুও যদি থামত!

.
.

এত সব রাইডের বাইরে ‘ফান ল্যান্ড শিশুপার্ক ২’ এর সবচেয়ে বড় আকর্ষণ, বিস্ময়ভরা ভয়ংকর এক খেলা—দ্য গেম অব ডেঞ্জার! ‘মৃত্যুকূপ প্রাইভেট কার ও মোটরসাইকেল প্রদর্শনী’। কী অবিশ্বাস্য কাণ্ড! মাটি থেকে ২০ ফুট খাড়া কাঠের দেয়াল বেয়ে মোটরসাইকেল চালাচ্ছেন একজন, তাও কখনো হ্যান্ডেলে হাত রেখে, কখনো হাত ছেড়ে দিয়ে। দর্শকদের দিকে হাত নেড়ে ভয় ধরিয়ে দিচ্ছিলেন। কখনোবা হাত গুটিয়ে রাখছিলেন সেই চলন্ত অবস্থাতেই! শুধু কি তাই? প্রাইভেট কারও চলল একই খাড়া দেয়াল বেয়ে। দেখে ভয়ে মুখ হাঁ হয়ে আসে দর্শকের। পুরোটা সময় ঘোর লাগিয়ে রাখা সেই দুঃসাহসী খেলোয়াড় হচ্ছেন সৈয়দপুর, নীলফামারীর এস এম রাশেদ। ভয়ংকর এই খেলা দেখার সুযোগ মিলবে ৬০ টাকা টিকিটে।
ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে চট করে কিছু খেয়েও নিতে পারো। ফুচকা, চটপটি, পিঠাপুলি, বার্গার, কাবাব, রোল—সবই পাবে। দুই থেকে সাত লেয়ারের চা-ও চাইলে চেখে দেখতে পারো। মেলা চলবে পুরো মাস জুড়ে। ঘুরে আসবে নাকি একদিন?