খোলো গল্পের ঝাঁপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চোখ বুজে ভাবো তো, তোমাকে ঘিরে ধরেছে এক দল পাঠক। ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি... সবার শুধু একটাই কথা, ‘একটা অটোগ্রাফ প্লিজ! একটা অটোগ্রাফ...!’
এই স্বপ্নটা কিন্তু সত্যি হয়ে যেতেও পারে! সে জন্য তোমাকে চুল পাকিয়ে বুড়ো হতে হবে না। খুব বেশি দেরি নেই...কে জানে, হয়তো আগামী বছর ফেব্রুয়ারি মাসেই হয়ে যাবে স্বপ্ন পূরণ!
লেখক হওয়ার এই দারুণ সুযোগ করে দিচ্ছে গোল্লাছুট। এখন থেকে প্রতি মাসের শেষ সংখ্যায় তোমাদের গল্প ছাপা হবে। একটি গল্প হবে সেরা। বছর শেষে ১২ মাসের ১২টি সেরা গল্প নিয়ে বের হবে বই! তাই জলদি ভাবতে শুরু করে দাও। এমন একটা গল্প ভাবো, যেমনটা আগে কেউ ভাবেনি।
নিয়মকানুনগুলোও বলে দিই। গল্পের সর্বোচ্চ শব্দসংখ্যা ৫০০। বিষয় হতে পারে যেকোনো কিছু। লেখককে অবশ্যই স্কুলপড়ুয়া হতে হবে। গল্প ছাপানোর সুযোগ নিতে বড়দের কেউ যদি আবার স্কুলে ভর্তি হতে চায়, তাঁকে কিন্তু আমরা নেব না! গল্প পাঠাতে হবে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে, গোল্লাছুটের ঠিকানায়। খামের ওপর লিখবে: এসো গল্প লিখি, গোল্লাছুট, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। গল্প পাঠাতে পারো ই-মেইলেও। ই-মেইল ঠিকানা: [email protected]। আর হ্যাঁ, প্রতিটি সেরা গল্প লেখকের জন্য পুরস্কার আছে। ছাপা হওয়া ১২টি গল্পের মধ্যে যার গল্পটা সবচেয়ে ভালো হবে, তার জন্য থাকবে বিশেষ পুরস্কার। কে হবে সেরা লেখক? হয়তো তুমি!