গরমে একটু আরামের খোঁজে
গ্রীষ্মকালে কি সুয্যিমামা পৃথিবীবাসীর ওপর রেগেমেগে টং হয়ে থাকে? নইলে শীতের আরামদায়ক রোদ হঠাৎ এমন অসহ্য হবে কেন! ঠা ঠা রোদের কারণে অসহ্য গরমে সবাই অস্থির হয়ে যায়। তাই সুয্যিমামার কাছ থেকে দূরে থাকতে পারলেই বাঁচোয়া। থার্মোমিটারের পারদ বলছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে গত কয়েক দিন তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। মজার ব্যাপার হচ্ছে, এমন খাঁ খাঁ রোদেও অনেককে কোট-টাই পরে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের কথা বাদ দিলে বেশির ভাগ মানুষ গরম থেকে বাঁচতে হালকা পোশাক চাপায় গায়ে। এ ছাড়া হাতপাখা, ইলেকট্রিক পাখা, এয়ারকন্ডিশনার তো রয়েছেই। আবার ঠান্ডা পানিতে গোসল আর হিম হিম আইসক্রিম খাওয়ার পরিমাণ বেড়ে যায় এ সময়। এ তো গেল গরম থেকে বাঁচতে মানুষের যত সব পদ্ধতি, কিন্তু জীবজন্তুদের তো পাখা বা শীতাতপনিয়ন্ত্রিত কোনো ব্যবস্থা নেই। তাহলে ওরা প্রচণ্ড গরমকে সামাল দেয় কীভাবে?জীবজন্তুরাও গরম থেকে বাঁচতে বেশ কিছু পদ্ধতির আশ্রয় নেয়। চরম গরমে আরামের খোঁজে অনেককে পানিতে ঝাঁপাঝাঁপি বা সাঁতার কাটতে দেখা যায়। এ দলে রয়েছে হাতি, বাঘ, গন্ডার, জলহস্তী, গরু, মহিষ, ফ্লেমিঙ্গো পাখিসহ আরও অনেকে। কেউ কেউ পানিতেই ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেয়। ঢাকার জাতীয় চিড়িয়াখানায় গেলে হাতি ও জলহস্তীকে গোসল করতে দেখতে পাবে। আবার অনেক পাখিকেও গরমে টুক করে গোসল করে নিতে দেখা যায়।যাদের ভাগ্যে পানিতে ঝাঁপাঝাঁপির সুযোগ নেই, তারা শরীরের ঘামের ওপর নির্ভর করে। ঘাম ঝরলে তা শুকিয়ে দেহ শীতল হয়। এতে কিছুটা স্বস্তি পায়। কিন্তু সব প্রাণীর শরীর থেকে ঘামও ঝরে না। যেমন চিতা, কুকুর, সরীসৃপ প্রাণী (সাপ) ও পাখির শরীর ঘামে না। তাই শরীর ঠান্ডা করতে কুকুর তার জিব দিয়ে বিশেষ এক পদ্ধতিতে শরীর ঠান্ডা রাখে। অন্যদিকে, সরীসৃপ প্রাণী আর অনেক পাখি দিনের পরিবর্তে রাতে শিকারে বের হয়। এ দলে আছে প্যাঁচা, আফ্রিকান সাদামুখো হাঁস।দেহের গরম কমাতে শকুনের পদ্ধতিটি বেশ মজার। এদের পদ্ধতির নাম ইউরোহাইড্রোসিস। এমন কঠিন নাম শুনে এর আসল মজা বোঝা যাবে না। এ পদ্ধতিতে শকুন তাদের পায়ের ওপর প্রস্রাব করে। তাদের প্রস্রাব গরমে বাষ্প হয়ে উড়ে যায়। এতে তাদের পা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে শরীরও কিছুটা ঠান্ডা হয়।অনেক জন্তু পানিতে নামার সুযোগও পায় না, আবার তাদের দেহ থেকে ঘামও হয় না। তাহলে গরম থেকে বাঁচার উপায়? অনেকে সে জন্য শীতল ছায়ার খোঁজে ঘুরে বেড়ায়। ছায়ার খোঁজে পাথরের খাঁজে, পাহাড়ের গুহায় কিংবা ঘন গাছের কাছে চলে যায় এরা। এ দলে আছে কচ্ছপ, সিংহ ও চিতা।আবার কিছু কিছু প্রাণীর দেহের কিছু বৈশিষ্ট্য তাদের গরম থেকে বাঁচায়। যেমন লম্বা কানওয়ালা খরগোশের কথা ধরা যাক। লম্বা কানের জন্য অনেকে বেচারা খরগোশকে নিয়ে হাসাহাসি করে। কিন্তু এ কানের মাধ্যমে ওরা অনেক বেশি পরিমাণ বাতাস আটকাতে পারে। তাতে প্রচণ্ড গরমে শরীরটাও বেশ ঠান্ডা থাকে।