গর্জন বর্ষণ
রোমেল বেশির ভাগ দিন খেলার মাঠে খেলতে যায়। তবে সন্ধ্যার আগেই ফিরে আসে। একদিন মাঠে গিয়ে দেখে, কয়েকজন আসেনি। খেলা আর হলো না। সেদিন ওর খেলার বন্ধুরা যে যার বাসায় চলে গেল। তখন মাঠে ওর আর কিছু করার ছিল না। একা সে বাড়ি ফিরছিল।ফেরার পথে বাড়ির কাছাকাছি এসে রোমেল দেখে, সরু রাস্তার পাশে একটা ব্যাগ পড়ে আছে। সেটি দেখে সে খুব অবাক হলো। ব্যাগটি নড়াচড়া করছে। সে প্রথমে কিছুটা ভয় পেলেও পরে তার বেশ কৌতূহল হলো। কাছে গিয়ে দেখল, ব্যাগটির মুখ চিকন দড়ি দিয়ে বাঁধা। ভেতরে কুঁইকুঁই একটা আওয়াজ। ব্যাগের মুখ খুলবে কি না, চিন্তা করছিল রোমেল। তারপর কী মনে করে ব্যাগের মুখ খুলে দিল। প্রথমে সে ভেবেছিল, ভেতরে হয়তো বিড়ালের বাচ্চা। কিন্তু মুখটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এল কুকুরের দুটি নাদুসনুদুস বাচ্চা। বাচ্চা দুটি দেখে রোমেলের বেশ ভালো লাগল।রোমেলদের বাড়ি বগুড়া শহর থেকে একটু দূরে। পশ্চিম দিকে একটা ফাঁকা জায়গায়। বাড়ির তিন দিকে অনেক জমি। এর মধ্যে তিন বিঘা জমির ওপরে ওর বাবার ছোট একটা বাড়ি। একদিকে সবজির বাগান, অন্যদিকে গোয়ালঘর। পেছনে গাছপালা। সামনে কিছুটা খোলা জায়গা আর ছোট একটি পুকুর। আশপাশে আর কোনো বাড়ি নেই। ওদের বাড়ির পেছনে ছোট ছোট কয়েকটি টিলা। দুই টিলার মাঝে বড়সড় এক জঙ্গল। সেটা প্রায় ওদের বাড়ি ঘেঁষেই। সেদিকে রোমেল পারতপক্ষে যায় না। মা-বাবা ওকে ওদিকে যেতে নিষেধ করেছেন। ওদের বাড়ির কাছে যে দুটি পাড়া, সেটাও কিছুটা দূরে। খেলার মাঠে ওর স্কুলে যারা সহপাঠী, তাদের বাড়ি ওই দুই পাড়ায়। বাড়িতে ওর কোনো সঙ্গী বা বন্ধু নেই। রোমেলের ভাইবোনও নেই। কুকুর দুটি পেয়ে সে আহ্লাদে বেশ আটখানা হয়ে পড়ল। বাচ্চা দুটি বাড়িতে নিয়ে এল। কুকুরের বাচ্চা দেখে ওর মা তেমন খুশি হলেন না। কিছুটা রেগেই গেলেন। বাবা অবশ্য কিছু বললেন না।প্রতিদিন রোমেলের একঘেয়ে জীবন। সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা। খেয়েদেয়ে স্কুল। স্কুল শেষে বাড়ি। বিকেলে একটু খেলা। সন্ধ্যার আগে বাড়ি ফেরা। তারপর বই নিয়ে মায়ের কাছে পড়তে বসা। রোমেলদের বাড়িতে ইলেকট্রনিকসের জিনিসপত্র তো দূরের কথা, লাইট-ফ্যানও নেই। কারণ বাড়িতে বিদ্যুতের সংযোগ নেই। সহজ-সরল বাবা-মা। রাতের বেলা তাঁরা হারিকেন ব্যবহার করেন। রোমেলকে রাতে হারিকেনের আলোয় পড়াশোনা করতে হয়। সন্ধ্যার মধ্যে রান্নাবান্না শেষ করে মা-ই পড়ান। তারপর খেয়েদেয়ে রাত ১০টার মধ্যেই ঘুম। আত্মীয়স্বজন তেমন কেউ ওদের বাড়িতে আসে না। সাদাসিধে সরল এই জীবন রোমেলের তেমন পছন্দ নয়। পড়াশোনার পাশাপাশি তার ভালো লাগে খেলার মাঠে খেলতে বা শিশুপার্কে গিয়ে খেলনা সাইকেল, রেলগাড়ি, মোটরগাড়ি, রোলার স্কেটে চড়ে ঘুরতে। শিশুপার্কে আছে কম্পিউটার গেম। সেটি খেলতে তার খুব ভালো লাগে। কয়েকবার সে বগুড়া শহরের ওয়ান্ডার ল্যান্ড শিশুপার্কে গেছে। স্কুল থেকে দুই-তিন মাস অন্তর অন্তর তাদের সেখানে নিয়ে যায়।বাড়িতে রোমেলের এখন সঙ্গী বলতে কুকুরের ওই বাচ্চা দুটি। মা-বাবাও শেষ পর্যন্ত এটা মেনে নিয়েছেন। কুকুরের বাচ্চা দুটি কিন্তু সত্যি চমৎকার। রোমেল ওদের নাম দিয়েছে গর্জন ও বর্ষণ। বাড়ির চারপাশে দৌড়াদৌড়ি করে এরা বেশ আনন্দেই সময় কাটায়। দূরে কোথাও যায় না। রোমেল যখন স্কুল বা খেলার মাঠ থেকে বাড়িতে ফেরে, তখন ওরা কীভাবে যেন টের পেয়ে যায়। দৌড়ে ওর কাছে চলে আসে। বাড়িতে যখন থাকে, সারাক্ষণ ওর আশপাশে ঘুরঘুর করে। যতই দিন যায়, কুকুরের বাচ্চা দুটি ততই বড় হতে থাকে। দেখতে দেখতে বেশ বড়ই হয়ে গেল।আজ রোমেল খেলার মাঠ থেকে তাড়াতাড়ি ফিরে এল। কী কারণে যেন খেলার মাঠে অনেকে আসেনি। তাই খেলা আর হলো না।তারপর অদ্ভুত কাণ্ড। রোমেল বাড়ি ফেরার পর কুকুর দুটি দৌড়ে ওর কাছে এল না। বাড়ির সামনে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। চারদিকে তাকিয়ে দেখল। কোথাও ওদের দেখতে পেল না। তখন সে গর্জন-বর্ষণ বলে ডাক দিল। কুকুর দুটি এল না। রোমেল মনে মনে ভাবল, এটা তার চোখের ভুল কি না। সে চোখ বুজে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকল। এক মিনিট পর চোখ খুলে আবার চারদিক ভালো করে দেখল। না, গর্জন-বর্ষণ নেই।কুকুর দুটির ওপর রোমেলের বেশ মায়া জন্মেছিল। তাই আশপাশে খুঁজতে থাকল। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল। তখন তার খুব কান্না পেল। কিন্তু কাঁদতে পারল না। কী করবে ভেবেও পেল না।