গাছ দেখতে দেখতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবা, তুমি গাছের দিকে চেয়ে চেয়ে কী দেখ এত?’রারার এমন প্রশ্নে মিষ্টি হাসেন বাবা। ছেলের দিকে চোখ ফিরিয়ে বলেন, ‘গাছের রূপ দেখি। সৌন্দর্য দেখি। গাছের পাতা দেখি। পাতার ওপর আলোর নাচন দেখি। ফুল দেখি। ফল দেখি। আরও কত কী দেখি!’‘তাই বলে একই গাছ প্রতিদিন দেখতে হয়?’বাবা হাসেন। বলেন, ‘একই গাছ একেক সময় একেক রূপ ধরে। সকালে এক রূপ; দুপুরে তার আরেক রূপ। বিকেলের মায়াময় আলোয় তাকে দেখায় অন্য রকম। আবার সন্ধ্যায় গাছের পাতায় পাতায় নেমে আসে আরেক সৌন্দর্য। খুব কাছে থেকে না দেখলে তা বোঝা যায় না।’বাবা বলেন আর ১০ বছরের রারা খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে। বাবা এবার আরও কাছে গিয়ে গাছটার গায়ে হাত দিয়ে একটু আদর করেন। বলেন, ‘দেখো, একটু আগে কেমন গরম ছিল। বৈশাখের ঝাঁজালো রোদ, গরম বাতাস পুড়ে দিচ্ছিল গাছের শরীর। আমি অনেক দিন হাত দিয়ে স্পর্শ করেছি। কেমন অন্য রকম শরীর গাছের। আমরা যেমন গ্রীষ্মের দাবদাহে পুড়ে যাই, খুব কষ্ট হয়, গাছেরও তেমনই। এখন দেখো, বিষ্টির পর কেমন ঠান্ডা ঠান্ডা, শীতল শীতল ওদের শরীর। দেখো দেখো; ধরে দেখো।’ বাবার কথায় মন্ত্রমুগ্ধের মতো একটু এগিয়ে যায় রারা। আলতো করে হাত রাখে লম্বা জামগাছটার শরীরে। অন্য রকম একটা মজা টের পায় ও। আগে এমন করে গাছ ছুঁয়ে দেখা হয়নি ওর। খুব ছোটবেলা থেকেই ও অনেক গাছ চেনে, নাম জানে। বাবা চিনিয়েছেন। বইয়ের পাতায় দেখতে দেখতে চিনেছে কিছু। একবার এক বসন্তে বাবা অনেক প্রাচীন একটা বটগাছ দেখাতে নিয়ে গিয়েছিলেন উলুখোলায়। তুরাগ নদ দিয়ে ইঞ্জিনের নৌকায় করে যেতে হয়। যেতে যেতে কত গ্রাম! কত ফসলের খেত! কত পাখি! কটা চিল উড়ে উড়ে পুরো পথ সাথি হয়েছিল ওদের। উলুখোলা একটা সবুজ গ্রাম। সেই গ্রামের এক কিনারে বটগাছটা দেখে অনেক কথা মনে হয়েছিল রারার। বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন। ঘুরে ঘুরে দেখছিলেন গাছের অনেক কিছু। বাবা রারাকে বলেছিলেন, ‘এই গাছটা আমার চেয়েও বয়সে বড়। তাই আমি তাকে সম্মান করি।’ বাবা এটাও বলেছিলেন, এই কথাটা, এই চিন্তাটা তাঁর নয়। তিনি এটা শিখেছেন বিপ্রদাশ বড়ুয়ার কাছে। বিপ্রদাশ বড়ুয়া গাছ নিয়ে লেখেন। ফুল নিয়ে লেখেন। ছোটদের জন্য, বড়দের জন্য অনেক লিখেছেন। তাঁর চেয়ে বয়সে বড় কোনো গাছ দেখলে তাকে সমীহ করেন তিনি। যেমন শ্রদ্ধা আর সমীহ দেখাতে হয় বয়োজ্যেষ্ঠদের। বাবা বলেন; বলতেই থাকেন, ‘এই গাছটা আমার আগে পৃথিবীতে এসেছে। আমার বয়োজ্যেষ্ঠ। তাই তাকে শ্রদ্ধা দেখাই।’রারা বলে, ‘আমরা মা, বাবা ও স্কুলের শিক্ষকদের সম্মান করি; শ্রদ্ধা করি। বড়দের সম্মান করতে হয়। আজ জানলাম, বয়সে বড় হলে গাছকেও সম্মান করতে হয়। আমি এটা আমার স্কুলের বন্ধুদের বলব।’রারার কথায় বাবার আনন্দ হয়েছিল সেদিন। আজ এই বিষ্টির পর শেষ দুপুরে জামগাছটার নিচে দাঁড়িয়ে খুব ভালো লাগছে বাবার। তাঁর এই ভালো লাগাটা ছেলের সঙ্গে ভাগাভাগি করে নিতে ইচ্ছে করছে খুব।প্রায় প্রতিদিনই রারাকে সঙ্গে নিয়ে লেকের পাড়ে গাছ দেখতে আসেন তিনি। বাবার সঙ্গে লেকের পাড়ে হাঁটতে রারারও খুব ভালো লাগে। হাঁটতে হাঁটতে অনেক কথা হয়। অনেক গল্প হয় দুজনে। আগে কেবল রারাকে অনেক কিছু দেখাতেন বাবা। চেনাতেন। এখন রারাও অনেক কিছু দেখিয়ে দেয় বাবাকে। কাল সকালে ঝলমলে আলোয় জবা ফুলের ওপর উড়ে উড়ে মধু নেওয়া একটা মৌটুসি পাখি দেখিয়েছিলেন বাবা। বিকেলে একটা নবীন-তরুণ কাঁঠালগাছে ঝুলে থাকা একটা কাঁঠাল দেখিয়ে রারা বলেছিল, ‘বাবা, দেখো, একটামাত্র কাঁঠাল ধরেছে। অন্য গাছে তো অনেক কাঁঠাল। এটাতে একটা কেন?’ বাবা গাছটাকে দেখলেন। সরু ছোট একটা গাছ। এখনো শক্ত হয়ে দাঁড়াতে পারেনি। তার একটা ডালে ছোট্ট একটা কাঁঠাল। তার পাশেই আরও দুটি কাঁঠালগাছ। তাদের ডালে ডালে অনেক ফল। বাবা বলেছিলেন, এই গাছটা এবারই প্রথম ফল দিতে শুরু করেছে। তাই হয়তো একটা কাঁঠাল ধরেছে। পরের বছর আরও ধরবে।এমন আরও অনেক কথা, অনেক ঘটনা মনে পড়ে বাবার। রারা জামগাছের গায়ে হাত বোলাচ্ছে। বাবা দেখছেন গাছটা। দেখছেন আর ভাবছেন, এখানে আর একটিও জামগাছ নেই। অন্য গাছ আছে অনেক। ছোট, বড়, লম্বা ও ছড়ানো অনেক গাছ। প্রতিটি আলাদা। গায়ের রং ভিন্ন। ভিন্ন পাতার আকার। কিছু গাছে ফুল ফুটেছে। লেকের ওপারে সবুজ গাছগুলোর মাঝে আগুনরঙা রূপ নিয়ে ফুটেছে কৃষ্ণচূড়া। বাবা ভাবছেন। ভাবছেন আর দেখছেন। বাবার মগ্নতায় হানা দেয় রারা। বলে, ‘বাবা, তুমি গাছ খুব ভালোবাসো?’‘হু, অনেক অনেক ভালোবাসি। সবারই উচিত গাছকে ভালোবাসা। গাছের মতো এমন নিঃস্বার্থ বন্ধু আর হতে পারে না।’‘নিঃস্বার্থ মানে কী, বাবা?’‘যার কোনো স্বার্থ নেই, যে শুধু দিতে জানে; বিনিময়ে কিছুই চায় না।’রারা বোঝে কথাটার মানে। ভাবে, সত্যিই তো গাছ কেবল মানুষকে অনেক কিছু দেয়। মানুষ গাছকে কিছুই দেয় না। রারা এই সুন্দর সত্যটা ভাবে। ভাবতে ভাবতে তার ইচ্ছা হয়, সে-ও যদি একটা গাছ হতে পারত। ইচ্ছাটা বাবাকে বলে। বাবা রারাকে সান্ত্বনা দেন। বলেন, ‘মানুষ প্রবলভাবে, খুব মন দিয়ে যা হতে চায়, তা-ই হতে পারে।’ বাবার কথাটা খুব মনে ধরে রারার। তখন বিকেল মিশে গেছে সন্ধ্যার সঙ্গে। দূরে কোথাও বিষ্টি হচ্ছে। বাতাসে তার ঘ্রাণ ভেসে আসছে। বিষ্টিভেজা সেই বাতাস গায়ে মাখতে মাখতে, জামগাছটাকে আদর করতে করতে রারা ধীরে ধীরে একটা গাছ হয়ে যেতে থাকে।