গাছ-বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন অনেক রাত। আকাশে সাদা মেঘের দল জলে নামা হাঁসের মতো ছোটাছুটি করছিল। এর ফাঁকে ছিল চাঁদ মামার মিষ্টি মিষ্টি হাসিভরা মুখ। তারই একটু আলো পড়েছিল টুনুদের বাড়ির জানালায়। আর জানালার ফাঁক বেয়ে একটুখানি আলো পড়েছিল টুনুর ছোট্ট মুখে। হঠাৎ টুনুর ঘুম ভেঙে যায়। এমন জ্যোৎস্না ভরা রাতে কে যেন বুকের ভেতর থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। টুনু বিছানা থেকে নেমে বারান্দার দরজা খোলে। আধো আলোতে দেখে, কয়েক দিন আগে কিনে আনা গোলাপগাছটি এমন করুণ করে কাঁদছে। আর একটু এগিয়ে যেতেই গাছটি বলে, ‘টুনু!’টুনু খুব চমকে যায়। গোলাপগাছ বলে, ‘ভয় পেয়ো না। আরও কাছে এসো।’টুনুর তবু সাহস হয় না। গাছ বলে, ‘জানো, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এই এতটুকু টবে শিকড়-বাকড় নিয়ে কিছুতেই সুবিধা করতে পারছি না।’কথা শুনে টুনুর ভয় একটু কাটে। এক পা এগিয়ে বলে, ‘তোমার কি আরও বড় টব দরকার? ঠিক আছে, কাল মামণিকে বলে’—থামিয়ে দেয় গাছ। বলে, ‘বড় টব লাগবে না, আমাকে তুমি সামনের ওই মাঠে রেখে এসো। আসলে জন্মের পর একটা বড় নার্সারিতে ছিলাম তো! সেখানে অনেক মাটি, আর ছিল অনেক সঙ্গী গাছ। আজ এখানে একা একা বারান্দার টবে খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে একটু মাঠে নিয়ে যাবে?’ টুনু খোলা দরজা দিয়ে ঘরের দিকে একবার তাকিয়ে বলে, ‘মা বকবে। তোমাকে ১০ টাকা দিয়ে কিনে এনেছে ফুল ফোটাবে বলে।’‘তোমার মা কিচ্ছু জানবে না। তুমি আমাকে মাঠের ঘাস-বন্ধুদের কাছে রেখে এসো, আমি তোমাকে খুব তাড়াতাড়ি দুটো ফুল দেব, মাকে দিয়ো, আমার দাম শোধ হয়ে যাবে। এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে।’টুনুর খুব মায়া হয়। সে চুপি চুপি বেরিয়ে গিয়ে পাশের মাঠের মুক্ত মাটিতে গোলাপগাছটি পুঁতে দেয়। সকালবেলা এ নিয়ে মহা হইচই। টব আছে গাছ নেই। কোন চোরে গাছ নিল! টুনু কোনো কথা বলে না, টুনুর মুখে তালা।কয়েক দিন পর রাতের বেলা চুপিচুপি টুনু মাঠে চলে যায়। দেখে, চাঁদের আলোয় গাছটির মাথায় দুটো সাদা গোলাপ হাসছে। গাছটি টুনুকে দেখে বলে, ‘এসো টুনু। ফুল দুটো নিয়ে মাকে দিয়ো, তাহলেই আমি মুক্ত।’টুনু বলে, ‘ঠিক আছে।’গাছটি আবার বলে, ‘শোনো, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি আমার বন্ধু। তোমাকে আমি তিনটা গোলাপ উপহার দেব, কয়েক দিন পরে এসো।’‘আচ্ছা’ বলে আনন্দে লাফাতে লাফাতে টুনু বাড়ি ফিরে যায়। সকালবেলা ফুল নিয়ে আবারও হইচই। কে আনল ফুল, কোথা থেকে! টুনু কোনো কথা বলে না, টুনুর মুখে তালা।কয়েক দিন পর আরেক রাতে টুনু যায় গাছ-বন্ধুর শুভেচ্ছা আনতে। কিন্তু একি! কোথায় মাঠ! জায়গায় জায়গায় গর্ত খোঁড়া আর ইট-বালুর স্তূপ। তার মধ্যে গোলাপগাছকে কোথাও খুঁজে না পেয়ে টুনু ডাকে, ‘গাছ-বন্ধু, গাছ-বন্ধু!’ কেউ সাড়া দেয় না। কিছুদূর এগিয়ে গিয়ে টুনু দেখে, কয়েকটা ইটের নিচে চাপা পড়ে গাছটি মরে গেছে। দাঁড়িয়ে থাকে টুনু। এরপর গাছের কালচে শরীরটাকে একটা গর্তে রেখে পুরোটা মাটি চাপা দেয়। টুনুর শুধু মনে হয়, সে কেন গাছটাকে মাঠে নিয়ে এল? টবে থাকলে তবু তো বেঁচে থাকত। চোখ মুছতে মুছতে চাঁদের আলোয় বাড়ি ফেরে টুনু। মনে মনে বলে, ‘গাছ-বন্ধু, ভালো থেকো। আমাকেও মনে রেখো।’