গাছগুলো শৈশবে কেমন ছিল
সারাক্ষণ শুধু হিল-হিল, হিলের গল্প। গ্রাউস মাউন্টেনের নাম শুনেছিস? ওখানে আমি গাবগাছ লাগাব। এভারেস্ট তো কমন। রাধানাথ শিকদার মাপলেন উচ্চতা, নাম হয়ে গেল ইংরেজ সাহেব এভারেস্টের। ওখানে কেউ উঠতে পারুক আর না-ই পারুক, আশপাশে ঘুরঘুর করে আজকাল অনেকেই। কিন্তু মাউন্ট সিয়েমোর কিংবা সাইপ্রেস হিল? আন কমন। একেবারে অন্য রকম। প্রায় ২০০ পাহাড়ের গল্প এভাবে মুখস্থ। শৈশবে আমাদের বড় ভাই ছিলেন যাঁরা, হিল নিয়ে তার ওই অতি কেচ্ছা-কাহিনির জন্য নাম দিয়েছিলেন ‘হিলহিল’। আমাদের সময়ে একটু কাত হয়ে গেল নামটা। দাঁড়াল ‘হিলহিলে’। হিলহিলে মামা। এখন ভাতিজি-ভাতিজা আর ভাগনি-ভাগনেরা পাড়ি দিচ্ছে শৈশব। তারা এখনো স্বচক্ষে দেখেনি তাকে, তবে মানুষটা তাদের কাছেও হিলহিলে। গ্রাউস মাউন্টেনে যে গাবগাছ লাগানোর স্বপ্ন দেখে! ১২ বছর পর বিদেশ থেকে যখন ফিরল, নামের সঙ্গে পুরোপুরি খাপ খাওয়ানো একটা মানুষ। একেবারে হিলহিলে, পাতলা। আসলে সঠিক শব্দ হচ্ছে লিকলিকে।মা মর্মাহত। ভেজা গলায় বলল, ‘বিদেশে মানুষ মোটা হয় শুনি। তোর একি অবস্থা! একেবারে দেখছি শুকনো বরবটি।’ বাবা রসিকতার সুযোগ ছাড়ল না, ‘তুই দেখি নামটা সার্থক করে ফেলেছিস। আরও লম্বা হয়েছিস নাকি?’মানুষটা লাজুক হাসল, ‘কী যে বলো দুলাভাই! ঊনচল্লিশে দেশ ছাড়লাম। ওই বয়সের পরে কি আর মানুষ লম্বা হয়?’বাবা নাছোড়। কারণ একটা খুঁজে বের করতেই হবে। বলল, ‘তাহলে নিশ্চয় স্বাস্থ্য আরও ভেঙেছে। যাওয়ার সময় কয় ফুট জানি হাইট ছিল তোর?’‘থাকবে কী! এখনো তা-ই আছে। পাঁচ ফুট ১১ ইঞ্চি।’ঘন ঘন মাথা নাড়তে লাগল বাবা, ‘না না। আমার মনে হয় আরও ইঞ্চি দুয়েক লম্বা হয়েছিস তুই।’কপাল কুঁচকে গেল মানুষটার, ‘এখানে তো আর ভুল লিখবে না। এই দেখো কানাডিয়ান পাসপোর্টে হাইট কত লেখা...।’বাবা মনোযোগ নিয়েই দেখল, কিন্তু মাথা নাড়ানো বন্ধ হলো না মোটেও, ‘আমার মনে হয় কোথাও কোনো ভুল হয়েছে। দেখি দেখি, সটান হয়ে দাঁড়া তো।’লোকটা সোফা থেকে উঠে দাঁড়াল কাঁচুমাচু হয়ে।মা রেগে গেল, ‘কী শুরু করলে তুমি? এত বছর পর আমার একমাত্র ভাইটা দেশে এসেছে, কোথায় ওকে যত্ন করে খাওয়াবে, তা না শুরু করেছ প্যাঁচাল।’সারাক্ষণ তো বিজি থাকি, আজ না-হয় সুযোগ পেয়ে একটু প্যাঁচাল করি। আমার ফর্দটা বলছি তোকে, রোজ দুই মাইল হাঁটি। গান শুনি, পড়ি, ডায়েরি লিখি। নাতি-নাতনিদের সঙ্গে খেলি। লাইফ ইজ সো নাইস।’‘নাতি-নাতনি?’ কপালে চোখ তুলল হিলহিলে, ‘এগুলো আবার পেলে কোথায়!’বাবা ধমকে উঠল, ‘শাহীনের বিয়ের কথা কি খেয়ে বসে আছিস? তোকে কার্ড পাঠিয়েছিলাম না? সেই শাহীনের এখন দুই ছেলেমেয়ে—ঋদ্ধ আর ঋতু। বড়টা পড়ে ফোরে, ছোটটি টুয়ে।’ হিলহিলে নামের মানুষটা বিড়বিড় করতে লাগল, ‘শা...শাহীন...শাহীন।’মা হেসে বলল, ‘আরে গুড্ডু গুড্ডু...। তোর বড় ভাগনে।’‘আরে দাঁড়াও, দাঁড়াও...।’ বলতে বলতে লোকটা ব্যাকপকেট থেকে মানিব্যাগ বের করল, তারপর বেরোল বহু মলিন একখানা ছবি। ‘দেখো তো বুবু, চেনো কি না?’মা আবার চেনে না! বলল, ‘হ্যাঁ, গুড্ডুর ছবি। তখন ও ক্লাস ফাইভে পড়ে। বাটা জুতো পায়ে...।’‘আর ওর পাশের জন?’বাবা হাসল, ‘আর কে? আমাদের ছোট পণ্ডিত। মায়ের সঙ্গে এককাট্টা হয়ে যে আমাকে দেশের বাড়িতে যেতে দেয় না।’মা বলল, ‘এখন সবাই বাইরে। গুড্ডু আর বউমা অফিসে। ঋদ্ধ আর ঋতু স্কুলে...।’বাবা কথার মাঝে বাধা দিয়ে বলল, ‘হিলমিল সাহেব শুধু আছেন, বাসায়।’‘কই, কই?’আমি এ ডাকেরই অপেক্ষা করছিলাম, সরাসরি সামনে এসে বললাম, ‘মামা, আমি হিমু। আরিফুর রহমান হিমু।’বাবা আমার পিঠে চাপড় দিল, ‘হ্যাঁ। এই যে তোর কনিষ্ঠ ভাগনে, যার নাম তোর সঙ্গে মিলিয়ে আমি রেখেছি হিলমিল। হিলহিলের ভাগনে হিলমিল।’মামা অনেকক্ষণ তাকিয়ে রইল, পলকহীন চাউনি।‘তুই হিলমিল? অসম্ভব!’আমি মৃদু হাসলাম।‘তোকে তো চেনার কোনো উপায় নেই। এ রকম গাবদাগোবদা হলি কী করে? স্টুডেন্ট থাকা অবস্থায় যদি এ রকম ফেটি হয়ে যাস...।’বাধা দিয়ে বাবা বলল, ‘কাকে স্টুডেন্ট বলছিস? হিলমিল এখন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।’‘ও মাই গড! বলো কী?...আচ্ছা, যে বছর আমি কানাডায় যাই, তুই তখন কোন ক্লাসে পড়িস রে?’আমি বললাম, ‘তখন কলেজে ভর্তি হয়েছি।’মাথায় হাত দিয়ে চেয়ারে বসে ছিল মানুষটা, অনেক ক্ষণ, নাকি কয়েক মিনিট মাত্র, না কয়েক সেকেন্ড! এরই মধ্যে দুটো ছোট্ট ট্যাবলেটের মতো সাদা ডিম ফুটে বেরোল দুই টিকটিকি। লাগোয়া গাছের ঝোপে টুনটুনির বাসায় এই মাত্র উড়াল শিখল পিচ্চি পাখি। সময়ের হিসাব মেলাতে বারবার চেষ্টা করছে হিলহিলে মামা, এগুলো তার চোখে পড়ার কথা নয়। টুনটুনি পাখিটাকে জানালা দিয়ে দেখতে পেলাম আমি। গাছে বসে অনবরত ডাকার সময় তার নেই, উড়াল দিচ্ছে এক ডাল থেকে অন্য ডালে, এক গাছ থেকে অন্য গাছে চলে যাচ্ছে। তারপর একদম চোখের আড়ালে।আর কি ফিরে আসবে? ফিরে এলেও হয়তো চিনতে পারব না পাখিটাকে।হিলহিলে মামা এরই মধ্যে ছবির অ্যালবাম খুলে বসেছে। একটি ছোট্ট গাছ ধরে দাঁড়ানো এক পিচ্চি। দুজনই কি এক বয়সী? গুড্ডু না আমি? গাছটারই বা নাম কী! চিনতে পারলাম না।