গাছের ডালে উৎসব
ইংরেজিতে বলে ‘রেইন ফরেস্ট’। বাংলা করলে দাঁড়ায় বৃষ্টিবন। দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবন গাছপালা ও রকমারি প্রাণীতে ভরপুর। বৃষ্টির মৌসুমে এসব বনে গাছপালা যেমন সতেজ থাকে, তেমনি বিভিন্ন প্রাণীর ফলপাকড়েরও অভাব হয় না।বৃষ্টির মৌসুম ফুরালে মধুভরা ফুল হারিয়ে যায়। শুকিয়ে খটখটে হয়ে যায় রসালো বীজ। বোঁটা শুকিয়ে গাছ থেকে টুপটাপ ঝরতে থাকে মজার ফলগুলো। পচে এসব মিশে যায় মাটিতে। তখন ওই বনের অনেক প্রাণীর খাবারের খুব অভাব দেখা দেয়। এ সময় যে গাছটি এসব অসহায় প্রাণীর জন্য উৎসবের আয়োজন করে, তা হচ্ছে ‘বলসা’ গাছ। বৃষ্টি মৌসুম শেষে বনের বিভিন্ন প্রাণী যখন ক্ষুধায় কষ্ট পেতে থাকে, এ সময় বলসা গাছে ফুল ফোটে। একেকটি ফুল যেন আইসক্রিমের কোণ। অনেক প্রাণীর কাছে এই ফুল খুব সুস্বাদু। এর একটি বড় কারণ হলো ভেতরে জমে থাকা সুমিষ্ট মধু। টানা কয়েক মাস ধরে এই ফুলের বন্যা বয়ে যায়। তখন রাতদিন বলসা গাছের ডগায় উৎসবে মাতে বৃষ্টিবনের প্রাণীরা। অপসাম বলে নিশাচর এক স্তন্যপায়ী প্রাণী রয়েছে। ক্যাঙ্গারুর মতো থলেতে ছানা বয়ে বেড়ায় ওরা। ওরা মূলত মাংসাশী প্রাণী। কিন্তু খাবারের ওই অভাবের সময় রাত নামলেই বলসা গাছ হয় ওদের ঠিকানা। ফুল থেকে চুকচুক করে মধু চুষে নেয় ওরা। সঙ্গে যদি কিছু পোকামাকড় জোটে, তাহলে তা বাড়তি পাওনা। এক জাতের নিশাচর মৌমাছিও রাতে এসে বলসা ফুলের মধু নিয়ে যায়। দিনে মধু খেতে আসে নানা রকম পাখি। এর মধ্যে বেশি আসে হামিংবার্ড। ওপর থেকে ওদের খুদে ঠোঁট এত বড় ফুলের গভীরে পৌঁছাতে পারে না। এ জন্য ঠোঁটটি সূচের মতো পাপড়ি ভেদ করে ভেতরে ঢুকিয়ে দেয় ওরা। তারপর চুষে নেয় মধু।ফুল থেকে কিছুদিন পর ফল হয়। সেই ফলের বীজ খেয়ে পেট ভরে বনের বড় পাখিদের। কোনো কোনো পাখি বলসা ফুল থেকে জন্মানো তুলার মতো উপাদান নিয়ে বাসা তৈরি করে। বলসা গাছে উৎসবে মাতা আরেক প্রাণী হলো বনের কাপুচিন বানর। ওরা কেবল মধু নয়, ফুলের ভেতরের নরম অংশও খেয়ে ফেলে। বৃষ্টিবনের এক জাতের ছোট সাপের বিশ্রামের প্রিয় জায়গা বলসা ফুল। মধুলোভী খুদে প্রাণী শিকারের আশায় ফুলের ওপর বসে থাকে ওরা।শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: রেঞ্জার রিক