গায়ে ওদের চুম্বক আছে!
মাস খানেক আগের ঘটনা। সার্বিয়ার গর্নজি মিলানোভাচ শহরের বাসিন্দা সানজা পেত্রোভিচ তাঁর চার বছর বয়সী ছেলে ডেভিড পেত্রোভিচকে একটি চামচ আনতে বললেন। তিনি তখন তাঁর ছোট ছেলেকে খাওয়াচ্ছিলেন। মায়ের কথামতো ছোট ভাইয়ের জন্য চামচ আনতে গেল ডেভিড। আর তখনই ঘটে গেল আজব ঘটনা। চেঁচিয়ে মাকে ডাকল সে, ‘শিগগির এসো, দেখে যাও, চামচগুলো কেমন আটকে ধরেছে।’ছুটে গেলেন মা সানজা। গিয়ে দেখেন কয়েকটি চামচ আর কাঁটাচামচ আটকে আছে ছেলের গায়ে। সবই ধাতব চামচ।চামচগুলো টানতেই খসে গেল। তবে এই আজব কাণ্ড দেখে ভয় পেলেন তরুণী মা সানজা (২৬)। কাছেই থাকেন তাঁর বোন। ফোন করে এ ঘটনা বোনকে জানালেন তিনি। বোন শুনে অবাক হবেন কি, উল্টো জানালেন যে তাঁর ঘরেও একই ঘটনা ঘটছে। তাঁর ছয় বছর বয়সী ছেলে লুকা লুকিচের শরীরেও আটকে ধরছে ধাতব জিনিস। যেন দুই বালকের শরীরের ভেতর চুম্বক লুকানো আছে। এ নিয়ে বেশ হইচই পড়ে যায়। তাক লাগানো ঘটনা প্রচার হতে থাকে সংবাদমাধ্যমে। জানা যায়, কেবল সার্বিয়ায়ই নয়, ক্রোয়েশিয়া, ব্রাজিল, বসনিয়ায়ও এমন বালকের সন্ধান পাওয়া গেছে। সানজা জানান, তাঁদের পরিবারে এই শিশু দুটি ছাড়া আর কারও মধ্যে এই অস্বাভাবিক বৈশিষ্ট্য নেই। তবে ঘুমিয়ে পড়লে ওদের মধ্যে এই চৌম্বক শক্তি থাকে না। জেগে উঠলে ফিরে আসে চুম্বকের মতো টান, যা কেবল ধাতব জিনিসকেই আকৃষ্ট করে।রাজধানী বেলগ্রেডে এক্স-রে বা রঞ্জনরশ্মি বিশেষজ্ঞ (রেডিওলজিস্ট) হিসেবে সুনাম রয়েছে মিহাজলো দদিচের। তিনি বলেছেন, ‘আমি যত দূর জানি, শিশু দুটির এই অস্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্যের ব্যাপারে কোনো ব্যাখ্যা নেই।’এ ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক প্যাট্রিক রিগ্যান বলেন, ‘কারও গায়ে চুম্বকের মতো উপাদান থাকা নিয়ে আমি খুব সন্দিহান। কারণ, মানুষের শরীরের বেশির ভাগই পানি। পানিতে চুম্বকের গুণাবলি নেই।’ তিনি বলেন, ‘মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবকে হারিয়ে দিয়ে কারও গায়ে কিছু চুম্বকের মতো আটকে থাকা অবশ্যই ভালো কথা নয়। অনেক ক্ষেত্রে এতে ঝুঁকি রয়েছে।’লুকার বাবা স্লাভিসা বলেন, চিকিৎসকেরা এর মধ্যে শিশু দুটিকে খুব ভালো করে পরীক্ষা করেছেন। তাঁদের মতে, ওরা পুরোপুরি সুস্থ। তবে চিকিৎসকেরা ওদের শরীরে চুম্বকের মতো আকর্ষণক্ষমতার কোনো কারণ খুঁজে পাননি। ওদের এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।লুকা ও ডেভিডের অদৃশ্য চুম্বকের কেরামতি দেখতে এখন প্রতিদিনই লোকজনের ভিড় জমছে। আর শরীরে বিভিন্ন ধাতব জিনিস আটকে থাকার চমক দেখিয়ে মজা পাচ্ছে শিশু দুটি। এর আগে ক্রোয়েশিয়ার উত্তরাঞ্চলীয় কপরিভনিকার ছয় বছর বয়সী শিশু ইভান স্তয়েল্জকোভিচের শরীরেও একই চৌম্বক শক্তির প্রভাব নিয়ে খবর প্রকাশিত হয়। পরিবারের সদস্যদের দাবি, তার এই গুণ কিছু রোগ সারাতেও কাজে লাগছে। ইভানের শক্তিও সমবয়সী শিশুদের চেয়ে অনেক বেশি। সে তার শরীরে ২৫ কেজি ধাতব জিনিস আটকে রাখতে পারে। ব্রাজিলে পাওলো ডেভিড আমোরিম নামের ১১ বছরের এক বালকের শরীরেও একইভাবে ধাতব জিনিস আটকে থাকে বলে খবর পাওয়া গেছে। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: দ্য গ্লোব অ্যান্ড মেইল, দ্য উইক ও চেংদু নিউজ অনলাইন