গুটিপোকা থেকে প্রজাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেটিকে কি ভাবা গিয়েছিল সে কেমন হবে? ছোটবেলার দিনগুলো তো বড় হতে হতে পিছু ফেলে আসতে হয়। এখনকার ছোটবেলা তাই একসময় অতীত হয়ে যায়। শুঁয়োপোকার শূককীট থেকে যেমন প্রজাপতি বের হয়, তারপর কত না রং ধরে হাওয়ায় পাখা মেলে গা ভাসিয়ে উড়তে থাকে। তেমনি ছোটবেলার দেহের ভেতর থেকে ধীরে ধীরে বড় মানুষের আদল ফুটে বেরোতে থাকে। তাই দুখু মিয়া নামের ছেলেটি পরে নজরুল হবে—কাজী নজরুল ইসলাম, লোকে বলবে ‘বিদ্রোহী কবি’, কে ভাবতে পেরেছিল সেদিন? মনে হয়, কেউ না।পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম চুরুলিয়া। সে গ্রামের গরিব ঘরের একটি ছেলে। বংশ ভালো, সমাজে মানমর্যাদা আছে, একসময় অবস্থা ভালো থাকলেও এখন পড়ে গেছে। পাড়াপড়শির স্নেহে-ভালোবাসায় আর দানধ্যানে গরিবের সংসার কোনোরকমে চলে। সবাই দেখে, বাহ্, ছেলেটির লেখাপড়ায় মাথা তো খুব ভালো। তখন তারা উৎসাহ দেয়, সাহায্য-সহায়তা করে। এভাবেই তার লেখাপড়া চলতে থাকে। পয়সাকড়ির অভাবে ইস্কুলে যাওয়া বন্ধও হয়ে যায় কখনো কখনো। তারপর ফের ইশকুলে ভর্তিও হয়ে যায় একসময়। ইস্কুল পাল্টাতেও হয় নানা কারণে। কিন্তু এত অসুবিধেরভেতরেও পরীক্ষার ফল বেরোলে সবাই দেখে, নাঃ, দারুণ মাথা ছেলেটির, রেজাল্ট তো ১ নম্বর!ক্লাস নাইন থেকে টেনে উঠল সে ভালোভাবেই। কিন্তু কী যে মাথায় পোকা ঢুকল! পড়াশোনা ছেড়ে দিয়ে যোগ দিল মিলিটারিতে। কেন? ইচ্ছে তার সৈনিক হবে। কেন, সৈনিক কেন? যুদ্ধ করবে? যুদ্ধ করবে কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে আবার! ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজরাই তো সোনার বাংলাকে পরাধীন করে রেখেছে। যুদ্ধ করে ওদের তাড়াতে হবে না? তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। তরুণ বয়সী ছেলেদের সৈনিক হওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে। ছেলেটি সৈনিক হওয়ার দলে নাম লেখাল। উদ্দেশ্য একটাই, তাহলে যুদ্ধ কী করে করতে হয় তা হাতেনাতে শেখা যাবে। প্রথমে তো যুদ্ধবিদ্যা শেখা, তবে না লড়াই করে ইংরেজ তাড়ানো। অতএব ছেলেটি সৈনিক হতে চলে গেল। চলে গেল তার জন্মভূমি ছেড়ে, সোনার বাংলা ছেড়ে, নিজের দেশ বর্ধমান ছেড়ে। ট্রেনিং নিল। গানবাজনায় শখ ছিল খুব। ট্রেনিং নেওযার ফাঁকে ফাঁকে গানবাজনাও শেখা চলল এক ওস্তাদের কাছে। ওমা! এর মধ্যে যুদ্ধ শেষ! ফলে লড়াইয়ের ময়দানে আর যেতেই হলো না।দেশের ছেলে ফের দেশে ফিরে এল। তবে বর্ধমানে বেশি দিন থাকল না। ঠিক করল যে, সে কলকাতায় থাকবে। কলকাতায় কেন? প্রথমত, কলকাতা তখন রাজধানী। রাজধানী বলে সুযোগ-সুবিধে অনেক বেশি। দ্বিতীয়ত, তত দিনে সে কবিতা-গল্প ইত্যাদি লেখা শুরু করেছে। কলকাতায় থাকলে সেসব ছাপাতে পারবে, কেননা সেখানে অনেক পত্রপত্রিকা বেরোয়। ভুল ভাবেনি ছেলেটি। কলকাতাতেই সে রয়ে গেল, তার লেখা নানা জায়গায় ছাপা হতে লাগল। প্রথমে সে সৈনিক হিসেবেই লেখা পাঠিয়েছিল—হাবিলদার কাজী নজরুল ইসলাম। পরে অবশ্য মিলিটারির চাকরি ছেড়ে দিয়েছিল বলে ‘হাবিলদার’ লেখার দরকার পড়েনি।রাতারাতিই কিন্তু বিখ্যাত হয়ে গেল ওই ছেলে—কাজী নজরুল ইসলাম। কারণ একটি মাত্র কবিতা। কবিতার নাম ‘বিদ্রোহী’। কী যে সাড়া পড়ে গেল চারদিকে! ওই কবিতার কারণেই লোকে তাকে বলতে শুরু করল ‘বিদ্রোহী কবি’। তখন অবশ্য সে আর ঠিক আগের ছোট্ট ছেলেটি নেই। তখন সবাই একা ডাকে একনামে যাঁকে চেনে তাঁর নাম কাজী নজরুল ইসলাম।সেই যে লেখার শুরু হলো, আর বিরাম নেই। যত দিন না অসুখে পড়ে লেখাটেখা বন্ধ হয়ে গেল তত দিন কত কি না লিখেছেন। গল্প উপন্যাস কবিতা নাটক গান। এমনকি একটি সিনেমায় অভিনয়ও করেছেন। নিজে গান গাইতেন চমৎকার। সকলেই জানত, যেখানেই নজরুল সেখানেই গান। গানের সুরও তিনি নিজেই দিতেন। তাঁর ওই সব গানকেই তো আমরা ‘নজরুলগীতি’ বলে থাকি।এভাবেই বর্ধমানের এক গাঁয়ের ছেলেটি কেমন করে সারা বাঙালি জাতির আপন মানুষ হয়ে উঠেছিল, সে এক মহা অবাক করা কাহিনি।