ঐতিহ্য-গোল্লাছুট প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতা ২০১১ সালে পুরস্কার পাওয়া গল্পগুলো ছাপা হচ্ছে
গুপ্তচর
গ-বিভাগ তৃতীয়সন্ধ্যার পর থেকে ঝিঁঝি পোকার শব্দে এখন আর অস্বস্তি লাগে না। তবু আজ রেডিও শোনায় কিছুতেই মন দিতে পারছি না। ঘন জঙ্গলের মধ্যে শত বছরের পুরোনো মন্দিরের সিঁড়িতে বসে সবাই রেডিও শোনার চেষ্টা করছি। কিন্তু আমার মনে পড়ছে ঢাকার কথা, বাড়ির কথা। আমি রাজনীতি বুঝতাম না, বোঝার চেষ্টাও করতাম না। মিছিল-আন্দোলন আমার চিন্তাভাবনায় কোনো প্রভাব ফেলত না। কিন্তু পাশের বাড়ির চাচি প্রায়ই মায়ের কাছে এসে অভিযোগ করত, তার মেয়ে রুনি নাকি মিটিং-মিছিল করতে যায়। অবশ্য মেডিকেল কলেজপড়ুয়া রুনি আপুকে দেখে সে রকম মনে হতো না। একদিন কথায় কথায় সে নিজেই আমাকে বলল, দেশের অবস্থা কোন দিকে যাবে বলে তোর মনে হয়? আমি ওর প্রশ্ন শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। এসব তো বড়রা আলোচনা করে। দেশের অবস্থা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। কোনো উত্তর না খুঁজে পেয়ে বললাম, ‘কী জানি।’আমার উত্তর শুনে রুনি আপু অবাক হয়ে গেল। তারপর বলল, ‘ঠিকই বলেছিস। পাকিস্তানিদের বোধ হয় বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা দেওয়ার ইচ্ছা নেই। কিন্তু নির্বাচনের ফলাফল উপেক্ষা করে কত দিন থাকতে পারবে? তাদের আসল পরিকল্পনা আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না।...’ সেদিন থেকে রুনি আপু সব সময় আমাকে দেশের পরিস্থিতির খবর দিতে আসত। আমি সবকিছু বুঝতে শুরু করলাম। একসময় দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেল। নির্বিচারে মানুষ হত্যা আর কারফিউ চলতে থাকল। সবাই গ্রামের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমাদের গ্রামের বাড়ি যাওয়ার আগের দিন রুনি আপু এল।—দেশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন যুদ্ধের সময়। আমাদের যুদ্ধ করে স্বাধীন হতে হবে।—কী যে বলো না, সারা দিন এসব চিন্তা করতে করতে তোমার মাথায় যুদ্ধ ঢুকে গেছে।—সে কী! সারা দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে, তুই জানিস না? পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের যুদ্ধে নামতে হবে।আমি রুনি আপুকে সৈনিকদের পোশাক পরা অবস্থায় ভারী কামানের পেছনে বন্দুক হাতে দাঁড়ানো কল্পনা করেই হেসে উঠলাম। রুনি আপু রেগে গিয়ে বলল, ‘এমন অবস্থায় কেউ হাসতে পারে নাকি?’আমি মুখে গাম্ভীর্য এনে বললাম, ‘তুমি যুদ্ধে যাচ্ছ তাহলে?’—ঠিক যুদ্ধে যাচ্ছি না, আমরা যারা মেডিকেলে পড়ছি, তারা ঠিক করেছি, মুক্তিযোদ্ধাদের হাসপাতালে কাজ করব। মুক্তিযোদ্ধাদের সংখ্যা কমে আসতে থাকলে পাকিস্তানিদের সঙ্গে পেরে ওঠা কঠিন হবে।রুনি আপু একটু দম নিয়ে আবার বলতে শুরু করল, ‘আমাদের জায়গা ঠিক হয়ে গেছে। আমার এক বন্ধুর বাড়ি সেখানে। তবে আমাদের হাসপাতালটা হবে গ্রামের পাশের ঘন জঙ্গলের ভেতর একটা মন্দিরে। মিলিটারিরা নদীপথ এড়িয়ে যেতে চায়। আর আমাদের মন্দিরটার পাশেই বয়ে গেছে নদী। লুকিয়ে থাকার জন্য উপযুক্ত জায়গা। কিন্তু সমস্যা হলো, আমাদের লোকসংখ্যা কমে আসছে। বেশির ভাগই পরিবারের সবার সঙ্গে গ্রামের বাড়ি চলে গেছে। সব ভীতু!’আমি কিছু না ভেবেই বললাম, ‘আমিও যাব তোমাদের সঙ্গে।’ বলেই মনে হলো আমাকে নেওয়া হবে না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে রুনি আপু বলল, ‘সেটাই ভাবছিলাম। আমরা এখন মাত্র সাতজন। পাশের দুটো গ্রামে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। অনেক মুক্তিযোদ্ধাকে সেবা দিতে হবে। দেশ স্বাধীন হতে কত সময় লাগবে, তা কেউ জানে না। তা ছাড়া মিলিটারিরা এলে আমাদের দ্রুত সরে পড়তে হবে। তখন প্রচুর মালামাল সরিয়ে নিতে হবে। তাই তোকে নেওয়ার কথাই ভাবছিলাম। আজ রাত ১১টায় বেরিয়ে পড়ব। তুই তৈরি থাকিস।’আমি দ্বিধায় পড়ে গেলাম। সবার কাছ থেকে লুকিয়ে চলে যাওয়া কি ঠিক হবে? অবশ্য আমি তো সম্মুখসমরে যুদ্ধ করতে যাচ্ছি না। ক্ষতি তো আর হবে না। আর দেশ স্বাধীন হওয়ার পর তো চলেই আসব। মায়ের উদ্দেশে ছোট একটা চিঠি লিখে একটা ব্যাগে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে তৈরি হলাম। রেডিওর খবর কখন শেষ হলো, টেরই পেলাম না। রাতের খাবার তৈরি করতে যাব, এমন সময় তিনজন মুক্তিযোদ্ধা এসে ঢুকল। তাঁদের একজনের অবস্থা গুরুতর। কাঁধের এক পাশ দিয়ে প্রচুর রক্ত পড়ছে। বোঝাই যাচ্ছে গুলি লেগেছে। দ্রুত গুলি বের করা দরকার। লোকটার বয়স মাঝামাঝি। তবে মুখে দাড়ি আর মাথায় তখনো টুপি রয়েছে। চেহারা দেখে কেমন যেন রাজাকার মনে হয়। তবে চেহারায় কিছু যায়-আসে না। মানুষের পরিচয় তার মনে। লোকটিকে একটা বেডে শুইয়ে দিয়ে সবাই কাজে লেগে গেল। মন্দিরের বাইরে দুটো পায়রা ঘোরাঘুরি করছে। এই জঙ্গলে আগে পায়রা দেখিনি।জঙ্গলের গাছ কেটে তক্তা বানিয়ে অনেকগুলো বেড তৈরি করা হয়েছে। মাঝেমধ্যে এত জন আহত হয়ে আসে যে জায়গা করে দেওয়াই সমস্যা হয়ে দাঁড়ায়। তবে ওষুধপত্রের খুব বেশি সমস্যা হয়নি। প্রায়ই মুক্তিযোদ্ধারা বিভিন্ন হাসপাতাল থেকে নয়তো মিলিটারিদের ওষুধ, ব্যান্ডেজ লুট করে এখানে দিয়ে যায়। এখানে বিদ্যুৎ নেই। অনেকগুলো টর্চ একসঙ্গে বেঁধে সিলিংয়ে ঝুলিয়ে তার নিচে একটা বেড রেখে অপারেশন থিয়েটার করা হয়েছে। ব্যাটারির মজুত কম বলে খুব হিসাব করে ব্যবহার করা হয়। রাতে আলো জ্বালানো হয় না।রান্নার কাজ শেষ হতেই দেখলাম, মুক্তিযোদ্ধা লোকটিকে অস্ত্রোপচার শেষে অন্য একটা ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। রক্ত পড়া বন্ধ হয়েছে। কাঁধের পুরোটাই এখন ব্যান্ডেজ করা। লোকটির পাঞ্জাবি রক্তে মাখামাখি হয়ে গেছে। সেটা ধুতে নিতে গিয়েই পকেট থেকে পড়ল একটা ছোট নোটবুক। বেশির ভাগ পাতায় রয়েছে যুদ্ধের পরিকল্পনা। বেশির ভাগ পাতায় বিভিন্ন ম্যাপ আঁকা, নানা জায়গায় তির চিহ্ন দিয়ে পরিকল্পনার ছক কাটা। যুদ্ধের পরিকল্পনা। আরও কিছু পাওয়ার আশায় পাঞ্জাবির পকেটে হাত দিয়ে যেটা পেলাম, সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। একটা পাকিস্তানের পতাকা! লোকটা তাহলে রাজাকার! পাঞ্জাবি আর মুখে দাড়ি দেখেই বোঝা উচিত ছিল। নিশ্চয়ই এসব এলাকা তিনি ভালোমতো চেনেন বলেই মিলিটারিরা তাঁকে দিয়ে যুদ্ধের পরিকল্পনা করায়। রাগে আমার হাত-পা কাঁপতে থাকল। হয়তো কোথাও গুলি খেয়ে পড়ে ছিল। মুক্তিযোদ্ধারা কিছু না বুঝেই দিয়ে গেছে এখানে। সোজা চলে গেলাম লোকটার ঘরে। লোকটা ততক্ষণে উঠে বসে সবার সঙ্গে কথা বলছে।—আপনি রাজাকার?আমার আচমকা প্রশ্নে সবাই একটু অবাক হলো। তারপর একসঙ্গে হাসাহাসি শুরু করল। আমার আরও রাগ লাগল, ‘তোমরা কেউ বিশ্বাস করছ না, তাই না? দেখো, তাঁর পকেটে পেয়েছি পাকিস্তানের পতাকা!’রুনি আপু একটা ধমক দিল, ‘তুই বেশি বুঝিস।’ লোকটা বলতে শুরু করলেন, ‘আসলে ও ঠিকই বুঝেছে। আমি পাকিস্তানিদের ক্যাম্পে থাকি। ওরা আমাকে বিশ্বাস করতে শুরু করলে মুক্তিবাহিনীর সুবিধামতো ওদের একটা পরিকল্পনা করে দিই। আর ওরা দলসুদ্ধ মুক্তিবাহিনীর কাছে ধরা খায়।’ আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। সেদিনের মতো তাঁকে বিশ্রাম দিয়ে তাঁর ঘর থেকে বেরিয়ে গেলাম সবাই। পরদিন তিনি চলে যাওয়ার আগে আমি তাঁর সঙ্গে দেখা করতে গেলাম।—আপনার ঘাড়ে গুলিটা লাগল কীভাবে?—গতকাল একটা অপারেশনে মুক্তিবাহিনীর সেনা কম ছিল। আমি লুকিয়ে ওদের সঙ্গে যোগ দিতে গেলাম। হঠাৎ একটা গুলি লেগেছে। আমাদের আর কেউ আহত হয়নি। সব কটাকেই মারতে পেরেছি। লোকটা হাসলেন।—আপনি মুক্তিবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন কীভাবে?লোকটি হেসে বললেন, ‘আমার পোষা পায়রা দুটো। যুদ্ধের সময় কাজে লাগবে ভাবিনি। পায়ে চিঠি বেঁধে নিয়ে যেতে যেতে পায়রাগুলো অভ্যস্ত হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো পাকিস্তানি কমান্ডার আমার পায়রা পোষাকে অস্বাভাবিক মনে করেনি। এরা আমাদের খুব নির্বোধ মনে করে।’পাশেই পায়রা দুটো শান্ত হয়ে বসে আছে।—আপনি পাকিস্তানের পতাকা সঙ্গে রাখেন কেন? এমনিই তো রাজাকার মনে হয়।—এটা আস্থা অর্জনের জন্য। পকেটে পাকিস্তানের পতাকা থাকলে কী হবে, আমার মনে তো স্বাধীন বাংলাদেশের পতাকা।চারদিক ফরসা হয়ে গেছে। সূর্য উঠতে শুরু করেছে। লোকটা পায়রা দুটোকে নিয়ে এগিয়ে চলল। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ।