গোঁফও কাজে লাগে
বিড়াল তার দেহের তুলনায় ছোট গর্ত দিয়ে যখন বের হয়, তখন বিড়ালের গোঁফ কাজে লাগে। যখন অন্ধকার ঘরে বিড়াল ঘোরাফেরা করে, তখনো গোঁফ তার কাজে লাগে। আবার যখন ঝোপের মধ্যে লাফালাফি করে অথবা ইঁদুর ধরে, তখনো গোঁফ তার কাজে লাগে।বিড়ালের জন্য গোঁফ খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত বিড়ালের ওপরের ঠোঁটে, দুই গালে, চোখের ওপরে, থুতনির নিচে আর সামনের পায়ের হাঁটুর কাছে কিছু ঘন চুল জন্মায়। বিড়ালের প্রতিটি গোঁফ তার চামড়ার আড়ালে স্নায়ুতন্ত্রের সঙ্গে সম্পৃক্ত থাকে। যখন গোঁফ স্পর্শ করা হয়, তখন তার অনুরণন স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। বিড়ালের প্রতিটি গোঁফ বিশেষ উপায়ে সাহায্য করে।ঠোঁট ও গালের দুই পাশে যে গোঁফ আছে, সেগুলো বিড়ালকে স্পর্শানুভূতি বুঝতে সাহায্য করে। বিড়াল এসব গোঁফ বিভিন্ন প্রবেশপথের আকৃতি বুঝতেও কাজে লাগায়। যদি প্রবেশপথ গোঁফ ঢোকানোর জন্য প্রশস্ত হয়, তবে বিড়াল নিশ্চিন্ত মনে প্রবেশ করে। মোটা বিড়ালের গোঁফ সাধারণত ছড়ানো হয়।বিড়ালের গোঁফ তাকে রাতে অন্ধকার পথে চলতে সহায়তা করে। যদিও বিড়াল সম্পূর্ণ অন্ধকারে দেখতে পায় না, তবুও সে ঝাপসা আলোতে মানুষের চেয়ে ছয় গুণ বেশি দেখতে পায়। যা হোক অন্ধকারেও বিড়াল গোঁফের সাহায্য নেয়। কীটপতঙ্গের শুঁড়ের মতো এর গোঁফ বাতাসের সামান্য স্পন্দনও অনুভব করতে পারে। ফলে গোঁফ কোনো বস্তু স্পর্শ না করেও সেই বস্তুর অবস্থান সম্পর্কে জেনে যায়, বিশেষ করে, দেয়াল, সোফা অথবা বিছানার মতো জিনিসের অস্তিত্ব বিড়াল বাতাসের স্পন্দন থেকেই টের পায়। বুনোবিড়াল যে কারণে অন্ধকার রাতে নির্বিঘ্নে পথ চলে এবং শিকার করে।বাড়ির পোষা বিড়াল এঁটো-কাঁটা খায়, তবে কেউ কেউ সুপারমার্কেট থেকেও বিড়ালের খাবার কিনে আনে। কিন্তু প্রকৃতিতে বিড়াল নিজের খাবার নিজেই জোগাড় করে। বিড়ালের গোঁফ কী কাজে লাগে? এই গোঁফ কাজে লাগে ইঁদুর ধরার সময় আর শিকার ধরে দ্রুত মারার কাজে। যদি ইঁদুর পালাতে চায়, তাহলে বিড়ালের গোঁফ দ্রুত সংকেত পাঠায় মস্তিষ্কে।সুচালো গোঁফের ঠিক ওপরেই বিড়ালের অনুসন্ধানী চোখ জ্বলজ্বল করে জ্বলে রাতের বেলা। কাজেই বিড়ালের গোঁফ কাজে লাগছে সব সময়ই—কি পথ চলায়, কি শিকার ধরায় কিংবা আত্মরক্ষায়।