গোল্লাভাইয়ার কাছে জানতে চাই
কচু খেলে গলা চুলকায় কেন? অনেকে বলেন, যারা ঝগড়া করে, শুধু তাদেরই নাকি গলা চুলকায়! এই কথাটা কি সত্যি?
প্রশ্নটি করেছে সালিহা কবির। সে পড়ে মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে।
গোল্লাভাইয়ার উত্তর
সালিহা, তুমি কচু খেতে পছন্দ করো কি না, সেটা কিন্তু জানালে না! যাই হোক, তোমার প্রশ্নের উত্তরটা বলছি শোনো।
কিছু কিছু কচুতে র্যাফাইড নামে একধরনের অক্সালেট থাকে। এই র্যাফাইড গলায় লাগলে মনে হয় গলা চুলকাচ্ছে, খুবই অস্বস্তি বোধ হয়। তাই বলে কচু খাওয়া ছেড়ে দিয়ো না। কচু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রান্নার সময় একটুখানি লেবুর রস মিশিয়ে দিলে র্যাফাইড কাজ করে না, খাওয়ার সময়ও তাই গলা চুলকায় না। আম্মুকে এই বুদ্ধিটা শিখিয়ে দিয়ো।
এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর বলি। ঝগড়ার ব্যাপারটা বোধ হয় আমরা কম-বেশি সবাই-ই শুনেছি। আমি যতদূর জানি, বিজ্ঞানীরা এ ব্যাপারে এখনো কিছুই বলেননি। তুমি চাইলে প্রথম বিজ্ঞানী হিসেবে ব্যাপারটা পরীক্ষা করে দেখতে পারো! তোমার একজন কম ঝগড়াটে বন্ধু আর একজন বেশি ঝগড়াটে বন্ধুকে বাসায় দাওয়াত করে কচুর তরকারি খাওয়াও। দেখা যাক, কার গলা চুলকায়!