গ্রেট দীপকদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটি জানাজানি হলো না, যেন বোমা ফাটল।দীপকদার নাক নেই!দিব্যি দিনভর মানুষটা চলছে। ফিরছে। কলেজে যাচ্ছে। পাড়ায় আড্ডা দিচ্ছে। খানিক আগেই উল্কার বেগে ছুটে গেল ওদিকে। এখন কিনা সবাই বলে বেড়াচ্ছে, দীপকদার নাক নেই! নাক না থাকলে কী হবে, কিম্ভূতকিমাকার দেখাবে! দুই গালের মাঝখানে গর্ত থাকবে। গর্তের ভেতর দিয়ে দুই পাটি দাঁত দেখা যাবে। দাঁতের ওপর মাড়ি। মাড়ির ওপর লালচে মাংস। গা রি রি করা ব্যাপার। এর আগে অন্তত বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে। এরও আগে একটা দুর্ঘটনা ঘটাতে হবে কিংবা বড় কোনো অসুখ বাধাতে হবে। এরপর না নাক হারানোর বিপত্তি। কিন্তু এর কিছুই ঘটেনি। অথচ দীপকদার নাক নেই! বাড়ির ওপর বাড়ি। ছাদের সঙ্গে ছাদ। গিজগিজে মানুষ। সুতরাং কথাটি রাষ্ট্র হতে সময় লাগেনি। পাড়াময় এক কথা—দীপকদার নাম নেই!এ ওর দিকে তাকায়।এ ওর কাছে প্রশ্ন করে, দীপকদার নাক তাহলে গেল কোথায়?অনেক পাত্তা লাগিয়ে শেষে জানা গেল, নাক আছে কিন্তু নাকে হাড় নেই। হাড় ছাড়া নাক! মাংস তাহলে বসে আছে কিসের ওপর? খাড়া সুচাল নাক দীপকদার। তবে দাঁড়িয়ে আছে কেমন করে? ওর নাক তো চ্যাং, মুং, সাংদের মতো, অর্থাত্ চীনাদের মতো বোঁচা হওয়ার কথা! কিন্তু তেমনটিও তো চোখে পড়েনি কারও। শেষে জানা গেল, ফাইটারদের নাকে হাড় থাকে না। দীপকদার নাক ফাইটারদের নাক! তাই তার নাকে হাড় নেই।দীপকদা আবার ফাইটার হলো কবে?হ্যাঁ, রহস্য তো এখানেই। দীপকদা ফাইটার! বড় মাপের ফাইটার। জাঁদরেল ফাইটারদের তালিকায় নাম আছে ওর; কিন্তু ওর নাকে হাড় নেই। নাক বলতে দাঁড়িয়ে আছে শুধু মাংসের দলা। সে দলাও আবার যেমন খুশি তেমন দলাই-মলাই করা যায়। মাংস চেপে গালের সঙ্গে মিশিয়ে দেওয়া যায়। ডানে নেওয়া যায়, বাঁয়ে নেওয়া যায়। এক কথায় নাক দিয়ে যেমন খুশি খেলা যায়। কিন্তু দীপকদা ব্যথা পায় না!!দীপকদার নাক নেই!তারপর নাক আছে তো নাকে হাড় নেই!শেষ খবর, ফাইটারদের নাকে হাড় থাকে না। হাড় নেই বলে নাক নিয়ে যেমন খুশি দলাই-মলাই করা যায়! এত সব খবর রটেছে তখনই, যখন বোমাটি ফাটল। বোমা ফাটল তখনই, যখন দীপকদা ডাকাবুকো ছেলে দুটোর ওপর ঝাঁপিয়ে পড়ল। তার আগে উড়েফুঁড়ে শূন্যে গা ভাসিয়ে দৃষ্টিনন্দন এক জাম্প দিল। তাতেই রটে গেল—এ যে সাক্ষাত্ স্পাইডারম্যান!তখন থেকে থলে ফুঁড়ে একে একে বেরোতে থাকল দীপকদা জুডো জানে। শুধু জুডো না, কারাতেও জানে। এরপর জানা গেল, বক্সিংও জানে। শেষে আরও আরও গল্প। সবই দীপকদাকে নিয়ে। বক্সিং শেখার সময়ই দীপকদার নাক গেছে। নাক মানে নাকের হাড় গেছে। দীপকদা যেন সত্যি সত্যি স্পাইডারম্যান বনে গেল। পুরো ঢাকা শহর যেন ওর নামে কাঁপছে। এ সময়ের হিরো দীপকদা। তাকে নিয়ে গল্পের শেষ নেই। কেমন করে নাক গেল! কেমন করে হাড় গেল! তার আগে ওর ওস্তাদ কী বলেছে, কী করেছে—সব বৃত্তান্ত দিনভর আলাপের বিষয় পাড়াময়; এবং ভয়ানক সব গপ্পো দীপকদাকে নিয়ে, যেন চোখের সামনেই মানুষটি আর মানুষ থাকছে না। অশরীরী কোনো শক্তিতে রূপ নিচ্ছে।এমনই সব কাণ্ড ঘটেছে ওই বোমাটি ফাটার পর থেকেই। যেনতেন বোমা নয়, হাজার-টনি বোমা। সে বোমার স্প্লিন্টার কয়েক মাইলজুড়ে যেন ছড়িয়ে পড়েছে। তার ধোঁয়ায় ধোঁয়াময় চারদিক।ঘটনা খুব সাদামাটা। পাড়ার দুই উঠতি মাস্তানকে আচ্ছামতো ধোলাই দিয়েছে দীপকদা। ধোলাই দেওয়ার জন্য যত না, যে ভঙ্গিমায় ধোলাই দিয়েছে, সে জন্য ফেটেছে আরও বেশি। রাতারাতি। শশীমোহন স্ট্রিট চলে গেছে সোজা। শশীকে চিরে চণ্ডীমোহন স্ট্রিট চলে গেছে বাঁয়ে। চৌরাস্তার মাথায় ঘটে ব্যাপারটি।মন্টুর সেলুনের সামনে দাঁড়িয়ে দীপকদা। হঠাত্ সে দেখে, নাজ লন্ড্রির সামনে জটলা। ট্যারা লিটন আর গালকাটা লাবু বেদম পেটাচ্ছে এক রিকশাওয়ালাকে। সাতঘাট মাড়িয়ে, দুই ঘণ্টা খাটিয়ে, তিন ঘণ্টা নানা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তবে এসেছে ওরা। কিন্তু ভাড়া দিচ্ছে মাত্র ১০ টাকা। রিকশাওয়ালার চক্ষু চড়কগাছ।—কী দিলেন?ওরা ড্যাম কেয়ার। পকেটে হাত ঢুকিয়ে, শিস দিতে দিতে হাঁটা দেয়। রিকশাওয়ালা পেছন পেছন যেতে থাকে। দুই-একবার রিকশাওয়ালাকে ধাক্কা দেয় ওরা। তবু সে মরিয়া, পিছু ছাড়ে না। শেষে আরও পাঁচ টাকা দিলে রিকশাওয়ালা ছুড়ে মারে। টাকা উড়ে উড়ে মাটিতে পড়ে। ওরা টাকা মাড়িয়েই চলে যায়। এবার সে ওদের পথ আগলে দাঁড়ায়। ওরা অবাক হয়। রিকশাওয়ালার কাণ্ড দেখে। রিকশাওয়ালাকে পাশ কাটিয়ে সামনে এগোনোর চেষ্টা করে। রিকশাওয়ালা এবার লাবুর হাত টেনে ধরে। এরপর আর কথা নেই। চোখে আগুন জ্বলে ওঠে তাদের। দিগ্বিদিক-জ্ঞান হারিয়ে হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে দুজন রিকশাওয়ালার ওপর। একসময় ড্রেনের পানিতে মাথা চোবাতে থাকে তার। নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে। কপাল ফেটে রক্ত ঝরছে দরদর করে। একসময় জ্ঞান হারিয়ে ফেলল রিকশাওয়ালা। ওর শরীরে কষে লাথি মেরে হাঁটা দেয় দুজন। কেউ ছাড়াতে আসেনি। বাঁচাতে আসেনি রিকশাওয়ালাকে। সবাই কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এ দৃশ্য। যে মারকুটে চেহারা দুজনের!এমনিতেই কাছে ঘেঁষতে ভয় পায় লোকজন। সুতরাং ওদের পথ আগলে দাঁড়ানো! শরীরে খাঁচা থাকবে, আত্মা থাকবে না।ট্যারা লিটন আর গালকাটা লাবু দূরে সরে গেলে লোকজন ধরাধরি করে রিকশাওয়ালাকে পাশের একটা ফার্মেসিতে নিয়ে শুইয়ে দিল। কেউ একজন চেইন দিয়ে বেঁধে রাখল রিকশা। দূর থেকে এতক্ষণ পুরো ঘটনাই দেখছিল দীপকদা। হঠাত্ কী মনে করে দৌড়াতে লাগল। দৌড়ের গতি আর ভঙ্গি দেখে মনে হলো, দীপকদা নয়, কপিল দেব দৌড়াচ্ছে। খানিক পর মনে হলো, কোনো মানুষ নয়, চিতা দৌড়াচ্ছে। একসময় দৌড় আরও ক্ষিপ্রতর হলো, যেন বিমান আকাশে ওড়ার আগমুহূর্ত। মাস্তান দুটো তখন ১০-১২ হাত দূরে। ধারেকাছে আর কোনো মানুষ নেই। তারপর হঠাত্ পাশাপাশি হাঁটতে থাকা দুটো ছেলের কাঁধে ভর দিয়ে জোড়া লাথি তুলে শূন্যে ভেসে গেল তীরের মতো। দুই পা দুজনের কাঁধে গিয়ে বিদ্ধ হলো। আচমকা ধাক্কায় আরও ১০ হাত দূরে ছিটকে পড়ল ওরা। সঙ্গে সঙ্গে জুডো-কারাতে, কুংফু, বক্সিং, কুস্তি—ফ্রিস্টাইল! এরপর আর দীপকদাকে কিছুই করতে হয়নি। লোকজন মিলে একইভাবে ওদের ড্রেনে চোবাতে থাকে। দীপকদা হাত ঝেড়ে ময়লা সাফ করার মতো পুরো ব্যাপারটি যেন ঝেড়ে ফেলল মুহূর্তে। তারপর মাথা নিচু করে ধীর পায়ে বাড়িমুখো চলে গেল। লোকজন রাস্তার দুই পাশে সরে গিয়ে জায়গা করে দিচ্ছিল দীপকদাকে। যেন দীপকদা নয়, কোনো আগন্তুক এসেছে সাহায্য করার জন্য।এর পর মুখে মুখে আলোচনা দীপকদাকে নিয়ে। বাস্তব-অবাস্তব, সত্যি-কল্পনা মিলিয়ে মানুষ একের পর এক গল্প ফাঁদতে থাকে। দীপকদা কেবল শুনছিল আর মিটিমিটি হাসছিল। মুহূর্তে যেন বীর পালোয়ান বনে গেল সে। দিলুর সঙ্গে দীপকদার দারুণ ভাব। রাস্তার এপার-ওপার দুজনের বাসা। কানে কানে যখন যা রটছে, দীপকদাকে জানিয়ে আসছে দিলু। নাক নেই, হাড় নেই—এমন খবর রটছে আর বিস্ময়ে লোকজনের চোখ ছানাবড়া হয়ে যাচ্ছে। একে একে মানুষ এসে খোঁজ নিতে থাকে, দীপকদা এত কিছু কবে থেকে শিখল, কোথায় শিখল, কে শেখাল—রাজ্যের সব তথ্য। দিলু রাতে আরও একবার ঘূর্ণি দিয়ে এল দীপকদার বাসায়। দীপকদার আশপাশে থাকলে নিজেকেও যেন বীর মনে হয়। কিন্তু দীপকদা যে তলে তলে কবে এত কিছু শিখল, সে এক বিস্ময় ওর কাছে। কারণ রোজ দুপুরে ওরা দাদুর দোকান পাহারা দেয়। দাদু যখন স্নান, দুপুরের খাবার সেরে খানিক বিশ্রাম নেয়, তখন ওরা দুজন বসে দোকান পাহারা দেয় আর গপসপ করে।পরদিন দুপুরে লাবু কথা বলবে কি, বারবার বিস্ময়ের চোখে দেখছিল দীপকদাকে। দীপকদা ওর কাণ্ড দেখে হেসে কুটিকুটি। লাবু দীপকদার নাকটা নেড়েচেড়ে দেখে। হাতের মুষ্টি টিপে দেখে। গালে হাত বোলায়। যেন জীবন্ত কোনো বিস্ময় ওর সামনে। ওর কাণ্ড দেখে দীপকদা বলে, চল, তোকে দেখিয়ে আনি।দীপকদার পিছু পিছু ওদের বাড়ির পেছনে যায় লাবু। গাছে ঝুলছে এক বালুর বস্তা। তাতে কয়েক ঘা বসিয়ে দীপকদা বলে, ‘হাত শক্ত করার জন্য এ বস্তায় ঘুষি মেরে প্র্যাকটিস করি।’ এরপর আরও কত সব ইনস্ট্রুমেন্ট! পেছনের ঘরটা দীপকদার প্র্যাকটিসের জন্য। কবে কবে ও এত সব আয়োজন করেছে, ভেবে পাই না।দীপকদা বলে, খালি হাতে আত্মরক্ষার কৌশল জানতে হলে এসব শিখতে হবে। পাড়ায় এর আগে আরও কিছু মাস্তান ছিল, কথায় কথায় ওরা কলতাবাজার থেকে ভাড়াটে গুন্ডা নিয়ে আসত। তারপর এর-ওর ওপর হম্বিতম্বি করত। প্রয়োজনে ওদের শায়েস্তা করতেই এসব শিখেছি।দীপকদার নাকটা লাবু ফের টিপেটুপে দেখে। সত্যি নাকে কোনো হাড় নেই। তখন জেনেছিল গল্পটা। বক্সিং শিখলে প্রথমেই পঞ্চাশ-মণি ঘুষিতে নাকের হাড় ভেঙে দেয় ওস্তাদ। দীপকদারও তা-ই হয়েছিল। সে কদিন দীপকদা বাসায় ফেরেনি। পিসির বাসায় ছিল, পিসতুতো ভাই বাবুও সেদিন নাকের হাড় ছাতু করে ঘরে ফিরেছে। এর আগে কতক্ষণ যে অজ্ঞান ছিল, মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখে, রক্তে কাপড় ভিজে গেছে। এসব গল্প যখন গোগ্রাসে গিলছিল লাবু, তখনই কমরেড ক্লাবের সভাপতি আর সাধারণ সম্পাদক এল। ওরা দীপকদার পিঠ চাপড়ে বলল, তোমার এ সাহস যদি আর দশজন ছেলের থাকে, তাহলে পাড়া থেকে মাস্তানি চিরতরে উঠে যাবে!দীপকদা কিছু বলে না, কেবল মিটিমিটি হাসে।শেষে তারা বলল, তোমাকে আমাদের ক্লাবের ইন্সট্রাক্টর করে নিচ্ছি। তুমি ছেলেপুলেদের খালি হাতে আত্মরক্ষার কৌশল শেখাবে! তারপর লাবুর দিকে তাকিয়ে সভাপতি বেলালদা বলল, কিরে লাবু, শিখবি না? লাবু দুই চোখ নাচিয়ে খুশিতে গদগদ হয়ে বলল, পারলে এখনই।ওর কথা শুনে দীপকদা আলতো করে ওর মাথায় টোকা দেয়। ‘উফ্’ করে বসে পড়ে ও। ওর কাণ্ড দেখে হাসির রোল পড়ে যায়। প্রথমে নাম লিখিয়েছিল অনেকেই। কিন্তু নাক হারানোর ভয়ে শেষে সটকে পড়ে অধিকাংশই। টেকে মাত্র ১৭ জন।এক বিকেল। কমরেড ক্লাবের মাঠে ১৭ জন দাঁড়িয়ে। বেলালদা গলা চড়িয়ে বলল, কমরেড, আরামে দাঁড়াও।সবাই দুই পা ফাঁক করে হাত পেছনে নিয়ে দাঁড়ায়।ফের গলা ওঠে, কমরেড, সোজা হও। সবাই সোজা হয়ে দাঁড়ায়। ফের আরামে দাঁড়াও। সবাই আরামে দাঁড়ায়। শেষে বেলালদা কেন কারাতে, বক্সিং শেখা প্রয়োজন, এর গুরুত্ব সম্পর্কে দুই-চার কথা বলে সবাইকে আবার সোজা হয়ে দাঁড়াতে বলল।এবার দীপকদার পালা। রাশভারী চেহারা। চোখেমুখে রক্ত জমে আছে যেন। সবার সামনে দিয়ে বার-কয়েক রাউন্ড দিয়ে যায়। একবার লাইনের এ-মাথা থেকে ও-মাথা, ফের ও-মাথা থেকে এ-মাথা ধীর পায়ে আসে-যায় আর সবার মুখের দিকে তাকায়।কেন অমন করছে, দীপকদা কী দেখছে। কী মাপছে! কারও মাথায় কাজ করছে না। শুধু লাবু বুঝতে পারে, যেকোনো সময় ঘুষি ঝাড়বে দীপকদা, পঞ্চাশ-মণি ঘুষি। একেকটা ঘুষি একেকজনের নাক ছাতু করে দেবে। তখন ওদের সবার নাক থাকবে কিন্তু নাকে হাড় থাকবে না। ছাতু হয়ে যাবে।তাই তো গোপনে গোপনে স্ট্রেচার-চিকিত্সক সব রেডি। যখন-তখন যে-কেউ লুটিয়ে পড়বে। কিন্তু কে আগে, কে জানে!